Bangladesh · 2026-11-27 18:55:14

৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন

৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ৩০০ ফুট সড়কে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনটি ক্যাটাগরিতে প্রায় পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেন।
ভোর পাঁচটায় রাজধানীর পূর্বাচল এলাকায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) সামনের ফটক থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু–কিশোরদের সঙ্গে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। রাজধানীর পূর্বাচল এলাকায়, ২৭ নভেম্বরতিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথন শুরু হয় ভোর পাঁচটায়। এরপর সকাল সাড়ে পাঁচটায় শুরু হয় ১০ কিলোমিটারের দৌড়। সবশেষে সকাল সাড়ে সাতটায় শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী দৌড়বিদদের মেডেল দেওয়া হয়। পরে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পরে র‌্যাফল ড্রয়ের মধ্য দিয়ে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Source - www.prothomalo.com ↗