শরীয়তপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত চার বছরে এই সড়কে প্রাণ গেছে ১৭১ জনের। হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের বেপরোয়া গতি, সড়কের মাঝখানে গাড়ি রেখে যাত্রী ওঠানামা এবং চালকের অদক্ষতার কারণে বাড়ছে দুর্ঘটনা। তবে দুর্ঘটনা রোধে সড়কে ২৪ ঘণ্টা কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ১০ নভেম্বর পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় নিহত হন সুপারভাইজার। আহত হন আরও ৭ যাত্রী। এর আগে ২০২৩ সালের ১৯ মার্চ মাদারীপুরের শিবচরের কুতুবপুরে বেপরোয়া বাস নিচে প্রাণ হারান ১৯ জন।
২০২২ সালের জুনে পদ্মাসেতু চালুর পর দক্ষিণবঙ্গগামী সড়কে চাপ বেড়েছে। গত চার বছরে এক্সপ্রেসওয়ের শরীয়তপুর-ভাঙ্গা অংশে ২২০ দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ১৭১ জনের, আহত হয়েছেন ২৫০ জন। আর এসব দুর্ঘটনায় মামলা হয়েছে ১৫০টির বেশি।
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বাড়ছে, চার বছরে মৃত্যু ১৭১

জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত ২৮ কিলোমিটারের ৪ থানার নজরদারির মধ্যেও বেপরোয়া গতি, মাঝে থামিয়ে যাত্রী ওঠানামা, উল্টোপথে চলাচল, বেপরোয়া গতির মোটরসাইকেলে বাড়ছে দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের ।
স্থানীয় লোকজন বলছেন, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সঠিক তদারকি না করায় এক্সপ্রেসওয়ে সড়কে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ।
পদ্মা সেতু পার হওয়ার পর বাস স্টপেজ ও যাত্রীছাউনি না থাকায় যত্রতত্র গাড়ি থামাতে হচ্ছে বলে জানান চালকরা।
এক বান চালক বলেন, বাস চলাচল করবে যাত্রী নামাবে কিন্তু তার জন্য অবশ্যই নির্দিষ্ট স্টপেজ থাকা লাগবে।
চলকেরা জানান, পদ্মা সেতু থেকে নামার পর এক্সপ্রেসওয়ে সড়কের পাশে কোনো বাস স্টপেজ ও যাত্রী ছাউনি নেই। তাই গাড়ি থামাতে হচ্ছে যত্রতত্র এজন্য দুর্ঘটনা ঘটছে।
চালকের অদক্ষতার পাশাপাশি, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি ও ওভারটেকিং, এবং যাত্রী-পথচারীদের অসচেতনতায় বাড়ছে দুর্ঘটনা বলে জানান নিরাপদ সড়ক চাই নেতারা।
শরীয়তপুর জেলা শাখার ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘আমার মনে হয় পদ্মা সেতু এলাকায় দুই প্রান্তেই অত্যাধুনিক মেশিন দিয়ে গাড়িগুলোর যানজট নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাহলে অনেকাংশেই এই দুর্ঘটনার হাত থেকে যান-মাল রক্ষা পাবে।’
জনবল সংকট থাকলেও মহাসড়কে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে যদি আরেকটু ঢেলে সাজাতো তাহলে অবশ্যই আমরা মহাসড়কে দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনতে পারতাম এবং মহাসড়কে শান্তি বিরাজ করত।’
নিরাপদ ভ্রমণ ও যাত্রীসেবা উন্নয়নে দুর্ঘটনা রোধে সরকার কার্যকর ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা শরীয়তপুরবাসীর।
The post পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বাড়ছে, চার বছরে মৃত্যু ১৭১ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