Bangladesh · 2026-11-28 22:48:47

অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি

অধ্যাপক রাজ্জাক ছিলেন বিশেষ কালের প্রতিনিধি
পরনে লুঙ্গি ও কোঁচকানো পাঞ্জাবি, চেয়ারে পা তুলে বসে অতিথিদের স্বাগত জানাতেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। অতিথিদের আপ্যায়ন করতেন বাকরখানি ও রং–চা দিয়ে। কথায় থাকত সূক্ষ্ম রসবোধ, কখনো হুঁকায় টান দিতে দিতে মেতে উঠতেন দাবা খেলায়। এমন অনাড়ম্বর জীবনযাপনের আড়ালে তাঁর ছিল অসাধারণ প্রজ্ঞা ও গভীর চিন্তাশক্তি।
অধ্যাপক আব্দুর রাজ্জাকের ব্যক্তিত্ব ও চিন্তার জগৎ নিয়ে এ কথাগুলো বলেন স্থপতি কাজী খালিদ আশরাফ। তাঁর মতে, অধ্যাপক রাজ্জাক ছিলেন এক বিশেষ কালের প্রতিনিধি, অন্য রকম এক সাধনার প্রতীক। বাংলাদেশের ভূগোল, পরিবেশ, নদী ও মানুষের জীবনযাপনের সম্পর্ক বুঝতে তাঁর চিন্তা এখনো গুরুত্বপূর্ণ।
রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে গতকাল শনিবার বিকেলে আয়োজন করা হয় ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণীজন বক্তৃতা’র। সেখানে ‘চর তো নয় দুধের সর: অধ্যাপক রাজ্জাকের ইকোলজিক্যাল চিন্তা ও আমাদের ভূভাবনা’ শীর্ষক বক্তৃতা দেন স্থপতি ও নগরবিদ এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কাজী খালিদ আশরাফ।
শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আব্দুর রাজ্জাকের ২৭তম মৃত্যুবার্ষিকী ২৮ নভেম্বর। তাঁর জীবনদর্শন, জ্ঞানচর্চা ও মননশীলতা স্মরণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তাঁর চিন্তা ছড়িয়ে দিতে প্রতিবছর এ বক্তৃতার আয়োজন করে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। ২০১৭ সাল থেকে এ বছর পর্যন্ত ১০টি গুণীজন বক্তৃতার আয়োজন করা হয়েছে।
একক বক্তৃতায় কাজী খালিদ আশরাফ বলেন, ষাটের দশকের বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক। সমকালীন শিক্ষা ও সাহিত্যচর্চায় তাঁর প্রভাব ছিল সুদূরপ্রসারী। বাঙালি মুসলমান ও মধ্যবিত্ত সমাজের চিন্তার জগতে তিনি বড় ধরনের প্রভাব রেখেছিলেন। সমকালীন বুদ্ধিজীবীদের কাছে তাঁর উপস্থিতি অনেকটা কিংবদন্তির মতো হয়ে উঠেছিল।
অধ্যাপক রাজ্জাকের সঙ্গে কখনো সরাসরি পরিচয় হয়নি বলে জানান কাজী খালিদ আশরাফ। তবে নব্বইয়ের দশকে তরুণ স্থপতি হিসেবে কাজ করতে গিয়ে তাঁর হাতে আসে অধ্যাপক রাজ্জাকের বই বাংলাদেশ: স্টেট অব দ্য নেশন। বাংলাদেশের স্থাপত্য ও নগরায়ণকে বৃহত্তর সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে বোঝার জন্য বইটি পড়েছিলেন তিনি। সেই পাঠ বাংলাদেশের ভূগোল, পরিবেশ, নদী ও ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনযাপনের সম্পর্ক নিয়ে তাঁকে নতুন করে ভাবাতে শুরু করে বলে জানান তিনি।
অধ্যাপক রাজ্জাকের ওই বইয়ের প্রথম অংশের উল্লেখ করে কাজী খালিদ আশরাফ বলেন, অধ্যাপক রাজ্জাক জাতিসত্তাকে শুধু রাজনৈতিক ধারণা হিসেবে দেখেননি। এর ভৌগোলিক ও বাস্তুগত পরিচয়কেও গুরুত্ব দিয়েছেন। এমন এক সময়ে তিনি ‘ইকোলজি’ ধারণাটি সামনে এনেছিলেন, যখন বাংলাদেশে শব্দটি তেমন প্রচলিত ছিল না।
