Bangladesh · 2026-11-28 12:00:00

ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!

ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!
একসময় গারো জনপদে পরিচিত ছিল যে তাঁত, সময়ের স্রোতে তা হারাতে বসেছে। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে কোমর তাঁতে নতুন করে স্বপ্ন বুনছেন উদ্যোক্তা মুনমুন নকরেক।
বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ কোমর তাঁত বা ব্যাকস্ট্র্যাপ লুমে কাপড় বুনে থাকেন। তবে সবার তাঁতের মধ্যে রয়েছে লক্ষণীয় পার্থক্য। গারোদের বয়নও এর বাইরে নয়। তবে মিল একটা আছে, সেটা হলো এই ঐতিহ্যের হারিয়ে যেতে বসা। গারোদের সেই ঐতিহ্য নতুন করে পুনর্জাগরিত করার চেষ্টা করে যাচ্ছেন মুনমুন নকরেক। তাও ঢাকায় বসে। একটু অবাক করা বিষয় বৈকি!
গান.না দক.কা
গারো ভাষার শব্দদ্বয় ‘গান.না দক.কা’র অর্থ কাপড় বোনা। মূলত তাঁতকেই গান.না দক.কা বলা হয়। ‘গান.না’ মানে পরিধেয় বস্ত্র, আর ‘দক.কা’ এখানে বোনা অর্থে বোঝানো হয়েছে। এমনিতে গারো ভাষার ‘দক.কা’ শব্দের একাধিক অর্থ রয়েছে। গান.না দক.কা হলো একধরনের কোমর তাঁত।
মুনমুন হয়ে উঠেছেন বয়নশিল্পীযে তাঁতের কথা বলা হচ্ছে, সেটা যে-সে তাঁত নয়। একেবারে গারোদের ঐতিহ্যবাহী তাঁত। এই তাঁতের একজন শিল্পী মুনমুন নকরেক। তাঁর জানামতে, রাজধানী ঢাকায় শুধু তাঁর কাছেই এই তাঁত আছে। এর বাইরে আছে মাত্র দুটি। একটি তাঁর গ্রামের বাড়ি মধুপুরে, যেটিতে কাজ করেন মুনমুনেরই বোন। আরেকটি আছে ময়মনসিংহের হালুয়াঘাটের আসকিপাড়ায়।
এই তথ্য দেওয়ার সময়ই মুনমুন মাড়ের ভেতর সুতা চুবাচ্ছিলেন। এই মাড় তৈরি হয় চালের গুঁড়া বা ময়দা দিয়ে। মাড়ে চুবালে নাকি সুতা মজবুত থাকে, কাপড় বোনার সময় ছিঁড়ে যায় না। মাড়ে চুবানোর পর সুতা রোদে শুকাতে দিলেন মুনমুন। সাধারণত তুলার সুতাই ব্যবহৃত হয় গান.না বোনার ক্ষেত্রে।
এরপর আগে থেকে শুকিয়ে রাখা সুতা দিয়ে টানা তৈরির কাজ করলেন। তিনটি খুঁটিতে ইংরেজি আটের মতো করে সুতা পেঁচাতে হয়। যত দীর্ঘ বস্ত্র, সুতা তত দীর্ঘ; টানতেও হয় ততবার। যেমন, উত্তরীয়র জন্য ১০০ থেকে ১২০ বার সুতা টানতে হয়। টানা শেষে তা টান টান করে তাঁতের দুই মাথায় বাঁধতে হয়। এরপর নকশা অনুযায়ী কাপড় বোনা হয়।
কী বোনেন মুনমুন? স্বপ্ন নাকি অন্য কিছু?
