Bangladesh · 2026-11-28 12:58:59

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি

গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি
গঙ্গা কেবল পানির হিস্যা নিয়ে বিরোধের বিষয় নয়; এটি দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতারও পরীক্ষা। ভৌগোলিক নৈকট্য দুই দেশকে প্রতিবেশী করেছে, কিন্তু সেই সম্পর্ককে কার্যকর অংশীদারত্বে রূপ দিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিচক্ষণ কূটনীতি ও পারস্পরিক দায়বদ্ধতা। লিখেছেন গোলাম রসুল
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহের কম সময় পর শুরু হবে নতুন পানিবণ্টন মৌসুম। এর আগে নতুন কোনো সমঝোতা না হলে ২০২৭ সালের শুষ্ক মৌসুমে পদ্মার পানি ভাগাভাগির ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বিষয় দুটি আলাদা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি অন্যটির ওপর প্রভাব ফেলতে পারে। এখন দুই দেশের রাজনৈতিক বিচক্ষণতার পরীক্ষা: একটি গুরুতর মতবিরোধ সামলাতে গিয়ে অভিন্ন নদীর পানি নিয়ে সহযোগিতা কি বাধাগ্রস্ত হবে? এর উত্তর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন-জীবিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের দরকার পানির ন্যায্য ও নির্ভরযোগ্য হিস্যা; ভারতের দরকার এমন একটি সমঝোতা, যা তার অববাহিকার রাজ্যগুলোর উদ্বেগও বিবেচনায় নেয়। এই দুই লক্ষ্য পরস্পরবিরোধী নয়।১৯৯৬ সালের গঙ্গা চুক্তি ছিল একটি বড় কূটনৈতিক অর্জন। ফারাক্কায় শুষ্ক মৌসুমের পানি বণ্টন নিয়ে দীর্ঘ বিরোধের পর দুই দেশ ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনভিত্তিক পানি ভাগাভাগির একটি সূত্রে একমত হয়। চুক্তি বাস্তবায়ন তদারকির জন্য গঠিত হয় যৌথ কমিটি। শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ বাড়াতে সহযোগিতা এবং অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টনে চুক্তি করার অঙ্গীকারও ছিল এতে। সব বিরোধের সমাধান না হলেও চুক্তিটি একটি স্পর্শকাতর বিষয় ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছিল।
তবে তিন দশকের অভিজ্ঞতায় চুক্তিটির কিছু সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে। এটি পুরো গঙ্গা অববাহিকার পানি ব্যবস্থাপনা নয়, মূলত ফারাক্কায় শুষ্ক মৌসুমের পানি বণ্টন নিয়ন্ত্রণ করে। ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত পালাক্রমে তিনটি ১০ দিনের সময়ে উভয় দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার নিশ্চয়তা থাকলেও পুরো শুষ্ক মৌসুমের জন্য বাংলাদেশের কোনো নির্দিষ্ট ন্যূনতম প্রবাহ নিশ্চিত করা হয়নি। ফারাক্কায় প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই সরকার জরুরি ভিত্তিতে পরামর্শে বসার বিধান রয়েছে। তবে বিরোধ নিষ্পত্তির জন্য স্বাধীন সালিসি বা বাধ্যতামূলক কোনো ব্যবস্থা নেই; শেষ পর্যন্ত তা দুই সরকারের আলোচনার ওপর নির্ভরশীল।
শুষ্ক মৌসুমে গঙ্গা ও তিস্তা থেকে প্রত্যাশিত পানি না পাওয়ায় বাংলাদেশের স্বাদুপানির প্রধানতম উৎস ব্রহ্মপুত্র (বাংলাদেশে যমুনা নামে পরিচিত) নদ। এ কারণেই নতুন চুক্তিতে একটি ‘গ্যারান্টি ক্লজ’ বা ন্যূনতম পানি পাওয়ার নিশ্চয়তা রাখার দাবি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ১৯৭৭ সালের চুক্তিতে এ ধরনের বিধান ছিল। পানির প্রবাহ কমে গেলেও নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ বাংলাদেশকে দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তী সমঝোতায় এই নিশ্চয়তা আর রাখা হয়নি।