কাজী খালিদ আশরাফ বলেন, অধ্যাপক রাজ্জাক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জমি, জল ও জনগণকে বাংলাদেশের তিনটি প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করেছিলেন। এগুলো বাংলাদেশের জন্য প্রকৃতির আশীর্বাদ। যে বিপুল জনসংখ্যাকে একসময় দেশের সমস্যা হিসেবে দেখা হতো, অধ্যাপক রাজ্জাক তাকে সম্ভাবনা ও সম্পদ হিসেবে বিবেচনা করেছিলেন।
জাতির পরিচয়ের ক্ষেত্রে অধ্যাপক রাজ্জাক আবাসভূমির গুরুত্ব তুলে ধরেছিলেন বলেও উল্লেখ করেন কাজী খালিদ আশরাফ। নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অধ্যাপক রাজ্জাক নদীকে দেশের অন্যতম প্রধান সম্পদ হিসেবে চিহ্নিত করেছিলেন। অথচ নগর নির্মাণের সময় আমরা নদীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। নদী দূষিত করেছি, বর্জ্য নালায় পরিণত করেছি, দখল ও ভরাট করেছি। নদীমাতৃকতার কথা বললেও নদীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছি।’
তবে অধ্যাপক রাজ্জাক নগরজীবনকে নেতিবাচকভাবে দেখেননি বলে মনে করেন কাজী খালিদ আশরাফ। তাঁর মতে, অধ্যাপক রাজ্জাক নগরের ইতিবাচক দিকগুলোতে বিশ্বাস করতেন। তাঁর মতে, সভ্য জীবন মূলত নগরজীবন। তাই মানুষের নগরমুখী হওয়ার আকাঙ্ক্ষাকে তিনি মৌলিক সমস্যা হিসেবে দেখেননি।
বাংলাদেশের নদী ও বর্ষার পরিবর্তনশীল প্রকৃতি নিয়েও কথা বলেন এই স্থপতি। তিনি বলেন, বর্ষার বৃষ্টি ও নদী একে অপরের অবিচ্ছেদ্য অংশ। শত শত বছর ধরে মানুষ এই গতিশীল প্রকৃতির সঙ্গে নিজেদের অভিযোজিত করেছে। কিন্তু পশ্চিমা জগতের সঙ্গে যোগাযোগের ফলে প্রযুক্তির মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব—এমন একটি ধারণা তৈরি হয়েছে। তিনি একে বলতে চান ‘প্রযুক্তির ঔদ্ধত্য’।
কাজী খালিদ আশরাফ বলেন, ‘অবশ্যই প্রযুক্তির প্রয়োজন রয়েছে। কিন্তু প্রযুক্তির মাধ্যমে ঋতু ও বদ্বীপের নদীগুলোর গতিশীল প্রকৃতিসহ সবকিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সম্ভব—এমন ধারণা বাস্তবসম্মত নয়। ইতিমধ্যেই আমরা এর প্রমাণ পাচ্ছি।’
আরও গবেষণার সুযোগ রয়েছে
অধ্যাপক আব্দুর রাজ্জাকের কিছু কম পরিচিত ও অপ্রকাশিত লেখার প্রসঙ্গ তুলে ধরেন রওনক জাহান। ২৮ নভেম্বরঅনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক রওনক জাহান বলেন, অধ্যাপক আব্দুর রাজ্জাকের চিন্তার জগৎ এখনো অনেকটাই অনাবিষ্কৃত। তাঁর লেখায় অনেক গুরুত্বপূর্ণ ধারণা সংক্ষেপে এসেছে, যেগুলো নিয়ে আরও বিস্তৃত আলোচনা ও গবেষণার সুযোগ রয়েছে। আব্দুর রাজ্জাকের চিন্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের বক্তৃতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
অধ্যাপক আব্দুর রাজ্জাকের কিছু কম পরিচিত ও অপ্রকাশিত লেখার প্রসঙ্গও তুলে ধরেন রওনক জাহান। তিনি বলেন, আব্দুর রাজ্জাকের রাজনৈতিক দলবিষয়ক থিসিসটি প্রায় ৭০ বছর পর প্রকাশিত হয়েছে। এ ছাড়া হার্ভার্ডে থাকার সময় সামরিক শাসন নিয়ে একটি লেখা লিখেছিলেন তিনি। সামরিক শাসন দিয়ে কোনো দেশের উপকার করা সম্ভব নয়—এ বিষয়ে তাঁর দৃঢ় অবস্থান ছিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

Source - www.prothomalo.com ↗