Bangladesh · 2026-11-28 16:21:43

কিশোরগঞ্জে কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি, সংসদ সদস্যের কাছে স্মারকলিপি

কিশোরগঞ্জে কৃষি ফার্ম শ্রমিকদের ১৩ দফা দাবি, সংসদ সদস্যের কাছে স্মারকলিপি
বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি ফার্ম শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন। নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১ হাজার ২৫০ টাকা এবং অনিয়মিত শ্রমিকদের ১ হাজার ২০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।

গত বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ দামোয়ারবাড়ী কামরুন মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের কাছে এসব দাবি তুলে ধরা হয়।

এ সময় শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, বর্তমান বাজারদরের প্রেক্ষাপটে দৈনিক ৫০০ টাকা মজুরি মোটেও যুক্তিসংগত নয়। একজন কৃষিশ্রমিক এখন কাজ করলে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। সেখানে ৫০০ টাকা মজুরি অমানবিক। তিনি বলেন, ঢাকায় গেলে সরাসরি কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলে কৃষি ফার্ম শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেবেন।

ফেডারেশনের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়মিত শ্রমিকদের দৈনিক মজুরি ১ হাজার ২৫০ টাকা ও অনিয়মিত শ্রমিকদের ১ হাজার ২০০ টাকা নির্ধারণ, বিএডিসিসহ বিভিন্ন গবেষণা খামারে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, প্রভিডেন্ট ফান্ড চালু, অবসানকালীন আর্থিক সুবিধা বৃদ্ধি এবং নারী শ্রমিকদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।

এ ছাড়া শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন, নববর্ষ ভাতা, পার্বত্য অঞ্চলে কর্মরত শ্রমিকদের পাহাড়ি ভাতা, রেশনিং ব্যবস্থা, স্বাস্থ্যবিমা ও চিকিৎসা ভাতা চালু এবং কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের সন্তানদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।

ফেডারেশনের লিখিত আবেদনে বলা হয়, সর্বশেষ ২০২০ সালে কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়েছিল। এরপর ছয় বছর পেরিয়ে গেলেও মজুরি বাড়ানো হয়নি। এ সময়ে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা আর্থিক সংকটে পড়েছেন।

এ সময় নিয়মিত শ্রমিক দিপু মিয়া, কামাল উদ্দিন, মানিক মিয়া, শাহাদত হোসেন, রফিকুল ইসলাম, মোক্তার হোসেন, নুর উদ্দিন ও মতি মিয়াসহ অন্য শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