Bangladesh · 2026-11-28 15:46:46

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি

গঙ্গাচুক্তি না হলে ভারতেরই কেন ক্ষতি বেশি
আগামী ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। হাতে মাত্র তিন (এখন দুই সপ্তাহ) সপ্তাহের মতো সময় থাকলেও চুক্তিটি নবায়নের জন্য আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি।
বাংলাদেশ বারবার আলোচনার উদ্যোগ চেয়েছে। সর্বশেষ ১৭ নভেম্বর দেশটির পানিসম্পদমন্ত্রী একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু কারিগরি পর্যায়ের আলোচনার বাইরে নয়াদিল্লিকে এ বিষয়ে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না।
দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে যেতে দেওয়া হবে গুরুতর কৌশলগত ভুল। প্রচলিত ধারণার বিপরীতে, এতে বাংলাদেশের তুলনায় ভারতের ক্ষতি অনেক বেশি হতে পারে।
চুক্তিটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে প্রয়োজনীয়। ভাটির দেশ হিসেবে উজানে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ ঝুঁকিতে থাকে। বিশেষত শুষ্ক মৌসুমে এই ঝুঁকি বেশি, যখন গঙ্গার পানির ওপর কৃষি, মৎস্য, নৌ চলাচল ও ভঙ্গুর বাস্তুতন্ত্র নির্ভর করে।
তবে চুক্তিটি নবায়ন হলেও বাংলাদেশ যে উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি পাবে, তা নিশ্চিত নয়। উজানে পানি প্রত্যাহার, ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নদীটির পানিপ্রবাহের স্বাভাবিক ধরন বদলে গেছে।
অন্যদিকে ভারত কিছু অতিরিক্ত পানি নিজের জন্য রেখে যে সুবিধা পেতে পারে, তার চেয়ে বেশি মূল্যবান কিছু হারানোর ঝুঁকিতে রয়েছে: সহযোগিতার মাধ্যমে পাওয়া অর্থনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত সুবিধা।
১৯৯৬ সালের চুক্তি
১৯৯৬ সালের চুক্তি ছিল দক্ষিণ এশিয়ার পানিকূটনীতিতে একটি উল্লেখযোগ্য অর্জন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চুক্তিটির মাধ্যমে ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে বছরের পর বছর ধরে চলা তিক্ত বিরোধের অবসান ঘটে।
কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে হুগলি নদীর দিকে পানি সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল যে এভাবে পানি সরিয়ে নেওয়ার কারণে ভাটির অঞ্চলে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি হচ্ছে।
১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটিতে একটি স্বতন্ত্র উদ্ভাবনী কৌশল ছিল। সে সময়ের নদীপ্রবাহ নিয়ে মতপার্থক্যকে আলোচনা ভেস্তে দেওয়ার সুযোগ না দিয়ে দুই সরকার ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পানিপ্রবাহের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে একটি বণ্টনসূত্র মেনে নেয়।
এই রাজনৈতিক সমঝোতা দেখিয়েছিল, পানিপ্রবাহসংক্রান্ত প্রতিটি অনিশ্চয়তার সমাধান না করেও সহযোগিতা সম্ভব। চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানি বণ্টনের ব্যবস্থা করা হয়। তবে সব পরিস্থিতিতে বাংলাদেশের জন্য নির্দিষ্ট ন্যূনতম পানিপ্রবাহ নিশ্চিত করা হয়নি; পুরো অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত ছিল না।
