Bangladesh · 2026-11-28 05:15:30

কখনো সফল হই, কখনো হই না

কখনো সফল হই, কখনো হই না
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওটিটিÑ তিন মাধ্যমেই নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে দর্শক-হৃদয়ে জায়গা করে নিয়েছেনÑ নন্দিত অভিনেতা মোশাররফ করিম। চরিত্রের বৈচিত্র্য, সংলাপ বলার নিজস্ব ধরন ও সাবলীল অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছেন এই অভিনেতা। জনপ্রিয়তার পাশাপাশি পেয়েছেন, দেশি-বিদেশি স্বীকৃতি ও দর্শকের অকৃত্রিম ভালোবাসা। তবে অভিনয়ের এই দীর্ঘ পথচলায় তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি দর্শকের গ্রহণযোগ্যতা। কাজ ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেছেনÑ রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন, রকিবুল ইসলাম আফ্রিদি

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

এই মুহূর্তে বরিশালে ‘যাত্রা বিরতি’ সিনেমার শুটিং করছি। মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি-কান্না দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সঙ্গে ঘটতে থাকা নানান ঘটন-অঘটন নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন বলে আশা করি। সিনেমাটি পরিচালনা করছেন, কাজী আসাদ। আপাতত টানা এই সিনেমার শুটিং চলবে, এর আগে ঈদের নাটকের কাজ করেছি। সকাল আহমেদ-এর পরিচালনায় দুটি নাটকের কাজ শেষ করে বরিশালে এসেছি। ঢাকায় ফিরে আবার নতুন কাজে অংশ নেব। মূলত শুটিং ঘিরেই সব ব্যস্ততা যাচ্ছে।

কীভাবে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল?

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আমার আগ্রহ ছিল। তখনো স্কুলে ভর্তি হইনি, সেই সময় থেকেই এক ধরনের মিমিক্রি করার প্রবণতা ছিল আমার মধ্যে। স্কুলজীবনেও নাটক, আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলাম। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি। ছোটবেলায় যাত্রাপালাতেও অভিনয় করেছি। সম্ভবত ১৯৮৪ সালে ঢাকায় প্রথম মঞ্চনাটক দেখি। নাটকটির নাম ছিল ‘ক্ষতবিক্ষত’, রচনা করেছিলেন মমতাজউদ্দীন আহমদ। বাবা টিকিট কেটে আমাকে নাটকটি দেখাতে নিয়ে গিয়েছিলেন। মঞ্চে ঘর-বাড়ি, সেখান থেকে অভিনয়শিল্পীদের বেরিয়ে এসে অভিনয় করা, পুরো বিষয়টি আমাকে ভীষণ মুগ্ধ করেছিল। তখনই মনে হয়েছিল, আমাকে থিয়েটার করতেই হবে। পরে ১৯৮৬ সাল থেকে ঢাকায় বিভিন্ন নাট্যদলের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা শুরু করি। বয়স কম থাকায় অনেকেই পড়াশোনায় মনোযোগ দিতে বলতেন। তারপরও বিচ্ছিন্নভাবে কিছু কিছু দলে কাজ করতাম।

এর মধ্যে মুক্তিযোদ্ধার নাট্যচক্র নামে একটি দলের সঙ্গে যুক্ত ছিলাম। পরে থিয়েটার আরামবাগের সঙ্গেও কিছুটা সম্পৃক্ত হই। তবে নিয়মিত মহড়ায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। পরবর্তী সময়ে তারিক আনাম খান নতুন একটি নাট্যদল গঠনের উদ্যোগ নেন। তার আহ্বানে সদস্য নির্বাচনের জন্য ইন্টারভিউে অংশ নিই। সেখানে প্রায় ১৪’শ থেকে ১৫’শ জন অংশ নিয়েছিল। তাদের মধ্য থেকে আমরা ৪০ জন টিকে যাই। এরপর প্রায় এক মাসের কর্মশালা শেষে যাচাই-বাছাই করে ২৫ জনকে দলে রাখা হয়। আমরা সবাই মিলে দলটির নাম দিই ‘নাট্যকেন্দ্র’। সেই থেকে এখনো এই দলের সঙ্গে যুক্ত আছি। টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য শুরুতে খুব একটা চেষ্টা করিনি। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় ‘অতিথি’ নাটকের মাধ্যমে টেলিভিশনে আমার অভিনয় শুরু হয়। এরপর মাঝে মধ্যে বিভিন্ন নাটকে অভিনয় করতাম। তখন থিয়েটারের পাশাপাশি এক বন্ধুর সঙ্গে একটি কোচিং সেন্টারও চালাতাম।

