Bangladesh · 2026-11-28 15:12:47

মাকে ছাড়া বাঁচল না তূর্য, কারাগার থেকেই বন্দি মায়ের শেষ বিদায়

মাকে ছাড়া বাঁচল না তূর্য, কারাগার থেকেই বন্দি মায়ের শেষ বিদায়
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর কারাগার থেকেই তাকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন এই নেত্রী। পরিবারের অভিযোগ, মায়ের অনুপস্থিতিতে যথাযথ পরিচর্যার অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিল শিশুটি।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্স কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার শারমিন সুলতানা শর্মিকে তাঁর ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনই জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকেই মায়ের হাতে খাওয়া-দাওয়াসহ সব ধরনের পরিচর্যা পেত। স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকে সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তার সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল না। শুক্রবার (২৭ নভেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়।

শাহাদাত হোসেন আরও অভিযোগ করেন, আটকের আগে তাঁর স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাঁকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।

কারাগার থেকে বের হয়ে শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বোন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। জামিন না পাওয়ায় মায়ের অনুপস্থিতিতে তাঁর সন্তানের মৃত্যু হয়েছে। শেষবারের মতো সন্তানকে দেখতে কারা কর্তৃপক্ষ মাত্র পাঁচ মিনিট সময় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। এ সময় পরিবারের স্বজনেরাও সঙ্গে ছিলেন। পরে নিয়ম অনুযায়ী তাঁকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

Source - www.bd24live.com ↗