জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল বাঁধাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে আপন ছোট ভাইয়ের কোদালের আঘাতে দেলোয়ার হোসেন (৬৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরন্জী ইউনিয়নের কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর রহমান ওই গ্রামের মৃত জামতুল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার হোসেন ছোট ভাই নবীনুরের জমির মাটি কেটে আইল বাঁধছিলেন। এ সময় নবীনুর সেখানে গিয়ে তাঁকে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীনুর কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ারের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাটে ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে নবীনুরকে আটক করেন এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির আইল বাঁধা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Source - www.bd24live.com ↗