পরবর্তী সময়ে বিয়ের পর সংসারের দায়িত্ব বেড়ে গেলে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি। তখন আরও গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। আমার অভিনীত যে কাজটি প্রথম দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল, সেটি ছিল ‘ক্যারাম’। মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় এবং কচি খন্দকারের রচনায় নির্মিত এই নাটকটি আমার অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর লাবলু ভাইয়ের পরিচালনায় ‘ঘর কুটুম’, ‘শাকিন শাড়িশুড়ি’ ও ‘ভবের হাট’-এর মতো ধারাবাহিকে অভিনয় করি। পরে আসে ‘৪২০’। এভাবেই ধীরে ধীরে টেলিভিশন অঙ্গনে নিজের জায়গা তৈরি হয়েছে। সেই পথচলা এখনো অব্যাহত রয়েছে।

দর্শক আপনাকে অনেক সময় নির্দিষ্ট ধরনের চরিত্রে দেখতে অভ্যস্ত। একজন অভিনেতার জনপ্রিয়তাই কী কখনো তার অভিনয়ের বৈচিত্র্যের পথে বাধা হয়ে দাঁড়ায়?

দর্শক আসলে নির্দিষ্ট ধরনের চরিত্রে অভ্যস্ত হন না, বরং নির্মাতারাই তাদের অভ্যস্ত করে তোলেন। বিশেষ করে আমাদের উপমহাদেশে দীর্ঘদিন ধরেই এমনটা চলে আসছে। তরুণ মজুমদারের লেখা ‘সিনেমাপাড়া দিয়ে’ বইটি পড়েও এর প্রমাণ পেয়েছি। উত্তম কুমারের আগের সময়েও কাননবালা দেবীদের ক্ষেত্রে একই প্রবণতা ছিল। কোনো একটি গল্প বা চরিত্র জনপ্রিয় হলেÑ প্রযোজকরা সেই ধরনের কাজই বারবার করতে চান। তারা নতুন কিছুতে ঝুঁকি নিতে চান না। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। একটি বিশেষ ধরনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর একই ধরনের চরিত্রে বেশ কিছু কাজ করতে হয়েছে। তবে এর মধ্যেই নতুন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজেছি। যখনই ভিন্ন কিছু করার সুযোগ পেয়েছি, সেটিকে কাজে লাগানোর চেষ্টা করেছি। কখনো নতুন চরিত্র জনপ্রিয় হয়েছে, আবার সেই ধরনের কাজের প্রস্তাবও এসেছে। এভাবেই সুযোগের অপেক্ষায় থাকতে হয় এবং সুযোগ পেলে নিজেকে ভিন্নভাবে তুলে ধরতে হয়। আমার মনে হয়, এ পর্যন্ত বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ কাজে লাগাতে পেরেছি। একজন অভিনেতাকে এভাবেই দর্শকের প্রত্যাশা ও নিজের শিল্পীসত্তার মধ্যে ভারসাম্য রাখতে হয়।

আমাদের দেশে মৌলিক গল্পের অভাব বেশি, নাকি ভালো গল্পকে চলচ্চিত্রে রূপ দেওয়ার মতো দক্ষ চিত্রনাট্যকার ও নির্মাণ ব্যবস্থার অভাব?

আমাদের পুরো কর্মপ্রক্রিয়া নিয়ে আমার একধরনের গর্ব আছে। আমাদের চলচ্চিত্রশিল্পে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, চিত্রগ্রাহকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ কাজ করছেন। অথচ আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণের জন্য কোনো ইনস্টিটিউট নেই। তারপরও অনেক পরিচালক ও চিত্রগ্রাহক নিজেদের আগ্রহ ও প্রচেষ্টায় তৈরি হয়েছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমাদের এমন অনেক পরিচালক রয়েছেন, যাদের বিশ্বমানের বলতে চাই। আমাদের একটি বা একাধিক চলচ্চিত্রবিষয়ক ইনস্টিটিউট থাকা খুব জরুরি ছিল। কিন্তু তা না থাকলেও অনেকে শিল্পের প্রতি ব্যক্তিগত ভালোবাসা থেকে নিজেদের তৈরি করেছেন। অভিনয়শিল্পীদের ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে। বাংলাদেশে এখন পর্যন্ত যারা ভালো অভিনেতা-অভিনেত্রী তৈরি হয়েছেন, তাদের বেশির ভাগই মূলত থিয়েটার থেকে এসেছেন। আমি আশাবাদী, ভবিষ্যতে এ ধরনের ইনস্টিটিউট গড়ে উঠলে এবং একটি সুশৃঙ্খল প্রক্রিয়া তৈরি হলে আমাদের চলচ্চিত্রশিল্প থেকে আরও চমৎকার কাজ ও শিল্পী উঠে আসবে।

