সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন।
আজ শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় এ ঘটনা ঘটে। পেট্রলবোমার আগুনে বাড়ির টিনের চালের একটি অংশ পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিএনপির সংসদ সদস্য (এমপি) এম এ মালেক আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আজ ভোরে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে জানতে পারেন, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন। তাঁরাও শব্দ শুনে বাইরে আসেন।
হামলাকারীরা একটি লেগুনায় করে এসেছিল বলে জানতে পেরেছেন এম এ মালেক। তিনি বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করেই তারা পালিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা চারজন নিরাপত্তাকর্মী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমপি এম এ মালেক বলেন, ‘এমন ঘটনা দুঃখজনক। যারা হামলা করেছে, তারা শেখ হাসিনার লোক। সংসদ সদস্য হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন, সে জন্য কাজ করছি। এলাকায় দলীয় পরিচয়ে কোনো ভেদাভেদ করিনি। এরপরও এমন হামলার শিকার হতে হলো।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ঘটনার ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে দুজনের জড়িত থাকার বিষয়ে ধারণা করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Source - www.prothomalo.com ↗