আমরা অবাক হয়ে দেখি মুনমুনের কাজ। আমরা বলতে আমি এবং সহকর্মী আনাস আব্দুল্লাহ। কাপড় বোনার আগে মুনমুন গান.না দক.কা, এর অনুষঙ্গ এবং কাপড় বোনার নানা বিষয় খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দেখান। গারোদের কাপড়ের নকশাগুলোও প্রকৃতিভিত্তিক। যেমন মিমাং জাংখি বা শয়তানের পথ, শসার বীজ, গুবরে পোকা, প্রজাপতি ইত্যাদি। এ রকম ২৫টির মতো নকশা আছে। নকশা বোনা একখণ্ড বস্ত্রে সেগুলো ফুটিয়ে তোলা আছে। চোখের সামনে নকশা রেখেই কাপড় বোনা হয়।
সহজ তাঁত, আছে কিছু যন্ত্রাংশওমুনমুন তাঁর হাত দিয়ে ধরে ধরে তাঁতের অংশগুলো আমাদের চিনিয়ে দেন। যেমন বিল, আফং, ওয়ারিচেক। চেনা-জানা শেষে মুনমুন অল্প করে কাপড় বুনে দেখান। তিনি ‘মিমাং জাংখি’ বা ‘শয়তানের পথ’ নকশা অনুযায়ী বুনছিলেন। মুনমুন বলছিলেন, ‘শয়তানের পথ’ নকশাটি আঁকাবাঁকা, কারণ শয়তান সোজা পথে চলে না! নকশা হিসেবে মিমাং জাংখিকে গুরুত্ব দেওয়ার কারণ কী? গারোদের নিজস্ব বিশ্বাসে, শয়তান একটি অবিচ্ছেদ্য প্রভাবক। অবশ্য কার বিশ্বাসে তা নেই? সব ধরনের বিশ্বাসেই শয়তান বা নেতিবাচকতার প্রভাব বিরাজমান। ভালো কথা, মুনমুন বুনছিলেন গান.না-র বেল্ট।
ঢাকায় পাহাড়ি বাজার: তিন তরুণের উদ্যোগ মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির হিলসবাজারঢাকায় পাহাড়ি বাজার: পছন্দের পণ্যের খোঁজে মোহাম্মদপুরের তংসা বাজারতৈরি হয় যেসব পণ্য
বয়নশিল্পী বা কারিগর দক্ষ হলে একটি ওয়ালম্যাট বানাতে তিন থেকে চার দিন লাগে। বলতে বলতে একটি ওয়ালম্যাট দেখি আমরা, যেখানে গারো নকশার কয়েক রকমের সমাহার রয়েছে। এরপর একটি গান.না দেখান মুনমুন। গান.না অর্থ মনে আছে তো পাঠক? পরিধেয় বস্ত্র। সেটি দেখিয়ে মুনমুন জানান, এটি তৈরি করতে ১০ থেকে ১৫ দিন লাগে, যদি বয়নশিল্পী দক্ষ হন। আমরা দেখি, গান.না-র নিচের অংশে গারো নকশার কয়েক রকমের সমাহার।
গান.নাতে আছে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলআর ওপরের অংশে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে গারো সংস্কৃতির ঐতিহ্যবাহী কিছু অনুষঙ্গ। সেগুলো এঁকেছেন শিল্পী তুফান চাকমা। এখানে বলা দরকার, এই গান.নাতে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল ফুটে উঠেছে। সাধারণত গান.নাতে আধুনিকতার মিশেল থাকে না। অনেক সময় তাঁতশিল্পী বা নকশাকার নিজের তাগিদে গান.নাতে আধুনিকতার ছোঁয়া দেন। তাছাড়া ক্রেতাদের চাহিদাও থাকে। তবে সাধারণত গারো নকশা দিয়েই গান.না তৈরি করা হয়।
মুনমুন এমনিতে ছোট ছোট বস্ত্র বেশি বোনেন। যেমন খুত্থুপ, ওয়ালম্যাট, উত্তরীয়, স্যুট-কোটের পাড়, শাড়ির পাড় ইত্যাদি। গান.না-র মতো বড় বস্ত্রের অর্ডারও যে তাঁর কাছে আসে না, তা নয়। তাঁর মূল ক্রেতা পুরুষেরা। একই সঙ্গে প্রবাসীরাও। মুনমুন বলছিলেন, একটা সময় ছিল, যখন মূলত নারীরাই ঐতিহ্যবাহী পোশাক পরতেন। পুরুষেরাও পরতেন, তবে শুধু বিশেষ অনুষ্ঠানগুলোতে। সাম্প্রতিক বছরগুলোতে গারো পুরুষেরা হরহামেশাই গারো নকশার কোটি, কুর্তা, খুত্থুপ পরছেন। ব্লেজার ও স্যুট-কোটেও জুড়ে দিচ্ছেন গারো নকশার পাড়।
যেভাবে শুরু মুনমুনের
