Bangladesh · 2026-11-28 11:34:38

এক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা

এক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা
গণিত ইশকুল
সহযোগিতায়:
বাংলাদেশ গণিত
অলিম্পিয়াড কমিটি
মাত্র দুটি ধাপে অসীমসংখ্যক সংখ্যার জন্য কোনো কথা সত্য প্রমাণ করার কৌশল
কল্পনা করো, তোমার সামনে ডমিনোর এক বিশাল সারি, একেবারে চাঁদের দেশ পর্যন্ত লম্বা। কেউ জিজ্ঞেস করল, সব কটা ডমিনো কি একটার পর একটা পড়বে? তুমি নিশ্চয়ই একটা একটা করে ঠেলে দেখতে যাবে না। তার চেয়ে দারুণ বুদ্ধি আছে: শুধু নিশ্চিত করো যে প্রথম ডমিনোটা পড়বে আর যেকোনো একটা পড়লে ঠিক তারপরেরটাও পড়বে। ব্যস, কাজ শেষ! সব কটা ডমিনো ঠাস ঠাস করে পড়ে যাবে।
গণিতে ঠিক এই কাজই করে গাণিতিক আরোহ পদ্ধতি (Mathematical Induction)। এর সাহায্যে কোনো একটি কথা সব স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ অসীমসংখ্যক ক্ষেত্রের জন্য মাত্র দুটি ধাপে সত্য প্রমাণ করা যায়।
∎ আরোহ পদ্ধতি আসলে কী?
অনেক সময় এমন সূত্র প্রমাণ করতে হয়, যা যেকোনো স্বাভাবিক সংখ্যা n (১, ২, ৩, …)-এর জন্য সত্য। কিন্তু সংখ্যা তো অসীম! প্রতিটি সংখ্যা আলাদা করে পরীক্ষা করা কোনো মানুষ বা কম্পিউটারের পক্ষেই সম্ভব নয়। তাই আরোহ পদ্ধতি দুটি ধাপে কাজ সারে:
∎ ধাপ ১ (ভিত্তি): দেখাও যে কথাটি সবচেয়ে ছোট সংখ্যার জন্য (সাধারণত n = 1) সত্য। এটা প্রথম ডমিনোকে ধাক্কা দেওয়া।
∎ ধাপ ২ (আরোহ): ধরে নাও, কথাটি কোনো একটি সংখ্যা n = k এর জন্য সত্য। তারপর দেখাও যে তাহলে এটি n = k + 1 এর জন্যও সত্য হবেই। এটা প্রমাণ করা যে প্রতিটি ডমিনো তারপরেরটিকে ফেলে দেয়।
দুটি ধাপ পার হলে কথাটি n = 1 এ সত্য, তাই n = 2 এ সত্য, তাই n = 3 এ সত্য… এভাবে সব স্বাভাবিক সংখ্যার জন্যই সত্য।
∎ চলো, একটা প্রমাণ দেখি
১ থেকে n পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যার যোগফলের একটি বিখ্যাত সূত্র আছে:
1 + 2 + 3 + … + n = n(n + 1)/2
যেমন n = 4 হলে বাঁ দিকে 1 + 2 + 3 + 4 = 10, ডান দিকে 4 × 5/2 = 10। মিলে গেল! কিন্তু সব n-এর জন্য কি মিলবে? চলো, আরোহ দিয়ে প্রমাণ করি।
ধাপ ১: n = 1 হলে বাঁ দিকে শুধু 1, আর ডান দিকে 1 × 2/2 = 1। দুই পক্ষ সমান, প্রথম ডমিনো পড়ে গেল।
ধাপ ২: ধরে নিই, n = k এর জন্য সূত্রটি সত্য:
