Bangladesh · 2026-11-28 15:16:01

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসার কোনো সম্ভাবনাই নেই’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসার কোনো সম্ভাবনাই নেই’
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তাঁর ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সজীব ও সতেজ রাখতে চান তাঁরা।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মন থেকে শেখ হাসিনা তো বটেই, তাঁর দলেরও কবর হোক।

উল্লেখ্য, শেখ হাসিনার মুখপাত্রের বরাতে সম্প্রতি ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। এ বিষয়ে ২৪ নভেম্বর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে।

Source - www.bd24live.com ↗