Bangladesh · 2026-11-27 20:16:24

উত্তপ্ত গোপালগঞ্জ, চলছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

উত্তপ্ত গোপালগঞ্জ, চলছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা।

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এসব কর্মসূচি পালিত হয়। এর মধ্যে কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনেই মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। আকস্মিক এসব কর্মসূচিতে বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একই সড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। টহল গাড়ির উপস্থিতিতেই মিছিলকারীদের স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি লেক পার্ক ঘুরে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আজরা বলেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছেন। কোটালীপাড়াতেও এর ধারাবাহিকতায় কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবারও মশাল মিছিল করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগ ইতোমধ্যে আট দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

একই সময়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকাতেও মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের জড়ো হয়ে বিক্ষোভ ও মিছিল করার খবর পাওয়া গেছে।

এদিকে, লকডাউন কর্মসূচির আগে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে মশাল মিছিল ও বিক্ষোভের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Source - www.bd24live.com ↗