তিন দশক পর ফারাক্কা বাঁধে পানির প্রাপ্যতা নিয়ে চুক্তিটির ভিত্তিগত অনুমানগুলো ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সম্প্রসারিত সেচব্যবস্থা, শিল্প খাতের চাহিদা এবং উজানে পানি প্রত্যাহার নদীটির ওপর চাপ বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন ও হিমালয় অঞ্চলের পানিপ্রবাহের বৈশিষ্ট্য বদলাচ্ছে। ফলে বিভিন্ন মৌসুমে পানির প্রাপ্যতা আগের চেয়ে কম অনুমানযোগ্য হয়ে উঠছে।
অতীতের তথ্য ভবিষ্যতে পানি সরবরাহের নিশ্চয়তা দিতে পারে না। তাই বাংলাদেশ একটি নবায়ন করা চুক্তি পেলেও উল্লেখযোগ্য পরিমাণে বেশি পানি না-ও পেতে পারে। ফারাক্কায় যে পানি নেই, উদার বণ্টনসূত্র দিয়েও তা সৃষ্টি করা সম্ভব নয়।
ভারতের স্বার্থ
ভারতের জন্য ঝুঁকির বিষয়গুলো আরও বড়। অক্সফামের জন্য সাজিদ করিমের সঙ্গে যৌথভাবে করা এক গবেষণায় আমি হিসাব করেছি, পর্যাপ্ত সহযোগিতার অভাবে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার দেশগুলোর সম্মিলিতভাবে প্রতিবছর অন্তত ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়। এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে এই ব্যর্থতা কাটিয়ে ওঠার সঙ্গে ভারতের বড় অর্থনৈতিক স্বার্থ জড়িত।
এই হিসাব দেখায়, অভিন্ন নদীগুলোকে সম্মিলিত উন্নয়নের উপায় হিসেবে দেখার পরিবর্তে জাতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে কত বিপুল সুযোগ নষ্ট হয়।
এই অববাহিকাগুলোয় সমন্বিত জলবিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা ব্যবস্থাপনা, নৌ চলাচল, পরিবেশ পুনরুদ্ধার এবং আঞ্চলিক বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির নৌপথ, বন্দর ও পরিবহন নেটওয়ার্ক ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সহযোগিতামূলক ব্যবস্থাপনা বন্যার ক্ষয়ক্ষতি কমাতে, শুষ্ক মৌসুমে নির্ভরযোগ্য পানিপ্রাপ্যতা বাড়াতে এবং এমন বিনিয়োগে সহায়তা করতে পারে, যা একতরফা প্রকল্প দিয়ে সম্ভব নয়। জলবায়ু পরিবর্তনের কারণে পানিপ্রবাহে অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিচ্ছিন্নভাবে নদী ব্যবস্থাপনার খরচও আরও বাড়ছে।
সহযোগিতায় নেতৃত্ব দেওয়ার সামর্থ্য ও প্রয়োজন—দুটিই ভারতের রয়েছে। অথচ চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যেতে দিলে তার ঠিক বিপরীত বার্তাই যাবে।
তিব্বতের ইয়ারলাং সাংপো নদীতে চীনের তৈরি বাঁধ। এই নদীটিই ভারতের অরুণাচল আর আসামে ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। রাজনৈতিক পরিণতি
রাজনৈতিক পরিণতিও সমান ক্ষতিকর হতে পারে। ২০২৪ সালের আগস্টে হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। তাঁর ভারতে অবস্থান অব্যাহত থাকা, সংখ্যালঘু ও অভিবাসনসংক্রান্ত অভিযোগ, বাণিজ্য বিধিনিষেধ এবং পারস্পরিক সন্দেহ নিয়ে মতবিরোধ সম্পর্কের ওপর চাপ তৈরি করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার বৈদেশিক অংশীদারত্বে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। অন্যদিকে ঢাকার কূটনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে ভারতের মোদি সরকার ক্রমেই অস্বস্তিতে পড়ছে বলে মনে হচ্ছে।