ক্রেতাদের চাহিদা মাথায় রেখে কাজ করেন তিনিমুনমুন একজন উদ্যোক্তাও। তাঁর উদ্যোগের নাম ‘আপসান’। এর অর্থ ঐক্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে গ্রাফিক ডিজাইনের ওপর প্রশিক্ষণ নেন তিনি। এরপরই মাথায় চাপে নিজেদের ঐতিহ্যবাহী তাঁত ও কাপড় বোনা নিয়ে কাজ করার ভূত। আসকিপাড়ায় গিয়ে খোঁজ পান গান.না দক.কা-র। ব্যস! আসকিপাড়াতেই মুনমুনের বোন শিখে নিলেন গান.না দক.কা বোনার কাজ। আর মুনমুন নিজে গড়তে থাকলেন আপসানকে। মুনমুন উপলব্ধি করলেন, গারো সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার আরেকটি উপায় হলো গান.না দক.কা বা গারো তাঁতকে বাঁচানো।
আশির দশকেও নাকি অনেক গারো তাঁতশিল্পী ও কারিগর গান.না দক.কায় কাপড় বুনতেন। কিন্তু কালক্রমে গারোরা এই তাঁত থেকে হাত ও কোমর সরিয়ে নিতে থাকেন। কেননা, গান.না দক.কায় কাপড় বোনা কষ্টসাধ্য, ঝামেলার এবং সময়সাপেক্ষ। মাটিতে বসে বুনতে হয় বলে কোমর ধরে যায়। তাছাড়া গারোদের এই তাঁত মাটিকেন্দ্রিক। পাহাড়ের আদিবাসীদের কোমর তাঁতের মতো যেখানে-সেখানে সহজেই স্থাপন করে বসে কাপড় বোনা যায় না। অগত্যা গারো তাঁতশিল্পী ও কারিগরেরা সাধারণ তাঁতে কাপড় বোনা শুরু করেন।
মুনমুনের বোন গান.না দক.কায় কাপড় বোনেন। কিন্তু মুনমুনের মনে সুখ নেই। ভাবলেন, বোনের শেখাটাই যথেষ্ট নয়। ঐতিহ্য ধরে রাখতে হলে আরও অনেককে গান.না দক.কা বোনার কাজ শিখতে হবে। তারপর আর কী? মুনমুন নিজেই বোনের কাছ থেকে কাজটি শিখে ফেললেন। ঢাকায় থাকার কারণে নিজের বাসাতেই স্থাপন করলেন গান.না দক.কা। এর পরের গল্প সবারই জানা।
আশা নাকি বিশ্বাস?
এই বয়ন নিয়ে রীতিমতো গবেষণাও করছেন মুনমুনমুনমুন চান, গান.না দক.কা বা গারো তাঁতের পুনর্জাগরণ। তবে গান.না দক.কায় কাপড় বোনা যেহেতু কঠিন ও ঝামেলার, তাই মুনমুন চান, গান.না দক.কা-র সব মূল বিষয় ঠিক রেখে বুননপদ্ধতি সহজ করতে, যেন অন্যরাও আগ্রহী হন, উৎসাহিত হন। মুনমুন চান, গান.না দক.কা মাটিভিত্তিকই থাকুক, কিন্তু যেকোনো জায়গায় স্থাপন করে যেন কাপড় বোনার কাজটি করা যায়। এসব নিয়ে রীতিমতো গবেষণাও করছেন মুনমুন। শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই তিনি।
‘আমার হিসাব সহজ, ব্যাপারটা একে অন্যের পরিপূরক। শিল্পী, শিল্প, শিল্পের অনুষঙ্গ। গান.না দক.কা-র সংখ্যা বাড়াতে হবে। সেখান থেকেই তৈরি হবে কারিগর, পর্যায়ক্রমে শিল্পী। তবে এর জন্য নিজস্বতার চেতনা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, শেকড়ের ঐতিহ্য ধরে রাখার স্পৃহা থাকতে হবে’, বলছিলেন মুনমুন। এই আগ্রহ ও স্পৃহা যেন তৈরি হয়, সে জন্য নিজের দায়দায়িত্বের কথাও জানান মুনমুন। কেউ কাজ শিখতে চাইলে তাঁর জন্য নিজের দরজা সব সময় খোলা রেখেছেন তিনি।
গারো তাঁতের পুনর্জাগরণ চনা মুনমুনবলে রাখা উচিত, গান.না দক.কা মাটিভিত্তিক বলে এর ভিত্তির কাঠামো মাটিতে পুঁততে হয়, যাতে বুনতে সুবিধা হয়। গ্রামে সেটা করা সহজ। শহরের বাসাবাড়িতে তা সম্ভব নয় বলে মুনমুন ভিত্তি তৈরি করেছেন সিমেন্টের কাঠামো দিয়ে। এমনিতে তাঁর গান.না দক.কা-র বাকি সব উপাদান বাঁশ ও কাঠ দিয়েই তৈরি।
শুধুই কি ঐতিহ্য রক্ষা?