তবে নদীতে পানির প্রাপ্যতা অনিশ্চিত হলে সব পরিস্থিতিতে নির্দিষ্ট পরিমাণ পানি নিশ্চিত করা বাস্তবসম্মত না–ও হতে পারে। তাই নতুন চুক্তিতে এমন একটি ব্যবস্থা থাকা দরকার, যাতে নদীতে যৌথভাবে যাচাই করা পানির প্রাপ্যতার ভিত্তিতে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য ন্যূনতম প্রবাহ পায়। পাশাপাশি পানির প্রবাহ নির্ধারিত মাত্রার নিচে নেমে গেলে জরুরি পরামর্শ শুরুর সুস্পষ্ট শর্ত এবং বিরোধ নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে। প্রয়োজনে স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের মাধ্যমে দ্রুত কারিগরি মতামত নেওয়ার ব্যবস্থাও রাখা যেতে পারে।
বাংলাদেশ কেন এখনো নদীবিষয়ক জাতিসংঘ সনদে স্বাক্ষর করছে নাতবে আনুষ্ঠানিক আলোচনা এখনো তেমন এগোয়নি। বাংলাদেশ গত জুনে একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করে এবং ভারতকে সমকক্ষ কমিটি গঠনের অনুরোধ জানায়। আগস্টে আবারও আলোচনা শুরুর তাগিদ দেওয়া হয়।
সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভারতের জলশক্তিমন্ত্রী সি আর পাতিলকে চিঠি লিখে দ্রুত আলোচনার আহ্বান জানান। কিন্তু এখনো আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। ২২–২৩ নভেম্বর ঢাকায় যৌথ নদী কমিশনের যৌথ কমিটির ৯১তম বৈঠকে চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে; নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়নি। অর্থাৎ নিয়মিত কারিগরি যোগাযোগ চলছে, কিন্তু ভবিষ্যৎ চুক্তি নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের উদ্যোগ দৃশ্যমান নয়। মেয়াদ শেষ হওয়ার এত কাছে এসে এই বিলম্ব উদ্বেগজনক।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও আলোচনাকে জটিল করছে। বিজেপির জোটসঙ্গী জনতা দল (ইউনাইটেড) বর্তমান শর্তে চুক্তি নবায়নের বিরোধিতা করছে। বিহারের রাজনীতিতেও ফারাক্কা ব্যারাজ, পলি জমা, বন্যা ও সেচের পানির চাহিদা নিয়ে উদ্বেগ রয়েছে। এসব বিষয়কে বাংলাদেশের পানির হিস্যার সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। পলি ব্যবস্থাপনা, নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের মতো সমস্যা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব। ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গে রাজনৈতিক সমন্বয়ের নতুন সুযোগ তৈরি হলেও তা যে স্বয়ংক্রিয়ভাবে চুক্তি সম্পাদনের পথ খুলে দেবে, এমন নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত দরকার রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবসম্মত সমঝোতা।
ঝুঁকি দুই দেশের জন্যই বড়। জলবায়ু পরিবর্তনে নদীর প্রবাহ আরও অনিশ্চিত হচ্ছে; জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং কৃষি ও শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পানির ওপর চাপ বাড়াচ্ছে। বাংলাদেশে শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ কমলে সেচ, মৎস্য, নৌ চলাচল ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।
গঙ্গার প্রবাহ কমে গেলে পদ্মার শাখা নদ গড়াইয়ের পানিপ্রবাহও ব্যাহত হয়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার ঝুঁকি বাড়ে, যার প্রভাব পড়ে কৃষি, মিঠাপানির বাস্তুতন্ত্র ও সুন্দরবনের ওপর। পানির নিরাপত্তা তাই খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির স্থিতিশীলতা থেকে বিচ্ছিন্ন নয়। ভারতের জনগোষ্ঠী, কৃষি ও শিল্পের জন্যও গঙ্গা অববাহিকা সমান গুরুত্বপূর্ণ। নতুন চুক্তিতে উভয় দেশের ন্যায্য প্রয়োজন বিবেচনায় নিতে হবে।