একসময় বাণিজ্যিক সিনেমা বলতে আইটেম গান, অ্যাকশন ও মারপিটনির্ভর গল্পের কথাই বেশি সামনে আসত। তবে সাম্প্রতিক বনলতা এক্সপ্রেসের মতো গল্পনির্ভর সিনেমাও দর্শকের আগ্রহ ও বাণিজ্যিক সাফল্য পেয়েছে। দর্শকের রুচির এই পরিবর্তনকে কীভাবে দেখছেন?

দর্শকের রুচির পরিবর্তন হয়েছে, বিষয়টি আমি এভাবে দেখব না। বরং দর্শক সব সময়ই ভালো গল্পের জন্য প্রস্তুত ছিলেন। বাংলাদেশে একসময় ‘সুজন সখী’, ‘মাটির মায়া’, ‘কি যে করি’র মতো অনেক গল্পনির্ভর সিনেমা নির্মিত হয়েছে, যেগুলো বাণিজ্যিকভাবেও সফল ছিল। পরবর্তী সময়ে আইটেম গাননির্ভর সিনেমার দিকে ঝোঁক তৈরি হয়েছে। আমার কাছে বিষয়টি একধরনের পরশ্রীকাতরতা। আমরা মনে করি, বলিউড বা অন্য কোনো ইন্ডাস্ট্রির মতো সিনেমা বানালে দর্শক বেশি গ্রহণ করবেন। কিন্তু অন্যের অনুকরণ করতে গিয়ে মৌলিকত্ব হারিয়ে যায়। যার মতো হতে চাই, তার শতভাগ হওয়া সম্ভব নয়। বরং অনুকরণের ফলে আমাদের নিজস্বতাই নষ্ট হয়। আসলে আমরা দর্শকের রুচি বুঝতে পারিনি, তাদের চাহিদা ও পছন্দকে ধরতে পারিনি। দর্শক সব সময়ই ভালো গল্পের সিনেমা দেখতে প্রস্তুত। তা না হলে ‘বনলতা এক্সপ্রেস’ কেন দর্শক দেখবেন?

সাম্প্রতিক অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। একজন অভিনেতার কাছে এ ধরনের স্বীকৃতি কতটা গুরুত্বপূর্ণ?

পুরস্কারের বাইরেও দর্শকের ভালোবাসা ও গ্রহণযোগ্যতাকে সবচেয়ে বড় স্বীকৃতি মনে করি। কারণ দর্শকের ভালোবাসার মধ্যে কোনো আবরণ নেই, এটি খুব নির্ভেজাল ও খাঁটি। আমার কাছে এটাই সর্বোচ্চ পুরস্কার। অন্যদিকে, কাজের জন্য যে পুরস্কার ও সম্মাননা পাই, তা অবশ্যই অনুপ্রাণিত করে। ভালো লাগে এবং মনে হয়, আগামী কাজগুলো আরও ভালো করতে হবে। এটি একই সঙ্গে নতুন কাজের প্রতি আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়।

আপনি আগেও বলেছেন যে, একই ধরনের চরিত্র বারবার করতে আপনার নিজেরও সবসময় ইচ্ছা করে না। কিন্তু নির্মাতারা যদি জনপ্রিয়তার কথা ভেবে আপনাকে সেই পরিচিত চরিত্রেই দেখতে চান, তখন নতুন কিছু করার সুযোগ কতটা থাকে?

সুযোগ অবশ্যই থাকে। প্রতিটি চরিত্রের মধ্যেই কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। এমনকি যমজ দুই ভাইয়ের মধ্যেও কিছু পার্থক্য থাকে। আমি সেই সূক্ষ্ম পার্থক্যগুলো খুঁজে বের করার চেষ্টা করি। কখনো সফল হই, কখনো হই না। একজন পেশাদার অভিনেতা হিসেবে আমাকে অনেক কাজ করতে হয়। বছরে এক-দুটি কাজ করে থেমে থাকার সুযোগ নেই। নিজের প্রয়োজন, বাজারের চাহিদা এবং প্রযোজক-পরিচালকদের সঙ্গে পেশাগত সম্পর্কসহ নানা কারণে কাজ করতে হয়। এসব কাজের মধ্যেই নতুন কিছু করার সুযোগ খুঁজতে হয়। কখনো পরিচিত চরিত্রের মধ্যেই ভিন্নভাবে অভিনয়ের চেষ্টা করি, আবার কখনো নতুন ধরনের চরিত্র পাই। সেই সুযোগগুলো কাজে লাগিয়েই আমি এগিয়েছি। এ কারণেই আমার অভিনয়জীবনে নানা ধরনের চরিত্র খুঁজে পাবেন।