এ পরিস্থিতিতে গঙ্গা চুক্তি পরীক্ষা করে দেখবে, রাজনৈতিক মতপার্থক্য থেকে জরুরি সহযোগিতার বিষয়গুলোকে ভারত আলাদা রাখতে পারে কি না। যে সরকারই ক্ষমতায় থাকুক, পানি বণ্টনের সঙ্গে লাখো মানুষের জীবিকা জড়িত। দ্বিপক্ষীয় উত্তেজনার কাছে এই চুক্তিকে জিম্মি করলে এমন ধারণাই আরও জোরালো হবে যে ভারত রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য উজানের দেশ হিসেবে নিজের ভৌগোলিক সুবিধা ব্যবহার করে।
ভারতের ফারাক্কা-সংক্রান্ত ইতিহাস মনে রাখা উচিত। ১৯৯৬ সালের আগে বাংলাদেশ বারবার বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলেছিল; এমনকি জাতিসংঘেও বিষয়টি উত্থাপন করেছিল।
চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেলে ঢাকা অভিন্ন নদীর ন্যায়সংগত ব্যবহারসংক্রান্ত নীতির কথা তুলে ধরে আবারও আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন চাইতে পারে। তারেক রহমান সরকারের জন্য এ ধরনের কৌশলের অভ্যন্তরীণ রাজনৈতিক আবেদনও থাকবে। পানিসংকটের বিষয়ে উদাসীন কিংবা ভারতের সিদ্ধান্তের কাছে নতি স্বীকারকারী হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ বাংলাদেশের কোনো নেতার নেই। নয়াদিল্লি এভাবে নিয়ন্ত্রণযোগ্য একটি মতবিরোধকে দীর্ঘস্থায়ী কূটনৈতিক সংঘাতে পরিণত করার ঝুঁকি নিচ্ছে।
চীন আরেকটি কৌশলগত জটিলতা তৈরি করেছে। ইয়ারলুং সাংপো নদীতে দেশটির বিদ্যমান ও পরিকল্পিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পগুলো পানির প্রাপ্যতা, পলিপ্রবাহ, পরিবেশগত পরিণতি এবং পানিপ্রবাহসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। নদীটি ভাটির দিকে ব্রহ্মপুত্র নামে পরিচিত।
পানি বণ্টনের বিষয়ে ভারতের পক্ষে স্বাভাবিকভাবেই চীনের কাছ থেকে আরও সহযোগিতা চাওয়া বোধগম্য। কিন্তু একই অববাহিকায় বাংলাদেশের ভাটির উদ্বেগ উপেক্ষা করে নয়াদিল্লি কতটা বিশ্বাসযোগ্যভাবে বেইজিংয়ের কাছে উজানের দেশ হিসেবে দায়িত্বশীল আচরণ দাবি করতে পারে?
চীনের উজানে ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় ভারতের প্রয়োজন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা, দূরত্ব বাড়ানো নয়। হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রকল্প, মৌসুমি বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং ভয়াবহ বন্যার কারণে দুই দেশই অভিন্ন ঝুঁকির মুখে রয়েছে।
যৌথ পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত কূটনীতি দুই দেশের দর-কষাকষির অবস্থানকে শক্তিশালী করবে। গঙ্গা নিয়ে সহযোগিতা ভেঙে পড়লে ঠিক এ ধরনের সহযোগিতার জন্য প্রয়োজনীয় আস্থাই ক্ষতিগ্রস্ত হবে।
এতে বাংলাদেশে বেইজিংয়ের জন্য বাড়তি কূটনৈতিক সুযোগও তৈরি হবে। চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকার নানা কারণ রয়েছে। কিন্তু পানির নিরাপত্তা বিষয়ে ভারতের সহযোগিতায় অনীহা নয়াদিল্লির ওপর অতিরিক্ত নির্ভরতার বিপক্ষে যুক্তিকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশকে অংশীদারত্বে বৈচিত্র্য আনা থেকে ভারত আটকাতে পারবে না। তবে ভারতের সঙ্গে সহযোগিতাকে এতটাই লাভজনক করে তুলতে পারে যে অংশীদারত্বে বৈচিত্র্য আনার এই প্রচেষ্টা যেন সচেতনভাবে কৌশলগত দূরত্ব তৈরির দিকে না যায়।
ভারতের আন্তর্জাতিক অবস্থানে আঘাত
চতুর্থ পরিণতিটি ভারতের আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত। পহেলগামে সন্ত্রাসী হামলার পর ২০২৫ সালের এপ্রিল থেকে নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানিচুক্তি স্থগিত রেখেছে।
