বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাদক কারবারিদের’ দুটি পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় গোলাগুলির এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. শাহজাহান। তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
গোলাগুলির সময় শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক শনিবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় একটি চালান আনার সময় আরেকটি গোষ্ঠী চালানটি লুট করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়েছে। গোলাগুলি ও হতাহতের ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত

ওসি মোজাম্মেল হক আরও বলেন, গোলাগুলিতে জড়িত দুটি পক্ষই মাদক পাচারের কারবারে জড়িত। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এসব দলের সদস্যরা পাচারকাজ চালায়। ইতিমধ্যে মাদক কারবারিদের কয়েকজন মূল হোতাকে চিহ্নিত করা হয়েছে। ইয়াবা উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে সীমান্তের দুর্গম পাহাড়ে অভিযান চালানো পুলিশের জন্য অনিরাপদ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইয়াবার চালানটি মিয়ানমার থেকে আনছিল আটজনের একটি দল। তারা সীমান্তের ৪৮ নম্বর পিলারের পার্শ্ববর্তী ফুলারঝিরি এলাকায় পৌঁছালে ১২ জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে ইয়াবার চালানটি লুটের চেষ্টা করে। এ সময় দুই পক্ষের গোলাগুলি হয়েছে। গোলাগুলির পর ইয়াবার চালানটি লুট করে নিয়ে যায় ১২ জনের সশস্ত্র দলটি।

Source - www.prothomalo.com ↗