Bangladesh · 2026-11-28 19:21:24

আলুর পরোটা বেলতে গেলেই ফেটে যায়? ধাবার মতো বানাতে মানুন ৩ কৌশল

আলুর পরোটা বেলতে গেলেই ফেটে যায়? ধাবার মতো বানাতে মানুন ৩ কৌশল
বাড়িতে আলুর পরোটা বানাতে গিয়ে অনেক সময় বেলার সময়ই ফেটে বেরিয়ে আসে পুর। ফলে পরোটার আকৃতি নষ্ট হয়, পুর লেগে যায় বেলন ও তাওয়ায়। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে বাড়িতেই তৈরি করা সম্ভব ধাবা বা রেস্তরাঁর মতো গোল, নরম ও পুরভরা আলুর পরোটা।

শীতের সকালে গরমাগরম আলুর পরোটার সঙ্গে দই কিংবা আচার থাকলে প্রাতরাশ জমে যায়। কিন্তু সুস্বাদু এই খাবার বাড়িতে তৈরি করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে পরোটা বেলার সময় ফেটে যাওয়া এবং ভেতরের পুর বাইরে বেরিয়ে আসা বেশ পরিচিত সমস্যা।

রান্নার কয়েকটি ছোটখাটো বিষয় খেয়াল রাখলেই এ সমস্যা এড়ানো যায়। জেনে নেওয়া যাক, নিখুঁত আলুর পরোটা তৈরির তিনটি কার্যকর কৌশল।

১. পুরে নুন মেশাবেন একদম শেষে

আলুর পরোটার পুর তৈরির জন্য প্রথমে সেদ্ধ আলু ভালোভাবে চটকে বা গ্রেট করে নিন। এর সঙ্গে মেশান কাঁচা মরিচ, ধনেপাতা, পেঁয়াজকুচি, ধনেগুঁড়া, মরিচগুঁড়া, জিরা ও সামান্য হিং।

তবে শুরুতেই পুরে নুন মেশাবেন না। কারণ নুনের সংস্পর্শে পেঁয়াজ থেকে পানি বের হতে শুরু করে। এতে আলুর পুর ভিজে যায়। আর অতিরিক্ত আর্দ্র পুর দিয়ে পরোটা তৈরি করলে বেলার সময় সেটি ফেটে যাওয়ার আশঙ্কা থাকে।

তাই প্রথমে পরোটার জন্য আটার লেচি তৈরি করে রাখুন। পরোটা বানানোর ঠিক আগে পুরে নুন মিশিয়ে নিন। এতে পুরের অতিরিক্ত পানি বের হওয়ার সুযোগ কম থাকবে।

২. আলুর পুর রাখুন একদম শুকনো

পরোটা ফেটে যাওয়ার অন্যতম কারণ আলুর পুরে অতিরিক্ত পানি থাকা। তাই আলু সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে কিছুক্ষণ টিস্যু পেপার বা পরিষ্কার কাপড়ের ওপর রেখে দিন। এতে আলুর গায়ে লেগে থাকা বাড়তি পানি শুকিয়ে যাবে।

এরপর আলু ভালোভাবে চটকে নিন। খেয়াল রাখবেন, পুরের মধ্যে যেন কোনো বড় দলা না থাকে। পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচও যতটা সম্ভব মিহি করে কাটুন। বড় টুকরা থাকলে পরোটা বেলার সময় সেগুলো ময়দার আবরণ ছিঁড়ে দিতে পারে।

পুর তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে পুর কিছুটা জমাট বাঁধবে এবং পরোটার ভেতরে সমানভাবে ছড়িয়ে দেওয়া সহজ হবে।

৩. একটি নয়, বেলুন দুটি রুটি

ধাবার মতো গোল ও সমান পুরভরা আলুর পরোটা তৈরির অন্যতম কৌশল এটি। একটি আটার লেচির মধ্যে পুর ভরে বেলার পরিবর্তে দুটি ছোট লেচি তৈরি করুন।

প্রথমে দুটি লেচি দিয়ে সমান আকারের দুটি পাতলা রুটি বেলে নিন। এবার একটি রুটির ওপর আলুর পুর সমানভাবে ছড়িয়ে দিন। তবে চারপাশের কিনারায় কিছুটা জায়গা ফাঁকা রাখুন।

এরপর দ্বিতীয় রুটিটি প্রথমটির ওপর বসিয়ে দিন। আঙুল দিয়ে চারপাশের কিনারা ভালোভাবে চেপে আটকে দিন, যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে আসতে না পারে।

এভাবে তৈরি পরোটা বেলার সময় ফেটে যাওয়ার আশঙ্কা কম থাকে। পাশাপাশি পুরও পুরো পরোটাজুড়ে সমানভাবে ছড়িয়ে থাকে।

আরও কিছু বিষয় খেয়াল রাখুন: পরোটার পুর তৈরির সময় পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ যতটা সম্ভব ছোট করে কাটুন। পরোটা বেলার সময় অতিরিক্ত চাপ দেবেন না। ধীরে ধীরে বেলুন এবং প্রয়োজনমতো সামান্য শুকনো আটা ব্যবহার করুন।

এই তিনটি কৌশল মেনে চললে বাড়িতেই তৈরি করতে পারবেন ধাবার মতো গোল, মুচমুচে ও ভেতরে আলুর পুরে ভরা সুস্বাদু পরোটা। সকালের নাশতা কিংবা বিকেলের চায়ের আড্ডায় যা হতে পারে দারুণ আয়োজন।

Source - www.bd24live.com ↗