ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার দিকে এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে গুলি ছোড়ার পর যুদ্ধবিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেওয়া এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করার মিশনে নিয়োজিত ছিল মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানটি। এ সময় সেটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেনগাম দ্বীপের কাছে দেশটির আকাশসীমার দিকে এগিয়ে আসে।
আইআরজিসির দাবি, এ পরিস্থিতিতে তাদের অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন ও উন্নত একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর এফ-১৬ যুদ্ধবিমানটি কৌশলগতভাবে গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে দূরে সরে যেতে বাধ্য হয়।
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান

বিবৃতিতে হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়ম মেনে চলার ওপরও জোর দিয়েছে আইআরজিসি। সংস্থাটি বলেছে, এসব নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পক্ষ ও তাদের সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
মার্কিন সামরিক কমান্ডারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’। ভবিষ্যতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ বা লঙ্ঘনের চেষ্টা করা হলে তার জবাবে কঠোর ও সিদ্ধান্তমূলক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের ঘটনায় মার্কিন যুদ্ধবিমানগুলোর পরিণতি আগে লক্ষ্যবস্তু করা যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে।
তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে যুদ্ধবিমানকে গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করার বিষয়টি আপাতত আইআরজিসির দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: আনাদুলু
Source - www.bd24live.com ↗