Bangladesh · 2026-11-27 12:12:17

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব
পরিচ্ছন্নতা ইসলামে শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ইমান ও ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। নামাজের আগে অজু, শরীর ও পোশাকের পবিত্রতা কিংবা ইবাদতের স্থান পরিচ্ছন্ন রাখার বিধান তারই প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)
আমরা এ হাদিসকে সাধারণত ব্যক্তিগত পরিচ্ছন্নতার আলোচনায় উদ্ধৃত করি, অথচ এর সামাজিক তাৎপর্যও গভীর। অন্য হাদিসে মানুষের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে সদকা ও ইমানের শাখা বলা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৯)
অর্থাৎ জনপথ পরিচ্ছন্ন রাখা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি সওয়াবের কাজও।
অথচ ঢাকা ও দেশের অন্যান্য শহরের সড়ক, ফুটপাত, খাল কিংবা নর্দমার দিকে তাকালে পরিচ্ছন্নতার চরম সংকট স্পষ্ট হয়ে ওঠে। যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট আর নির্মাণবর্জ্যের স্তূপ।
সামান্য বৃষ্টিতেই নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, আর অপরিশোধিত বর্জ্য নদী-খালে মিশে পরিবেশকে বিষাক্ত করে তোলে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনেও ঢাকার কঠিন বর্জ্য ও বর্জ্যপানি ব্যবস্থাপনাকে বড় নগর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত নগরায়ণ ও দুর্বল ব্যবস্থাপনায় এ সংকট আরও জটিল হচ্ছে।
পরিবর্তনের শুরুটা হোক নিজের থেকেই। প্লাস্টিকের বোতল নির্দিষ্ট স্থানে ফেলা, বাসার ময়লা সময়মতো সংগ্রাহকের হাতে দেওয়া কিংবা নর্দমায় পলিথিন না ফেলার মতো ছোট ছোট অভ্যাসই পরিচ্ছন্ন শহরের ভিত্তি গড়ে দেয়প্রশ্ন হলো, এই দুর্দশার জন্য দায়ী কে? নগর কর্তৃপক্ষের সীমাবদ্ধতা অবশ্যই আছে। পর্যাপ্ত ডাস্টবিনের অভাব, নিয়মিত বর্জ্য অপসারণের ঘাটতি ও দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কিন্তু সব দায় কি শুধু প্রশাসনের? আমাদের দৈনন্দিন আচরণের দিকে তাকালেই দেখা যায়, আমরা নিজের
ঘর ঝকঝকে রাখলেও জনপরিসরকে নিজের দায়িত্ব মনে করি না।
রাস্তায় ময়লা ফেলা, গাড়ির জানালা দিয়ে বোতল ছুড়ে দেওয়া কিংবা নর্দমায় পলিথিন ফেলা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ ইসলাম প্রতিটি মানুষকে দায়িত্বশীল হিসেবে দেখে।
উন্নয়নের বয়ান আর চিপসের প্যাকেটের গল্পে মোড়া শিশুর লাশমহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)
পবিত্র কোরআনেও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণের স্পষ্ট নির্দেশনা রয়েছে। আল্লাহ-তাআলা বলেছেন, ‘পৃথিবীতে সংস্কার সাধনের পর তাতে বিপর্যয় সৃষ্টি কোরো না।’ (সুরা আরাফ, আয়াত: ৫৬)
নদী, খাল ও নগরদূষণকে এই আয়াতের আলোকে দেখলে বিষয়টি শুধু পরিবেশগত নয়; বরং গভীর নৈতিক ও ধর্মীয় দায়িত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। মানুষ, প্রাণী ও বৃক্ষলতার জন্য বসবাসযোগ্য এই পৃথিবীকে দূষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ করে তোলা বিপর্যয় সৃষ্টিরই শামিল। পরকালের জবাবদিহির বোধ প্রতিটি বিশ্বাসী মানুষকে পরিবেশদূষণ থেকে বিরত রাখতে বাধ্য।
পরিচ্ছন্ন শহর গড়তে হলে রাষ্ট্র ও নাগরিক—উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য প্রক্রিয়াকরণ, উন্নত পয়োনিষ্কাশন ও কঠোর আইন প্রয়োগ যেমন জরুরি, তেমনি অপরিহার্য নাগরিক সচেতনতা।
বর্জ্য ব্যবস্থাপনা: বিপর্যয় নাকি জাতীয় শক্তি?এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান বড় ভূমিকা রাখতে পারে। মসজিদের খুতবা, স্কুল-মাদ্রাসার পাঠ এবং পারিবারিক শিক্ষায় জনপরিসর পরিচ্ছন্ন রাখার গুরুত্ব নিয়মিত তুলে ধরা হলে নতুন প্রজন্মের মধ্যে দায়িত্বশীল নাগরিক মানসিকতা গড়ে উঠবে।
পরিবর্তনের শুরুটা হোক নিজের থেকেই। প্লাস্টিকের বোতল নির্দিষ্ট স্থানে ফেলা, বাসার ময়লা সময়মতো সংগ্রাহকের হাতে দেওয়া কিংবা নর্দমায় পলিথিন না ফেলার মতো ছোট ছোট অভ্যাসই পরিচ্ছন্ন শহরের ভিত্তি গড়ে দেয়। মুসলিম-অধ্যুষিত দেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয়ের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় সামাজিক আচরণে। তাই প্রশ্ন শুধু ‘আমাদের শহরগুলো কেন অপরিচ্ছন্ন’ নয়; বরং প্রশ্ন হওয়া উচিত—‘এই শহরকে পরিচ্ছন্ন রাখতে আমি নিজে কী করছি?’
সাব্বির আহমাদ খান আযহারী শায়খুল হাদিস, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া, ঢাকা

Source - www.prothomalo.com ↗