হাসি-ঠাট্টা আর বন্ধুত্বের গল্পে দীর্ঘদিন দর্শকদের মাতিয়ে রেখেছিল কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে পঞ্চম সিজনের শেষ পর্বে এসে হাসির বদলে দর্শকদের চোখে পানি এনে দিয়েছে কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য। এত দিন যে কাবিলার কর্মকাণ্ডে দর্শকেরা হেসেছেন, তার জীবনের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে।
দর্শকদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির শেষ পর্ব নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। জাহিদ তুষার নামে এক দর্শক লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ যেন তাঁদের ২০১৬ থেকে ২০২২ সালের ঢাকার জীবনের প্রতিচ্ছবি।
নিজের ব্যাচেলর জীবনের স্মৃতিচারণা করে তিনি জানান, ঢাকায় প্রথম রুম ভাগাভাগি করে থাকা, একে একে বন্ধুদের আসা, একসঙ্গে আড্ডা আর সময় কাটানোর দিনগুলো নাটকটির গল্পের মতোই। এখন কেউ দেশের বাইরে, কেউ কানাডায়, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আবার কেউ অন্য শহরে থিতু হয়েছেন। সেই দিনগুলো আর ফিরে আসবে না। তাঁর ভাষায়, ‘ব্যাচেলর পয়েন্ট আমাদের যেন প্রতিচ্ছবি।’
‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী

আরেক দর্শক লিখেছেন, কাবিলাকে নিয়ে এত দিন হাসাহাসি করেছেন, ধমকেছেন; কিন্তু মায়ের মৃত্যুর দৃশ্যে সবার চোখ ভিজেছে। নাটকটি শুধু হাসায়নি, কাঁদিয়েছেও। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য সকাল, রাত ও আড্ডার স্মৃতি।
পঞ্চম সিজনের শেষ পর্বে শুধু কাবিলার গল্পের সমাপ্তিই নয়, অন্য চরিত্রগুলোর ভবিষ্যৎও তুলে ধরেছেন নির্মাতা। নিজের ব্যবসার জন্য নেহাল আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়েছে সে। আরেফিন ফিরে এসেছে সেই ব্যাচেলর হাউসে, যেখানে তার গল্পের শুরু। বাচ্চুর প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে হাবু ভাই। অন্যদিকে ব্যবসায় সাফল্য পেলেও পাশা ভাইয়ের আন্তর্জাতিক অর্ডারের শেষ পরিণতি নিয়ে দর্শকেরা নানা প্রশ্ন তুলছেন।
তবে সবচেয়ে বেশি আলোচনা কাবিলাকে ঘিরে। মায়ের মৃত্যু, ইভার সঙ্গে দূরত্ব, রোকেয়ার সঙ্গে বিয়ে না হওয়া এবং সম্পত্তির জন্য মামার হাতে নির্যাতিত হওয়া—সব মিলিয়ে হাসিখুশি কাবিলার জীবনে নেমে এসেছে একের পর এক বিপর্যয়। দর্শকদের কেউ কেউ মনে করছেন, চরিত্রটির এমন পরিণতির মধ্য দিয়ে জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরা হয়েছে।
আমিমুল ইসলাম নামে এক দর্শক লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ তাঁর কাছে শুধু একটি নাটক নয়, বরং শৈশবের আবেগ ও কৈশোরের স্মৃতি। নাটকটি দেখে যেমন অনেক হাসাহাসি করেছেন, তেমনি মন খারাপও হয়েছে বহুবার। কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে নিজের মাকে হারানোর ভয় অনুভব করেছেন তিনি। শেষ পর্বগুলো দেখে তাঁর মনে হয়েছে, বাস্তব জীবনেও একদিন হয়তো প্রিয় ভাই-ব্রাদার ও বন্ধুদের এভাবেই হারিয়ে ফেলবেন।
নাটকের চরিত্রগুলো থেকেও জীবনের নানা শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন দর্শকেরা। আমিমুলের মন্তব্য, হাবুকে দেখে লোভ না করতে, বাচ্চুকে দেখে অন্ধভাবে কাউকে বিশ্বাস না করতে এবং কাবিলার গল্প থেকে সম্পত্তির লোভে আপন মানুষের বদলে যাওয়ার বাস্তবতা বুঝেছেন তিনি। অন্যদিকে পাশা, শুভ, আরেফিন ও নেহালদের বন্ধুত্ব মনে করিয়ে দিয়েছে, জীবনে ভালোবাসার মতো কিছু মানুষের উপস্থিতি কতটা জরুরি।
২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রায় নয় বছর ধরে দর্শকদের সঙ্গে ছিল। কাবিলা, নেহাল, পাশা ভাই, হাবু ভাই ও আরেফিনসহ নাটকের চরিত্রগুলো অনেক দর্শকের কাছে পরিচিত বন্ধুদের মতো হয়ে উঠেছে। গত ২৬ নভেম্বর প্রচারিত পঞ্চম সিজনের শেষ পর্বের মধ্য দিয়ে আপাতত শেষ হয়েছে এই দীর্ঘ যাত্রা। তবে দর্শকদের স্মৃতিতে চরিত্রগুলো থেকে যাবে। শেষ পর্বের আবেগের মধ্যেও কেউ কেউ আশা করছেন, নতুন গল্প নিয়ে একদিন আবার ফিরবে ‘ব্যাচেলর পয়েন্ট’।
কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদ। বাস্তবে তিনি ২০২৫ সালের ১৫ এপ্রিল মারা যান।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, মুকিত জাকারিয়া, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, শামীমা নাজনীনসহ অনেকে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
Source - www.bd24live.com ↗