Bangladesh · 2026-11-28 09:00:00

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা

ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা
উপহার মানেই বাজার থেকে কোনো পণ্য কিনে দেওয়া নয়। উপহারটি হতে পারে ছবি দিয়ে তৈরি একটি কার্ড, নাম বা পছন্দের নকশা বসানো একটি মগ কিংবা দেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রে সাজানো কোনো স্মারক।
উপহারটি যেন বিশেষ হয়, আর যিনি পান, তাঁর কাছে যেন দীর্ঘদিন স্মৃতি হয়ে থাকে—এমন ভাবনা থেকেই ২০২০ সালে যাত্রা শুরু করেন ফারজানা ইসলাম মৌরি। মাত্র ৩ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাসার ডাইনিং বা খাবার টেবিলে বসে শুরু করেছিলেন নিজের হাতে উপহারের কার্ড তৈরির ব্যবসা।
সে ব্যবসার পরিধি মোটামুটি বড় হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের বাসায় শুরু করা ব্যবসাটি এখন চালান মালিবাগের কার্যালয় থেকে। তাঁর ক্রাফটিমেশন নামের প্রতিষ্ঠানটিতে তৈরি হয় রিকশা আর্টের নকশা করা বিভিন্ন পণ্য, মেটাল মিনিয়েচার, থ্রিডি নকশার মগসহ পাঁচ শতাধিক ধরনের পণ্য। এসব কারুপণ্যের দাম ৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মী ৯ জন। কাজের ধরন ও ফরমাশ বাড়লে নেন আরও ৫০–৬০ জন শিল্পী ও কারিগর।
শুরুতে ব্যক্তিগত উপহার তৈরির ছোট উদ্যোগটি এখন বিকাশ, ইউনিলিভারসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করে। এখন মাসে ১০ লাখ থেকে ২০ লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে। গড়ে ১৫ লাখ টাকার পণ্য বিক্রি হয় বলে জানান এই উদ্যোক্তা।
ফারজানা ইসলাম মৌরি জানান, সৃজনশীলতার পাশাপাশি নতুন পণ্য উদ্ভাবন এবং বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলার ফলেই তাঁর ব্যবসা বর্তমান পর্যায়ে এসেছে। তবে একবার বড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছিল। তা কাটিয়ে আবার উঠে দাঁড়িয়েছেন। বদৌলতে কদিন আগে এসএমই ফাউন্ডেশনের সেরা বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি নেন।
* ২০২৪ সালে জলাবদ্ধতায় নষ্ট হয় প্রায় ২০ লাখ টাকার পণ্য। সে ক্ষতি সামাল দিতে মায়ের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙান।* আগামী দিনে এক হাজার মানুষের কর্মসংস্থান করতে চান এই উদ্যোক্তা।শুরুটা যেভাবে
বিবিএ শেষ করে একটি ব্যাংকে চাকরি নিয়েছিলেন ফারজানা ইসলাম। মাস তিনেকের মধ্যে বুঝলেন, ব্যাংকের চাকরি তাঁর জন্য নয়। তিনি জানান, ছোটবেলা থেকেই ছবি আঁকা, হাতের কাজ ও কারুশিল্পের প্রতি আগ্রহ ছিল তাঁর। কাউকে উপহার দেওয়ার প্রয়োজন হলে সেটি না কিনে নিজে বানিয়েই তবে দিতেন। কোনো বন্ধুর বিয়েতে পরিবারের ছবি দিয়ে কার্ড বানিয়ে দেওয়া, নিজের হাতে সাজানো উপহার তৈরি—এসব কাজেই আনন্দ পেতেন। সে আনন্দকে পেশায় রূপ দেওয়ার চিন্তা ঢুকল মাথায়। ২০২০ সালে ফেসবুকে খুললেন ক্রাফটিমেশন নামে একটি পেজ।
শুরুতে পণ্যের তালিকায় ছিল হাতে তৈরি কার্ড, ছোট ল্যাম্প ও ট্রি ল্যাম্প। তখন ইউটিউব দেখে বিভিন্ন ধরনের কারুশিল্প তৈরির কৌশল শিখতেন। পরে সিরামিক ক্লে দিয়ে মগের গায়ে ত্রিমাত্রিক নকশা তৈরি শুরু করেন। ক্রেতাদের নাম, ছবি কিংবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে মগ বানিয়ে দিতেন। এই মগের চাহিদা এত বেশি ছিল যে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত মূলত মগ তৈরিতেই মনোযোগ ছিল তাঁর।
ফারজানা ইসলাম২০২৫ সালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলায় অংশ নেওয়াতেই মূলত ব্যবসার মোড় ঘুরে যায়। সেখানে হস্তশিল্প জোনে সেরা স্টলারের পুরস্কার দেয়। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় হয়। তাতে ভালো ব্র্যান্ডিং হয়ে যায়।ফারজানা জানান, কাজের ফরমাশ বৃদ্ধি পাওয়ায় প্রায় দুই বছর পর বাসার নিচতলায় অফিস খোলেন। এলাকার কিছু তরুণ-তরুণী তখন তাঁর সঙ্গে যুক্ত হন। ব্যবসা থেকে যা আয় হতো তার বড় অংশ আবার বিনিয়োগ করতেন। দৈনন্দিন বিক্রি বাড়ল। বিশেষ করে ঈদের সময়ে বিক্রি বেড়ে যায়।