রাজনৈতিক পরিস্থিতি এ কাজকে আরও কঠিন করে তুলেছে। বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণকে আইনি জবাবদিহি ও দেশের বিচারিক প্রক্রিয়ার বিষয় হিসেবে দেখছে; ভারত বলছে, অনুরোধটি আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে টানাপোড়েনের প্রভাব অন্য ক্ষেত্রেও পড়েছে। ১৭–১৮ নভেম্বর ঢাকায় নির্ধারিত দুই দেশের কনস্যুলার সংলাপ স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে পানি চুক্তির মতো দীর্ঘমেয়াদি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়কে আলাদা গুরুত্ব দেওয়া জরুরি।
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে কেন নতুন করে ভাবতে হবেগঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই সমঝোতা জরুরিএকটি বিষয়ের বিরোধ যেন দুই দেশের পুরো সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে, সেটি নিশ্চিত করা জরুরি। পরিণত কূটনীতিতে সব বিষয়ে একমত হওয়ার প্রয়োজন নেই; প্রয়োজন এক ক্ষেত্রের মতবিরোধ যেন অন্য ক্ষেত্রের সহযোগিতাকে অচল না করে। পানিবণ্টন, বন্যার পূর্বাভাস, দুর্যোগ মোকাবিলা, জ্বালানি বাণিজ্য ও যোগাযোগের নিজস্ব প্রয়োজন রয়েছে। এগুলোকে ভিন্ন একটি রাজনৈতিক বিরোধের জিম্মি হতে দেওয়া যায় না। এর অর্থ জাতীয় স্বার্থে ছাড় দেওয়া নয়; বরং তথ্যপ্রমাণ, ধারাবাহিক আলোচনা ও কার্যকর প্রতিষ্ঠানের মাধ্যমে স্বার্থ রক্ষা করা।
বাংলাদেশের দরকার পানির ন্যায্য ও নির্ভরযোগ্য হিস্যা; ভারতের দরকার এমন একটি সমঝোতা, যা তার অববাহিকার রাজ্যগুলোর উদ্বেগও বিবেচনায় নেয়। এই দুই লক্ষ্য পরস্পরবিরোধী নয়।
নতুন চুক্তিকে কেবল পানি ভাগাভাগির সূত্রে সীমাবদ্ধ রাখলে চলবে না। তথ্য বিনিময়, যৌথ পর্যবেক্ষণ ও যাচাই জোরদার করতে হবে। ভবিষ্যতে পানির প্রবাহ ও চাহিদা, পরিবেশের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ, নদীর পলি ব্যবস্থাপনা এবং নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবিকার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। শুষ্ক মৌসুমে প্রবাহ বাড়ানোর যে অঙ্গীকার ১৯৯৬ সালের চুক্তিতে ছিল, তা বাস্তবায়নে নতুন উদ্যোগ দরকার। উজানের জলাধার ও অববাহিকা ব্যবস্থাপনা, সেচের দক্ষতা বৃদ্ধি এবং পানির অপচয় কমাতে সহযোগিতা দুই দেশেরই উপকারে আসতে পারে।
ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানি যেভাবে প্রত্যাহার করে নেয় ভারততবে এসব উদ্যোগের ব্যয় ও ঝুঁকি যেন অন্যায্যভাবে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে পানি সংরক্ষণ, সুষ্ঠু বণ্টন ও দক্ষ ব্যবহারের জন্য কার্যকর পানি ব্যবস্থাপনা জোরদার করতে হবে। তবে মনে রাখতে হবে, এ ধরনের উদ্যোগ অভিন্ন নদীর ন্যায্য পানির অধিকার নিশ্চিত করার বিকল্প নয়। তবে কোনো উদ্যোগের ব্যয় বা ঝুঁকি যেন অন্যায্যভাবে ভাটির দেশের ওপর চাপানো না হয়। পাশাপাশি পদ্মা ব্যারাজের মতো বাংলাদেশের নিজস্ব পানি ব্যবস্থাপনা উদ্যোগও এগিয়ে নিতে হবে; তবে এসব উদ্যোগ অভিন্ন নদীর ন্যায্য পানির বিকল্প হতে পারে না।
