নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
বুধবার (৪ নভেম্বর) সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাতের কাছে স্মারকলিপিটি জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, রাইজদিয়া জামে মসজিদের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তার হোসেনসহ স্থানীয় এলাকাবাসী। এর আগে গত ২৬ অক্টোবর একই দাবিতে রাইজদিয়া ঈদগাহ ময়দান ও কবরস্থানসংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা।
ওই কর্মসূচি থেকে প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ প্রত্যাহার করে বিকল্প স্থান নির্ধারণের দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, রাইজদিয়া গ্রামের ঈদগাহ ময়দান ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণ করা হলে এলাকার ধর্মীয় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। এ ছাড়া সেখানে ভবিষ্যতে মসজিদ নির্মাণের জন্যও জায়গা নির্ধারিত রয়েছে।
সোনারগাঁয়ে মসজিদ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে স্মারকলিপি

ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও মশা-মাছির উপদ্রব বাড়তে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা পরিচ্ছন্ন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিরোধী নন। তবে ঈদগাহ ময়দান, কবরস্থান ও মসজিদের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষায় তারা প্রস্তাবিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত বলেন, এলাকাবাসী ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের দাবিতে আমার কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবির বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
The post সোনারগাঁয়ে মসজিদ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে স্মারকলিপি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