Bangladesh · 2026-11-28 08:42:26

আলীকদমে রোহিঙ্গা ভোটার করার চাঞ্চল্যকর তথ্য

আলীকদমে রোহিঙ্গা ভোটার করার চাঞ্চল্যকর তথ্য
বান্দরবানের আলীকদম উপজেলায় কাগজপত্র জালিয়াতি করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত অন্তত ১৬ জন রোহিঙ্গার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রমাণ মিলেছে। স্থানীয় জনপ্রতিনিধি, দালাল চক্র এবং উপজেলা নির্বাচন অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সিন্ডিকেট জনপ্রতি ১ থেকে ২ লাখ টাকার বিনিময়ে এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, রোহিঙ্গাদের ভোটার করানোর এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান ও তার ছেলে সোহাগ। এ ছাড়া এই জালিয়াতি চক্রে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল, তার ভাগনে ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মেহেদী হাসান, সদর ইউনিয়নের উদ্যোক্তা আকাশ, রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম (পিতা: আবুল বাশার) এবং মো. শরিফ (পিতা: গোরামিয়া) জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

যেভাবে চলে জালিয়াতির প্রক্রিয়া:

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রথমে ইউপি সদস্য আব্দুর রহমান ও তার ছেলে সোহাগসহ সিন্ডিকেটের সদস্যরা ইউনিয়ন পরিষদের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া চেয়ারম্যান সনদ ও প্রত্যয়নপত্র তৈরি করেন। পরবর্তী সময়ে উপজেলা বা জেলার বিভিন্ন ইউনিয়নের ভোটার তালিকা থেকে আবেদনকারীর নামের সঙ্গে মিল রেখে স্থানীয় কোনো ব্যক্তির বাবা-মা, চাচা বা ফুফুর এনআইডির তথ্য নির্বাচন অফিসের অসাধু কর্মীদের মাধ্যমে সংগ্রহ করা হয়। অনেক ক্ষেত্রে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া মৃত্যু সনদও তৈরি করা হয়। সবশেষে এসব জাল কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিয়ে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে যাচাই-বাছাই প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রোহিঙ্গাদের ছবি তুলে এনআইডি কার্ড তৈরি করা হয়।

অনুসন্ধানে ২০২৫ ও ২০২৬ সালে ভোটার হওয়া এমন বেশ কয়েকজন রোহিঙ্গার তথ্য পাওয়া গেছে যাদের এনআইডি নম্বর প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। তাদের মধ্যে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জীবিত বাবাকে মৃত সাজিয়ে মৃত্যু সনদ বের করে ভোটার হয়েছেন আবুল বাশারের ছেলে নুরুল ইসলাম।

এ ছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন বাদশা মিয়ার ছেলে জাফর আলম ও মো. আমির হামজা, সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের মেয়ে আসমাউল হুসনা, ৩ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদের মেয়ে সাবেকুন্নাহার, ইয়াসিনের মেয়ে খালেদা বেগম এবং দুই ছেলে মোহাইমিন ও ফয়সাল, একই ওয়ার্ডের সৈয়দ সালামের দুই মেয়ে কুলসুমা আক্তার ও রুবি আক্তার, মোহাম্মদ আলীর দুই ছেলে সৈয়দ আমিন ও আল আমিন, আবুল কালামের ছেলে রবি উল্লাহ এবং মো. মিয়ার ছেলে মো. ইলিয়াছ।

অভিযোগের বিষয়ে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান বলেন, “আমি এসব বিষয়ের সঙ্গে জড়িত নই। সামনে ইউপি নির্বাচন, তাই আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা দোষারোপ করা হচ্ছে।”

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, “আমি এগুলোর সঙ্গে জড়িত নই। কাগজপত্রগুলো মেম্বার ও চৌকিদাররা শনাক্ত ও যাচাই-বাছাই করেন, আমি কেবল স্বাক্ষর করি। এভাবেই জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ ও প্রত্যয়নপত্র দেওয়া হয়। অন্যান্য অভিযুক্তরাও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাহিদ শাহরিয়ার বলেন, কাগজপত্র চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমেই আমাদের কাছে আসে। জন্মনিবন্ধন অনলাইনে পাওয়া গেলে এবং বাবা-মায়ের মৃত্যু সনদ বা অন্যান্য তথ্য ঠিক থাকলে আমরা সেটিকে সঠিক ধরেই প্রক্রিয়া সম্পন্ন করি। গত দেড়-দুই মাসে আমি অফিসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি, এখন এমন অনিয়মের কোনো সুযোগ নেই। আমি বা আমার অফিস এসবের সঙ্গে জড়িত নই।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সাফকাত আলী বলেন, আমি এখানে যোগদান করেছি মাত্র কয়েক দিন হলো। আসার পর থেকেই রোহিঙ্গা ভোটার হওয়ার বিষয়টি শুনছি, তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.bd24live.com ↗