দেশের সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেড়েছে, আবার ভালো গল্প ও মানসম্মত নির্মাণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হচ্ছে। আপনার অভিজ্ঞতায়, আমাদের চলচ্চিত্রশিল্পের সবচেয়ে বড় ঘাটতি এখন কোথায়?

আসলে চিত্রনাট্য, নির্মাণ, প্রযোজনা ও পরিকল্পনাÑ সব ক্ষেত্রেই সমন্বয়ের অভাব রয়েছে। একটি ভালো চিত্রনাট্য, দক্ষ পরিচালক এবং সংশ্লিষ্ট সবার রুচি ও ভাবনা যখন এক জায়গায় মেলে, তখনই একটি ভালো সিনেমা তৈরি হয়। ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য আমার কাছে খুব চমৎকার লেগেছে। এ ধরনের ভালো টিম তৈরি হচ্ছে, এটি আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য আশার বিষয়। তবে আমাদের সমস্যা হলো, অতীতেও অনেক কিছু এগিয়েছে, পরে আবার হারিয়ে গেছে। এখন যে অগ্রগতি হচ্ছে, তা যেন থেমে না যায়, সেটাই প্রত্যাশা।

ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির প্রবণতা চলচ্চিত্রের বাজারে বড় ভূমিকা রাখে। বছরের অন্য সময়েও সিনেমা হলে দর্শক ধরে রাখতে হলে প্রযোজক, পরিচালক ও প্রদর্শকদের কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন?

এটি বেশ কারিগরি বিষয়, এ বিষয়ে আমার সরাসরি অভিজ্ঞতা নেই। তবে আমার একটি সহজ বিশ্বাস আছে। শুধু ঈদকে কেন্দ্র করেই সিনেমা নির্মাণ বা মুক্তি দিতে হবে, বিষয়টি এমন নয়। একটি ভালো গল্প ও মানসম্মত সিনেমা হলে সেটি মুক্তির জন্য ঈদের অপেক্ষা করতে হয় না। দর্শক বছরের যেকোনো সময়ই তা দেখবেন। অভিনয়ের সময়ও আমি অনেক সময় বুঝতে পারি, কোন দৃশ্য ভালো হয়েছে এবং দর্শক সেটি পছন্দ করবেন। বাস্তবেও তেমনটা ঘটে। আমার মনে হয়, একজন নির্মাতাও যদি সিনেমা বানানোর পর নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হন এবং নির্মাণের পুরো প্রক্রিয়ায় আনন্দ পান, তাহলে সেই সিনেমা দর্শকের কাছেও পৌঁছাবে এবং সফল হবে।

অভিনয়ের বাইরে চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারকের দায়িত্বও পালন করেছেন। একজন অভিনেতা ও বিচারক হিসেবে কোনো কাজ মূল্যায়নের মধ্যে কী পার্থক্য খুঁজে পেয়েছেন?

১৯৮৬ সাল থেকে থিয়েটারসহ অভিনয়ের নানা মাধ্যমে কাজ করতে করতে দীর্ঘ অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো মানুষ মনে করেছেন, চলচ্চিত্রের কাজ মূল্যায়ন করার মতো বিচারবোধ আমার তৈরি হয়েছে। তাই যখন এ ধরনের দায়িত্বের জন্য ডাকা হয়েছে, তখন মনে হয়েছে, নিজের কাজের ক্ষেত্রেই তো মূল্যায়নের দায়িত্ব পালন করব। দায়িত্বটি পালন করতে গিয়ে আনন্দিত হয়েছি।

নতুন সিনেমার খবর আছে?

সামনে ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজে কাজ করব। এ ছাড়া আরও দু-একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। তবে সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে চাইছি না।

মহানগরের নতুন সিজনের কী খবর?

‘মহানগর’ নিয়ে সম্ভবত সিনেমা তৈরির পরিকল্পনা চলছে। তবে সেটি কবে নাগাদ হবে, তা এখনো নিশ্চিত নই।

The post কখনো সফল হই, কখনো হই না appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