ঐতিহ্য ধরে রাখার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো প্রয়োজনমুনমুনের দাবি, গারো তাঁত নিয়ে কাজ করলে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হয়, সেখান থেকে আসে সমৃদ্ধি। কাপড় বুনে সেগুলো বিক্রি করা হয় বলে একটি ব্যবসায়িক চক্র তৈরি হয়। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।
পরিবার, চাকরি সব সামলে তিনি বুনে চলেছেন ঐতিহ্যবাহী কাপড়আরেকটি বড় কথা, এতে ঘরে-পরিবারে সময় দেওয়া যায়। তাছাড়া পরিবারের সদস্যরা, বিশেষ করে সন্তানেরাও এই শিল্পের প্রতি আগ্রহী হয়। এতে পরম্পরা তৈরি হয়। মুনমুনের দাবির সত্যতা মেলে, যখন দেখি, আমাদের সঙ্গে গল্প করার সময় মুনমুনের সন্তানেরা দরজার ফাঁক গলে উঁকিঝুঁকি মারছিল। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ সহজ করে দেওয়ায় তারা ঘরে এসে গান.না দক.কা ধরে দেখছিল। এই শিশুরা তাদের মা কাজ করার সময় গভীর মনোযোগ দিয়ে তা লক্ষ্য করে এবং গান.না দক.কা ছুঁয়ে দেখে।
ঘর নাকি সংগ্রহশালা?
মুনমুনের বসার ঘর যেন এক গারো সংগ্রহশালামুনমুনের বসার ঘর রীতিমতো একটি গারো সংগ্রহশালা। একই সঙ্গে প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতিফলনও। ঘরটিতে গান.না দক.কা তো রয়েছেই। তাছাড়া সোফা, টিস্যু বক্স, টুল বক্স, টেবিল—সবই বাঁশের তৈরি। দেয়াল-আলমারিগুলো বাঁশ ও কাঠের তৈরি। সেখানে গারোদের নানা অনুষঙ্গ স্থান পেয়েছে। মুনমুনের ঘরে প্রবেশ করার পরপরই বাঁশের তৈরি গ্লাসে পাকা পেঁপের জুস এবং বাঁশের বাটিতে টুকরা করে কাটা পাকা পেঁপে দিয়ে আমাদের আপ্যায়ন করেন তিনি। মুনমুনের ঘরটিতে আরও আছে গারো নকশার কুশন কাভার, গারো অনুষঙ্গসহ ফ্রেমে বাঁধানো শিল্পীদের আঁকা ছবি। এগুলো এঁকেছেন লিংকন কুবি এবং তুফান চাকমার মতো শিল্পীরা। মুনমুনের ঘরটির এক কোণে বইও আছে।
গল্পে গল্পে যখন দুপুর হয়, আমাদের অনেকটা জোর করেই মধ্যাহ্নভোজ করান মুনমুন। খাবার দেওয়া হয় মাটির পাত্রে। খাবারগুলোতে গারো উপাদানের আধিক্য ছিল। যেমন দ. গপ্পা বা তেল ও রঙিন মসলাবিহীন মুরগির তরকারি, কুইচ্চা খারি বা খাবার সোডা দিয়ে কুচিয়া মাছের ঝোল, স্ফ্রু খারি বা শামুকের খারি।
সুবর্ণ সুযোগ
মুনমুনের কাজ দেখতে চাইলে ৫ ডিসেম্বর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যেতে হবে মুনমুনের কাজ সরাসরি দেখার দুর্লভ অভিজ্ঞতা নিতে চান? আসছে ৫ ডিসেম্বর, শনিবার, ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত থাকবে সেই সুযোগ। সেখানে চলবে ‘মিচিক মেলা’। মিচিক অর্থ নারী। মুনমুন নকরেক, ইলোরা ম্রংসহ কয়েকজন গারো নারী উদ্যোক্তার আয়োজনে এক দিনের এই মেলা। সেখানেই মুনমুন তাঁর ‘আপসান’-এর স্টলে গান.না দক.কা বোনার কাজ করে দেখাবেন। একই সঙ্গে তাঁর উদ্যোগের পণ্যগুলো বিক্রি করবেন। প্রিয় পাঠক, এই সুযোগ কি হেলায় হারানো উচিত?
আপসানে যা পাওয়া যায়
অনেককিছুই পাওয়া যাবে আপসানেমুনমুন নকরেকের আপসানে কী কী পাওয়া যায়? গারোদের ঐতিহ্যবাহী পোশাক, যেমন খুত্থুপ, কুর্তি, কোটি, উত্তরীয়, অলংকার, ব্যাগ, কুশন কাভার, ওয়ালম্যাট ইত্যাদি। মুনমুনের ‘আপসান’-এর ফেসবুক পেজের লিংক:
https://www.facebook.com/share/19o8axA4Po/
ছবি: আনাস আব্দুল্লাহ

Source - www.haal.fashion ↗