আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে সংগঠনটির বিরুদ্ধে এখন থেকে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও এ আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সংগঠনটির বিরুদ্ধে ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে।
ভারত সরকার আগেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের অভিযোগ, সংগঠনটির কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। নিষেধাজ্ঞার আগের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।
জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত দিল ভারত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আইআরএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের নামও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অনুসারীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ ছড়াতে উৎসাহিত করার জন্য জাকির নায়েক বিশেষভাবে দায়ী।
সরকারের এসব অভিযোগের ভিত্তিতেই সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা এবং ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।
তবে নতুন সিদ্ধান্তে শুধু সাধারণ আইনগত ব্যবস্থা নয়, আর্থিক সম্পদ ও সম্পত্তির ওপর নিয়ন্ত্রণের ক্ষমতাও অন্তর্ভুক্ত হয়েছে। ইউএপিএর ৭ নম্বর ধারায় সংগঠনটির তহবিল ও আর্থিক সম্পদের ব্যবহার বা হস্তান্তর নিষিদ্ধ করার এবং ৮ নম্বর ধারায় সংগঠনটির কর্মকাণ্ডে ব্যবহৃত বাড়ি, ভবনসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিত করে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। ২৬ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব ক্ষমতা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছেও ন্যস্ত করা হয়েছে।
Source - www.bd24live.com ↗