বাসে ভাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তার মাকে হেনস্তা ও অসদাচরণের অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার পর থেকে রাজধানীর নীলক্ষেত মোড় এলাকা থেকে বাসগুলো আটক করা হয়। পরে বাসগুলো ক্যাম্পাসে আনা হয়। এর আগে শুক্রবার সকালে ওই হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ, ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহার।
এদিকে ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। আগে ওই রুটের ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী (হেলপার) ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে সপ্তাহে সাত দিনই অর্ধেক (হাফ) ভাড়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান। মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালক জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করা হলেও সহকারী অসদাচরণ চালিয়ে যান। মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।
শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ২০ বাস আটকে দিলেন ঢাবি শিক্ষার্থীরা

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিফ আহসান বলেন, এ ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা বাসগুলো আটক করেছেন। মালিকপক্ষ ও প্রক্টরিয়াল টিমের সাথে আলোচনা চলছে। ঘটনার সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত বাসগুলো ছাড়া হবে না।
পরিবহনটির এল বাসচালক মো. মনির বলেন, পরিবহনের একজন কর্মীর সাথে শিক্ষার্থীর ভাড়া নিয়ে কথা-কাটাকাটি ও খারাপ ব্যবহারের ঘটনা ঘটেছে। ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সব বাস আটকে রাখায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিন মালিককে সাড়ে তিন থেকে চার হাজার টাকা জমা দিতে হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে পরিবহনটির মালিকপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের বৈঠক চলছিল বলে, জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে ঠিকানা পরিবহনের পক্ষ থেকে অভিযুক্ত বাস হেলপারকে হাজির করা হয়, পরে লিখিত দিলে বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়।
Source - www.bd24live.com ↗