নিরাপত্তার বিষয়ে ভারতের যুক্তি যা-ই হোক না কেন, যুদ্ধ এবং কয়েক দশকের বৈরিতার মধ্যেও টিকে থাকা একটি চুক্তি অকার্যকর করে দেওয়ার ফলে আন্তর্জাতিক পানি সহযোগিতার প্রতি দেশটির অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বিশ্বাসযোগ্য কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যেতে দিলে সেই উদ্বেগ আরও বাড়বে। যদিও সিন্ধু ও গঙ্গা চুক্তির আইনি ও রাজনৈতিক পটভূমি আলাদা, তবু সম্মিলিতভাবে তা একটি ক্ষতিকর ধারণা তৈরি করবে: অভিন্ন নদী পরিচালনার প্রাতিষ্ঠানিক অঙ্গীকারগুলো বজায় রাখতে ভারত ক্রমেই অনিচ্ছুক বলে মনে হচ্ছে।
এমন ভাবমূর্তি দায়িত্বশীল বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার ভারতের আকাঙ্ক্ষাকে দুর্বল করে। একই সঙ্গে উজানে চীনের কার্যক্রমের বিরোধিতা করার সময় ভারতের অবস্থানও এতে দুর্বল হয়।
ভারতের অভ্যন্তরীণ উদ্বেগগুলোও মনোযোগ পাওয়ার দাবি রাখে। হুগলি নদী ও কলকাতা বন্দরের জন্য পশ্চিমবঙ্গের পানি প্রয়োজন। অন্যদিকে পলি জমা এবং ফারাক্কার প্রভাব নিয়ে বিহারও যুক্তিসংগত প্রশ্ন তুলছে। কিন্তু কেন্দ্র ও রাজ্যগুলোর রাজনৈতিক জটিলতা কূটনৈতিক অচলাবস্থার যৌক্তিকতা হতে পারে না। একইভাবে বাংলাদেশেরও স্বীকার করা উচিত, শুধু ১৯৯৬ সালের বণ্টন সূত্র আবার ব্যবহার করলেই বর্তমান চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করা যাবে না।
একটি সংশোধিত চুক্তিতে স্বচ্ছ যৌথ পরিমাপ, পরিবেশগত সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, পলি ব্যবস্থাপনা এবং পানির তীব্র সংকট মোকাবিলার ব্যবস্থা থাকতে হবে।
সময়সীমা ঘনিয়ে আসায় একটি পূর্ণাঙ্গ চুক্তি করা হয়তো বাস্তবসম্মত হবে না। আলোচনা চলাকালে যৌথ পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বজায় রেখে বর্তমান চুক্তির মেয়াদ অন্তর্বর্তী সময়ের জন্য বাড়ানো একটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে।
১৯৯৬ সালের চুক্তি দেখিয়েছিল, রাজনৈতিক কল্পনাশক্তি দিয়ে ভৌগোলিক অসমতা এবং পানিপ্রবাহসংক্রান্ত চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। ৩০ বছর পর সহযোগিতার জন্য দুই দেশের কাছেই আরও উন্নত বৈজ্ঞানিক জ্ঞান এবং বড় অর্থনৈতিক প্রণোদনা রয়েছে। যার অভাব, তা হলো রাজনৈতিক সদিচ্ছা—বিশেষত ভারতের ক্ষেত্রে।
নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু একটি নবায়ন করা চুক্তি শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা হ্রাসের প্রবণতা বদলে দিতে পারবে না। ভারতের সম্ভাব্য ক্ষতি পানির বাইরেও বহুদূর বিস্তৃত—বিপুল অর্থনৈতিক সুযোগ হারানো, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি, আঞ্চলিক প্রভাব দুর্বল হওয়া এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া।
প্রকৃত প্রশ্ন হলো, ভারত গঙ্গার পানি ভাগ করে দেওয়ার সামর্থ্য রাখে কি না, তা নয়; বরং সহযোগিতা করতে অস্বীকার করার পরিণতি বহন করার সামর্থ্য তার আছে কি না।
অশোক সোয়াইন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত গবেষণার অধ্যাপক এবং আন্তর্জাতিক পানি সহযোগিতাবিষয়ক ইউনেসকো চেয়ার।
দ্য ওয়্যার থেকে নেওয়া। ইংরেজি থেকে অনুবাদ।

Source - www.prothomalo.com ↗