বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ্য ছিল তিনটি—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। বাংলাদেশের ৫৫ বছরেও এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি। আমাদের প্রত্যাশা—বাংলাদেশ মানুষের দেশ হয়ে উঠুক।’
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন। ‘বর্তমান বাংলাদেশ, আর্থসামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শিরোনামে এ আলোচনার আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।
অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক সমিতির সভাপতি এস এম এস সবুর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ প্রমুখ।
বাংলাদেশ ভালোভাবে চলছে না: সৈয়দ আনোয়ার হোসেন

সারওয়ার আলী বলেন, ‘সমাজের গভীরে স্পষ্টত দুটি পরস্পরবিরোধী শক্তি বিরাজমান। বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি বিরাজমান, তা থেকে আমরা মুক্তি চাই।’
এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ তিনটি শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করে স্বাধীন হয়েছে। এগুলো হলো বাঙালি জাতীয়তাবাদবিরোধী মৌলবাদী শক্তি, পাকিস্তানের ২২ পরিবার এবং পাকিস্তানের স্বৈরাচারী শাসক সামরিক শক্তি। আমেরিকা বা চীন নয়, রাশিয়া বা ভারত নয়; মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল বাংলাদেশের জনগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
The post বাংলাদেশ ভালোভাবে চলছে না: সৈয়দ আনোয়ার হোসেন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