অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না রংপুরের ভূমিহীন ও হতদরিদ্র রাশেদা বেগম। হার্টের ভাল্ব নষ্ট ও ভেঙে যাওয়া হিপ জয়েন্টের অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে অসহায় হয়ে পড়েছেন সন্তানরা। এ অবস্থায় মাকে বাঁচাতে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
ডি বিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে রাশেদা বেগমের অসহায় জীবন ও চিকিৎসার জন্য অর্থসংকটের বিষয়টি উঠে এসেছে।
রাশেদা বেগম রংপুর সদর উপজেলার চন্দনপাট মধ্যপাড়া এলাকার বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর অন্যের জমিতে একটি জীর্ণ টিনের ঘরে বসবাস করছেন তিনি। মানুষের বাড়িতে কাজ ও দিনমজুরি করে চার সন্তানকে বড় করেছেন। কষ্টের মধ্যেও তিন মেয়েকে বিয়ে দিয়েছেন।
প্রায় ১০ বছর আগে অসুস্থ হয়ে পড়েন রাশেদা বেগম। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার হার্টের ভাল্ব প্রায় ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত। তখনই অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও অর্থসংকটের কারণে চিকিৎসা করাতে পারেননি তিনি।
টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মা, কাঁদছেন অসহায় সন্তানেরা

এর মধ্যে গত বর্ষায় কাদামাটির রাস্তায় পড়ে ডান পায়ের হিপ জয়েন্ট ভেঙে যায় তার। বর্তমানে ব্যথানাশক ওষুধ খেয়ে কোনোমতে দিন কাটলেও যথাযথ চিকিৎসা ও ওষুধের অভাবে বিছানায় কাতরাচ্ছেন তিনি।
চিকিৎসকদের মতে, হার্টের ভাল্বের অস্ত্রোপচার না করা পর্যন্ত পায়ের অস্ত্রোপচার করা সম্ভব নয়। দুটি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা। কিন্তু ভূমিহীন এই পরিবারের পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
রাশেদা বেগমের একমাত্র ছেলে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। নিজের সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। অন্যদিকে অভাবের কারণে তিন মেয়েও স্বামী ও সন্তানদের নিয়ে মায়ের কাছেই থাকেন। ফলে পরিবারের সদস্যদের পক্ষে মায়ের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সুস্থ হয়ে বাঁচার আকুতি জানিয়েছেন রাশেদা বেগম। তার চিকিৎসার জন্য সরকার, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন সন্তান ও এলাকাবাসী।
Source - www.bd24live.com ↗