Bangladesh · 2026-11-27 16:18:43

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
সাদা জালে ঘেরা ছোট্ট ঘরটিতে একসঙ্গে উড়ছে নানা রঙের প্রজাপতি। ভেতরে টবে লাগানো হয়েছে গাঁদা ফুলের গাছ। প্রজাপতির খাবারের জন্য রাখা হয়েছে কমলালেবু। এসবের আশপাশে রঙিন ডানায় উড়ে উড়ে মুগ্ধতা ছড়াচ্ছে মিঞ্জি, বিন্তি, চিতা, কেশবতীসহ আরও বাহারি নামের এসব প্রজাপতি।
প্রজাপতিগুলো দেখতে সেখানে সবচেয়ে বেশি ভিড় করেছে শিশু-কিশোরেরা। এ ছাড়া ঘরটি ঘিরে আছেন নানা বয়সী মানুষও। কেউ জালের ফাঁক দিয়ে প্রজাপতি ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। কেউ আবার মুগ্ধ হয়ে দেখছেন প্রাণীগুলোর রঙিন ডানার নকশা ও কারুকাজ।
আজ শুক্রবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে দেখা গেছে এ দৃশ্য। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ১৬তম প্রজাপতি মেলা। এবারের মেলার স্লোগান ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।
মেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে অর্থে হাসানকে সঙ্গে নিয়ে আসেন সাভারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শরিফুল হাসান। প্রজাপতি দেখে শিশুটির যেন আনন্দের শেষ নেই। সরল স্বীকারোক্তিতে সে বলে ওঠে, ‘অনেক প্রজাপতি দেখেছি। একটি হলুদ প্রজাপতি ধরতে গিয়েছিলাম, কিন্তু উড়ে গেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ১৬তম প্রজাপতি মেলাগালে প্রজাপতির ছবি এঁকে বান্ধবীদের সঙ্গে মেলায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামাঞ্জা মৌনি। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবছরের এই আয়োজন আরও সুন্দর হচ্ছে। গানবাজনা ও মেলার মতো পরিবেশ তৈরি হয়, যা দেখতে তাঁর খুব ভালো লাগে।
প্রজাপতির ডানার আদলে তৈরি পোশাক পরে এবারের মেলায় এসেছিল শিশুশ্রেণির শিক্ষার্থী ইলিয়ানা। সে নিজেকে দেখিয়ে বলে, ‘গালে প্রজাপতি এঁকেছি, জামায় প্রজাপতির ডানা আছে। খুবই ভালো লাগছে।’
প্রজাপতির ঘরের সামনে শিশুকে কোলে নিয়ে সেলফি তুলছেন এক অভিভাবকশুধু জীবন্ত প্রজাপতি দেখাই নয়, মেলায় রয়েছে প্রজাপতি ও প্রকৃতি সম্পর্কে জানার নানা আয়োজন। শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো এবং প্রজাপতি চেনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে আয়োজন করা হয়েছে প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। খোলা আকাশের নিচে গাছের সঙ্গে ঝোলানো এসব ছবি দেখছিলেন দর্শনার্থীরা। তাঁদের একজন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগিরা সাত্তার। তিনি প্রথম আলোকে বলেন, শিশুরা বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পারছে, বড়রাও তাদের সঙ্গে এসে প্রকৃতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রকৃতির সংযোগ তৈরি করাই এ মেলার মূল উদ্দেশ্য।
গালে প্রজাপতির ছবি আঁকছেন এক শিক্ষার্থীআয়োজকেরা জানান, উদ্ভিদের বংশবিস্তার ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রজাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রজাপতি সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০১০ সাল থেকে প্রতিবছর এ মেলার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
এবারের মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম। তিনি বলেন, এ মেলার মাধ্যমে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি তুলে ধরতে চান তাঁরা। যেকোনো উন্নয়ন করতে হবে, তবে তা হতে হবে পরিকল্পিতভাবে।
প্রজাপতি মেলায় শিশুদের জন্য ছিল নানা আয়োজনকমছে প্রজাপতির প্রজাতি
বর্ণিল প্রজাপতির এমন আয়োজনের মধ্যেই আছে উদ্বেগের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত দেড় দশকে কমেছে প্রজাপতির প্রজাতির সংখ্যা। ২০১০ সালে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রায় ১১০ প্রজাতির প্রজাপতির অস্তিত্ব পাওয়া যেত। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১০০। আর ২০২৩ সালে করা এক গবেষণা জরিপে পাওয়া গেছে প্রায় ৭০ প্রজাতির প্রজাপতি। পরিবেশদূষণ ও আবাসস্থল ধ্বংসের কারণে প্রজাপতির প্রজাতি কমছে বলে মনে করছেন গবেষকেরা।
এ বিষয়ে গবেষণায় প্রজাপতির আবাসস্থল, বিশেষ করে ঝোপঝাড় ও বড় গাছের গুরুত্ব উঠে এসেছে বলে জানিয়েছেন মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। তিনি বলেন, শিক্ষার্থী ও শিশুদের লক্ষ্য করে তাঁরা এ মেলার আয়োজন করেন। এর মাধ্যমে মানুষ যেন প্রজাপতির আবাসস্থল ও প্রয়োজনীয় গাছপালা সম্পর্কে জানতে পারে। দেশের বনাঞ্চল, বিশেষ করে সুন্দরবনের মতো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণেও মানুষের আগ্রহ তৈরি করতে চান।
নগরায়ণ ও উন্নয়নের সঙ্গে প্রকৃতির একধরনের বিরোধ রয়েছে উল্লেখ করে এই অধ্যাপক বলেন, উন্নয়ন চলবে, তবে প্রকৃতি ও বন্য প্রাণীর সঙ্গে সহাবস্থানের বিষয়টি মাথায় রাখতে হবে। পরিকল্পিত নগরায়ণ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ততার মাধ্যমে প্রকৃতি, পাখি ও প্রজাপতির জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।

Source - www.prothomalo.com ↗