চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার রাত ১১টায় ঢাকাগামী ঢাকা মেইলে এ ঘটনা ঘটে। অবশ্য তখন কোনো যাত্রী ছিল না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল।
ট্রেনের বগিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার। তিনি রাতে প্রথম আলোকে বলেন, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভান কর্মীরা

ট্রেনের সিটে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।
Source - www.prothomalo.com ↗