ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল-সিসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দরপত্রে সর্বনিম্ন দরদাতা হওয়ায় এই প্রতিষ্ঠানটিকে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়। দরপত্রে তারা ছয় মাসের জন্য ৩০ কোটি ১৫ লাখ টাকা দর প্রস্তাব করে।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন।
এর আগে, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এত দিন টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়।
নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে যেতে সাইফ পাওয়ারটেককে নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। এই সময়ের পরও টার্মিনালের কার্যক্রম সচল রাখতে ছয় মাসের জন্য সীমিত দরপত্রে অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর।
৬ মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার সময় ছিল পরদিন পর্যন্ত। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। সিসিটিতে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো যায়।
The post ৬ মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