1 + 2 + 3 + … + k = k(k + 1)/2
এখন দুই পাশে (k+1) যোগ করি। বাঁ দিকে হয় 1 + 2 +…+ k + (k+1), আর ডান দিকে
k(k + 1)/2 + (k + 1) = (k + 1)(k/2 + 1) = (k + 1)(k + 2)/2
এটাই তো n = k + 1 বসালে সূত্রের ডান দিক! অর্থাৎ সূত্রটি k এর জন্য সত্য হলে k + 1 এর জন্যও সত্য। দুটি ধাপ মিলিয়ে বলা যায়, সূত্রটি সব স্বাভাবিক সংখ্যার জন্য সত্য (প্রমাণিত)। এখন কেউ সূত্র নিয়ে প্রশ্ন তুললে বলতে পারবে, তুমি তো মুখস্থ করেছ, আমি প্রমাণ করেছি।
∎ সাবধান: দুটি ধাপই লাগে
শুধু কয়েকটি উদাহরণে মিলে গেলেই কিন্তু প্রমাণিত হয় না। n2 + n + 41 রাশিটা দেখো। n = 1 বসালে 43, n = 2 বসালে 47, n = 3 বসালে 53—সবই মৌলিক! এভাবে n = 39 পর্যন্ত প্রতিটি মানে মৌলিক সংখ্যা আসে। মনে হতে পারে, এটি সব সময় মৌলিক দেয়। কিন্তু n = 40 বসালে আসে 1681 = 41 × 41, মৌলিক নয়! প্রথম ডমিনো পড়েছিল, অনেক ডমিনোও পড়েছিল, কিন্তু ‘একটি পড়লে পরেরটিও পড়বে’—এই দ্বিতীয় ধাপ কেউ প্রমাণ করেনি। আরোহ পদ্ধতির শক্তি ঠিক এখানেই: দ্বিতীয় ধাপ প্রমাণিত হলে আর কোনো ফাঁক থাকে না।
∎ কিছু মজার তথ্য
∎ অসীমকে হাতের মুঠোয়: অসীমসংখ্যক ক্ষেত্র মাত্র কয়েক লাইনে প্রমাণিত হয়ে যায়। একে গণিতের সবচেয়ে কাজের যুক্তিগুলোর একটি বলা হয়।
∎ কম্পিউটারের প্রাণ: কোনো প্রোগ্রামের লুপ বা অ্যালগরিদম ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই করতে কম্পিউটারবিজ্ঞানে আরোহের ধারণা ব্যাপকভাবে ব্যবহার হয়।
∎ ইতিহাস: প্রাচীন গ্রিক ও মধ্যযুগের গণিতবিদদের লেখায় এর আভাস ছিল। সতেরো শতকে ব্লেইজ পাসকাল একে স্পষ্টভাবে ব্যবহার করেন আর উনিশ শতকে অগাস্টাস ডি মরগান এর নাম দেন ‘ম্যাথমেটিক্যাল ইনডাকশন’।
বেইজ পাসকাল∎ তোমার জন্য চ্যালেঞ্জ
একই কৌশলে প্রমাণ করো: প্রথম nটি বিজোড় সংখ্যার যোগফল n2। অর্থাৎ 1 + 3 + 5 + … + (2n-1) = n2। (আগে n = 1, 2, 3 বসিয়ে মিলিয়ে দেখো!)
আরোহ পদ্ধতি নিয়ে আরও জানতে চাইলে পড়ে দেখতে পারো আহমেদ জাওয়াদ চৌধুরী ও তামজীদ মোর্শেদ রুবাবের বই গণিতের স্বপ্নযাত্রা-১: আর্ট অব প্রবলেম সলভিং।
প্রথমে একটু খটমটে লাগলেও একবার ডমিনোর ছবিটা মাথায় ঢুকে গেলে আরোহ পদ্ধতি পানির মতো সহজ। চর্চা শুরু করো, দেখবে গণিতের কঠিন দেয়ালগুলো একে একে ভেঙে পড়ছে।

Source - www.prothomalo.com ↗