Bangladesh · 2026-11-28 15:00:02

পুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশ

পুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশ
পুকুরের পানিতে ভাসছিল তিন বছর বয়সী রাইসা। তাকে উদ্ধার করতে পানিতে নেমে স্বজনেরা খুঁজে পান আড়াই বছর বয়সী ফারিহাকে। পরে দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যার আগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুটি শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। ফারিহা ওই এলাকার ওমর ফারুকের মেয়ে এবং রাইসা তাঁর ভাগনি। একই পরিবারের দুটি শিশুর মৃত্যুতে এলাকার লোকজন শোকার্ত।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি ওমর ফারুকের বোন ফাতেমা আক্তার তাঁর মেয়ে রাইসাকে নিয়ে ঢাকায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি দেবীগঞ্জে বেড়াতে আসেন। গতকাল বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরের উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে রাইসাকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তাঁরা। তাকে তুলতে পানিতে নামেন স্বজনেরা। এ সময় রাইসার মামী ও ফারিহার মা লিপি আক্তার পানিতে নামলে তাঁর পায়ে পানির নিচে ফারিহার শরীর লাগে। পরে ফারিয়াকেও পানি থেকে তোলা হয়। এরপর দুই শিশুকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুকুরপাড়ে জলপাইগাছ থাকায় জলপাই কুড়াতে গিয়ে শিশু দুটি পানিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনেরা।
ফারিহার চাচা ও রাইসার মামা কোরবান আলী বলেন, ওরা মনে হয় জলপাই কুড়াতে গিয়ে পানিতে পড়ে গেছে। ওখানে পানিও কম, কিন্তু ওরা হয়তো আর উঠতে পারেনি। একসঙ্গে দুটি ফুটফুটে শিশুর এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Source - www.prothomalo.com ↗