গঙ্গার পানিবণ্টনকে বৃহত্তর নদী অববাহিকার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। তিস্তা চুক্তির দীর্ঘ অচলাবস্থা দেখিয়েছে রাজনৈতিক আশ্বাসকে বাস্তব সমঝোতায় রূপ দেওয়া কতটা কঠিন। উজানের দেশ নেপালও গঙ্গা অববাহিকার পানি ব্যবস্থাপনা, নদীর পানিপ্রবাহ-সংক্রান্ত তথ্য বিনিময় এবং বন্যার পূর্বাভাসে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। এর অর্থ দ্বিপক্ষীয় আলোচনার পরিবর্তে কোনো জটিল আঞ্চলিক কাঠামো তৈরি করা নয়; বরং আলোচনায় পুরো অববাহিকার বাস্তবতা বিবেচনায় নেওয়া।
গঙ্গা চুক্তি নবায়নে বাংলাদেশ কীভাবে প্রস্তুত হতে পারেগঙ্গা চুক্তির আলোচনায় দুই দেশের সম্পর্কও প্রভাব ফেলছেঅন্যদিকে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎ–বাণিজ্য, যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে। এসব উদ্যোগ সফল করতে পারস্পরিক আস্থা, ধারাবাহিক সংলাপ এবং দেওয়া অঙ্গীকার পূরণের মানসিকতা জরুরি।
দুই সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। ১২ ডিসেম্বরের আগেই, প্রয়োজনে পত্রবিনিময়ের মাধ্যমে, একটি সময়সীমাবদ্ধ অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছানো দরকার, যাতে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলাকালে ২০২৭ সালের শুষ্ক মৌসুমে বিদ্যমান পানি বণ্টনব্যবস্থা কার্যকর থাকে। একই সঙ্গে নতুন চুক্তির জন্য কারিগরি দলকে স্পষ্ট ম্যান্ডেট ও সময়সূচি দিতে হবে। যৌথ কমিটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু চুক্তির ভবিষ্যৎ নির্ধারণের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে কেবল দুই সরকার। বিশেষজ্ঞ, গবেষক ও ট্র্যাক-টু পর্যায়ের সংলাপ আলোচনায় সহায়তা করতে পারে, তবে আনুষ্ঠানিক আলোচনার বিকল্প হতে পারে না।
ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশ ও ভারতকে প্রতিবেশী করেছে; কিন্তু ভালো অংশীদার হওয়ার নিশ্চয়তা দেয়নি। সে জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। বড় উজানের দেশ হিসেবে ভাটির প্রতিবেশীর ন্যায্য উদ্বেগ বিবেচনায় নেওয়ার বিশেষ দায়িত্ব ভারতের। অন্যদিকে বাংলাদেশকেও ধারাবাহিক ও তথ্যভিত্তিক পানি কূটনীতি চালাতে হবে, জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় থাকতে হবে এবং আলোচনার পথ খোলা রাখতে হবে। দৃঢ়তা ও কূটনৈতিক নমনীয়তা—দুটিই এখানে জরুরি।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় দুই দেশকে এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। কয়েক দশকের আলোচনায় অর্জিত সাফল্য কি আমরা রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক দ্বিধায় নষ্ট হতে দেব, নাকি এ সুযোগে আরও ন্যায্য, কার্যকর ও জলবায়ু-সহনশীল কাঠামো গড়ে তুলব? গঙ্গা কেবল পানি ভাগাভাগির বিষয় নয়; এটি পরীক্ষা করে, বাংলাদেশ ও ভারত ভৌগোলিক নৈকট্যকে বাস্তব সহযোগিতায় রূপ দিতে পারে কি না। কোনো দেশেরই কূটনৈতিক নিষ্ক্রিয়তার সুযোগ নেই।
গঙ্গা কেবল পানির হিস্যা নিয়ে বিরোধের বিষয় নয়; এটি দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতারও পরীক্ষা। ভৌগোলিক নৈকট্য দুই দেশকে প্রতিবেশী করেছে, কিন্তু সেই সম্পর্ককে কার্যকর অংশীদারত্বে রূপ দিতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিচক্ষণ কূটনীতি ও পারস্পরিক দায়বদ্ধতা। সিদ্ধান্ত নেওয়ার সময় আর বেশি নেই। তাই বিলম্ব না করে এখনই সংলাপ শুরু করে একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো দুই দেশের স্বার্থেই জরুরি।
গোলাম রসুল অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ঢাকা।
ই-মেইল: golam.grasul@gmail.com
মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