রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের আভাস দিলেন আয়োজকরা। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে ই-মেকার্স বাংলাদেশ।
আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে এ আন্তর্জাতিক সংগীত আয়োজন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তাঁর এ ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন তিনি। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়।
ওটিলিয়ার পর এবার ঢাকায় আসছেন শাকিরা

ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হয়ে উঠতে পারে।
তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। বাংলাদেশে আসার বিষয়ে শাকিরার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত আয়োজক প্রতিষ্ঠানের সম্ভাব্য কনসার্ট পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
Source - www.bd24live.com ↗