তবে ২০২৪ সালে ফারজানা ব্যবসায় বড় ধাক্কা আসে। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তাঁদের বাসার নিচতলার অফিস–কাম–কারখানায় পানি ঢুকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের তৈরি পণ্য নষ্ট হয়ে যায়। এ ক্ষতি সামাল দিতে তাঁকে তাঁর মায়ের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙাতে হয়।
ফারজানা ইসলাম বলেন, ২০২৫ সালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলায় অংশ নেওয়াতেই মূলত ব্যবসার মোড় ঘুরে যায়। সেখানে হস্তশিল্প জোনে সেরা স্টলারের পুরস্কার দেয়। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় হয়। তাতে ভালো ব্র্যান্ডিং হয়ে যায়। নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ তৈরি হয়।
কোনো ক্রেতা একটি পণ্য কেনার পর নতুন কোনো নকশা বা পণ্য তৈরির প্রস্তাব দিলে তা করে দেয় ক্রাফটিমেশন। এভাবেই তাদের পণ্যের সংখ্যা বেড়ে ৫০০ ছাড়িয়েছে। তবে প্রতিষ্ঠানটির কাজের বড় দুটি ক্ষেত্র হলো, রিকশা আর্ট ও মেটাল মিনিয়েচার। অর্থাৎ লোহা বা টিনের মতো বিভিন্ন ধাতু দিয়ে তৈরি যেকোনো বস্তু বা শোপিসে নিপুণ দক্ষতায় শৈল্পিক প্রতিরূপ দেওয়া হয়।
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রকে নানা ব্যবহার্য পণ্যে তুলে ধরছে ক্রাফটিমেশন। মোবাইল ফোনের কভার, কলম, সানগ্লাস, হারিকেন, টিফিন বক্স, কাঠের ট্রাংকসহ বিভিন্ন পণ্যে রিকশাচিত্র আঁকা হয়। এমনকি ক্রেতার নিজের ছবি বা পরিবারের সদস্যদের প্রতিকৃতিও রিকশা আর্টের মাধ্যমে তৈরি করা হয়। এ কাজে যুক্ত রয়েছেন ১৫ জন শিল্পী।
২০২৩ সালে রিকশা আর্টের পণ্যের পাশাপাশি মেটাল মিনিয়েচার তৈরিতে বিনিয়োগ করেন মৌরি। রিকশা, ভ্যান, বেবিট্যাক্সি, ট্রাক, বায়োস্কোপ, গরুর গাড়ি ও ঠেলাগাড়ির ছোট সংস্করণ তৈরি করে তারা।
মেটাল শিট কিনে হ্যান্ড প্রেস মোল্ড ও লেজার কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন অংশ তৈরি করা হয়। পরে ঝালাই করে কাঠামো দাঁড় করিয়ে তাতে রিকশাচিত্র আঁকেন শিল্পীরা।
পণ্যের দাম সম্পর্কে ফারজানা ইসলাম জানান, প্রতি পিস রিকশার ছোট সংস্করণ ৪৫০, সিএনজি বা টেম্পো ৬৩০, বুকশেলফ ৭৯৯, সানগ্লাস ৪০০, হারিকেন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ ও ট্রাক ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। এ ছাড়া কাস্টমাইজড পেইন্টিং ২ হাজার থেকে ৫ হাজার টাকা এবং বড় আকারের বিশেষ নকশার ক্ষেত্রে দাম ২০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
কোনো কোনো ক্ষুদ্র উদ্যোক্তা ক্রাফটিমেশন থেকে পাইকারি দামে পণ্য কিনে নিয়ে নিজেদের নামে বিক্রি করেন বলে জানান ফারজানা।
অন্যদিকে বিকাশ, ইউনিলিভারসহ বিভিন্ন করপোরেট ক্রেতারা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করান। কর্মীদের ভালো কাজের স্বীকৃতি, ব্যবসায়িক অংশীদারদের উপহার, বিদেশি অতিথিদের স্মারক কিংবা প্রতিষ্ঠানের বার্ষিক উপহার হিসেবে এসব পণ্য তৈরি করিয়ে নেয় তারা।
পরিকল্পনা করে আসতে হবে
ভবিষ্যতে নিজেদের উৎপাদিত পণ্য রপ্তানির ইচ্ছে আছে ফারজানার। এ জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন, যাতে তাঁর প্রতিষ্ঠানে ভবিষ্যতে এক হাজার মানুষের কর্মসংস্থান হয়।
নতুন উদ্যোক্তাদের জন্য ফারজানা মৌরির পরামর্শ, ব্যবসা শুরুর আগে অন্তত দুই থেকে পাঁচ বছরের পরিকল্পনা করা উচিত। যে খাতে ব্যবসা করতে চান, সে খাতের বাজার, প্রতিযোগী, উৎপাদন খরচ ও সম্ভাব্য ক্রেতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

Source - www.prothomalo.com ↗