Bangladesh · 2026-11-28 21:36:28

হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার

হোটেল ব্যবস্থাপক নাঈমুর হত্যা মামলায় এক নারী গ্রেপ্তার
পুরান ঢাকার টিকাটুলীতে হোটেল ব্যবস্থাপক নাঈমুর রহমান হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওয়ারী থানায় মামলা করা হয়েছে। এরপরই রিতা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিতা হত্যা মামলাটির এজাহারভুক্ত এক আসামি।
পুলিশ বলছে, রিতা ছাড়াও মামলার আসামি করা হয়েছে এনায়েত কাজী নামে এক ব্যক্তিকে। তিনি গ্রেপ্তার রিতা বেগমের মুরগির দোকানের কর্মচারী ছিলেন। আহত হয়ে তিনি এখন রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
গতকাল সন্ধ্যায় নিহত নাঈমুরের বড় ভাই নাজমুল হুদা বাদী হয়ে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী, মুরগি দোকানের মালিক রিতা বেগমসহ পাঁচজনকে আসামি করে ওয়ারী থানায় হত্যা মামলা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে নাঈমুর রহমানের পরিবার। অসুস্থ ও দৃষ্টিহীন বাবার চিকিৎসা এবং সংসারের খরচ চলত নাঈমুরের আয়ে। তাঁর মৃত্যুর পর বাবার দেখাশোনা ও চিকিৎসার খরচ কীভাবে চলবে, তা নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা।
পুলিশের তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হোটেলের ভেতরে একটি মুরগি ঢুকে পড়া নিয়ে বিরোধের সূত্রপাত। এ বিরোধের জেরেই হোটেলকর্মীদের ওপর হামলা হয়। এতে নাঈমুর নিহত হন। আহত হন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসান ওরফে রাজ্জাক এবং কর্মী মো. হাসান।
ওয়ারী থানার অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত একটার দিকে পাইকারি মুরগির বাজারের একটি খাঁচা থেকে মুরগি হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের নিচতলার কলাপসিবল গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হোটেলের নিরাপত্তাকর্মী মুরগিটি বের করে এনায়েতকে দেন। তবে মুরগিটি আগের খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখা হয়।
গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২নিরাপত্তাকর্মী মুরগিটি খাঁচায় রাখতে বললে এনায়েত ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি কি চোর নাকি, যে মুরগি আমি নিয়ে যাব।’ এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত নিরাপত্তাকর্মীকে মারধর করেন।
পরে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন। রাত পৌনে দুইটার দিকে তাঁর ছেলে ইরান কাজী হোটেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় হোটেলকর্মীদের সঙ্গে তাঁদের আবারও কথা-কাটাকাটি হয়।
অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে ইরান পোশাকের নিচে লুকিয়ে রাখা রামদা ও ছুরি বের করেন। ইরান ছুরি এবং তাঁর বাবা এনায়েত রামদা দিয়ে হোটেলকর্মীদের আঘাত করতে থাকেন। এতে রাজ্জাক, নাঈমুর ও হাসান আহত হন। ধস্তাধস্তির সময় এনায়েতও আহত হন।
ব্যবস্থাপক খুন: হোটেলে ঢুকে ছুরি নিয়ে হামলা চালান বাবা–ছেলেআহত ব্যক্তিদের শুক্রবার ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নাঈমুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাজ্জাক ও হাসানকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এনায়েত রাজধানীর অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক আহসান উদ্দিন সামী আজ শনিবার প্রথম আলোকে বলেন, মুরগি ঢোকাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরেই হতাহতের ঘটনা ঘটেছে বলে তদন্তে নিশ্চিত হয়েছেন তাঁরা। এজাহারভুক্ত আসামি এনায়েতকে হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গতকাল রাতে জানাজা শেষে নাঈমুরের মরদেহ রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান পাড়া গ্রামে দাফন করা হয়েছে।
বাবার চিকিৎসা ও সংসারের দায়িত্ব ছিল নাঈমুরের
নাঈমুরের মামা মোশাররফ হোসেন আজ শনিবার প্রথম আলোকে বলেন, নাঈমুরের মা হাইস্কুলে শিক্ষকতা করতেন। তাঁর আয়েই সংসার চলত। ১২ বছর আগে অসুস্থ হয়ে তিনি মারা যান। এরপর নাঈমুরের বাবা গোলাম মোস্তফা টুকিটাকি কাজ করে সংসার চালানোর চেষ্টা করেন। কিন্তু এক পর্যায়ে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
৬৫ বছর বয়সী গোলাম মোস্তফা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। এখন তিনি চোখে দেখতে পান না। তাঁকে খাওয়ানো ও গোসল করিয়ে দিতে হয়।
ঢাকায় চার ধরনের অপরাধ বাড়ছেদুই ভাইয়ের মধ্যে নাঈমুর ছিলেন ছোট। বড় ভাই নাজমুল হুদা দুর্জয় এখনো বিয়ে করেননি। অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্ব তাঁর ওপর। আর সংসারের খরচ ও বাবার চিকিৎসার অর্থ জোগাতেন নাঈমুর। তাঁর আয়ে চলত পুরো পরিবার।
মোশাররফ বলেন, পড়াশোনায় ভালো ছিলেন নাঈমুর। হোটেলে নিচের পদে চাকরি শুরু করলেও কাজের দক্ষতা, সততা ও নিষ্ঠার কারণে মালিকপক্ষ তাঁকে পদোন্নতি দিয়ে ব্যবস্থাপক করেছিল।
নাঈমুরের মৃত্যুর পর পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। মায়ের মৃত্যুর পর পাওয়া কিছু সম্পত্তিও তাঁরা বিক্রি করে দিয়েছেন। বাবার চিকিৎসার খরচ কীভাবে জোগানো হবে, তা নিয়ে স্বজনেরা পারিবারিকভাবে বসেছেন।

Source - www.prothomalo.com ↗