পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে চালানো হচ্ছে সীমান্ত এলাকায় মাইকিং প্রচারণা।
বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি

একই সাথে, অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। সভার মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় লোকজনকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।
এবিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Source - www.bd24live.com ↗