Bangladesh · 2026-11-29 08:00:00

চোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহি

চোখ মুছছিলাম, আসলে ওটা ছিল খুশির কান্না: মাহি
মিস ইউনিভার্সে সেরা ৩০-এ জায়গা না পাওয়ার আক্ষেপ আছে। আবার বহুদিন টেলিভিশনে দেখা সেই আয়োজনের চূড়ান্ত মুহূর্তটি বাংলাদেশের প্রতিনিধি হয়ে সামনাসামনি দেখার গর্বও আছে। পুয়ের্তো রিকোয় প্রতিযোগিতা শেষে এখন নিউইয়র্কে আছেন সামিরা খান মাহি। শুক্রবার রাতে সেখান থেকেই হোয়াটসঅ্যাপে। তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলম।
ফাইনালের আগের দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। কী হয়েছিল?

সামিরা খান: জ্বর এসেছিল। মধ্যে কিছুটা সুস্থ হয়েছিলাম, কিন্তু ফাইনাল শেষ হওয়ার পর আবার ঠান্ডা-জ্বর হয়েছে। দুই সপ্তাহের বেশি ঠিকমতো ঘুম হয়নি। কাজের চাপও ছিল। এখন বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি। ঘুম হচ্ছে। পুরোপুরি সুস্থ হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে।

নিউইয়র্কে কবে গেলেন?

সামিরা খান: অনুষ্ঠান শেষ করেই এখানে চলে এসেছি। কয়েক দিন থাকব। এখানেও খুব শীত। শরীরটা ভালো নেই বলে খুব একটা ভালোও লাগছে না। শিগগিরই দেশে ফিরব।

সামিরা খান। ছবি: ফেসবুক থেকেবিজয়ীর নাম ঘোষণার সময় আপনাকে চোখ মুছতে দেখা গেল।

সামিরা খান: ওটা ছিল খুশির কান্না। এত দিন যে অনুষ্ঠান টেলিভিশনে দেখেছি, সেটাই এবার নিজের চোখের সামনে ঘটতে দেখলাম। এই আয়োজনে আসব, বাংলাদেশের প্রতিনিধিত্ব করব—এটা আমার স্বপ্ন ছিল। বিজয়ীর নাম ঘোষণার সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তোর জন্যও খুব খুশি হয়েছিলাম। সব মিলিয়ে মুহূর্তটা আমার কাছে বিশেষ।

কয়েকটি ভিডিওতে দেখলাম, বিদেশি সাংবাদিকেরা আপনার নাম ধরে ডাকছেন। অল্প সময়ে কীভাবে এত পরিচিতি হলো?

সামিরা খান: প্রায় প্রতিটি অনুষ্ঠানেই তাঁদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। সেখান থেকেই হয়তো আমাকে চিনেছেন। কেউ আমার নাম ধরে ডেকেছেন, কেউ বাংলাদেশের নাম ধরে। সবাই আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

সামিরা খান। ছবি: ফেসবুক থেকেমিস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেজে তিনটি বিভাগে আপনার স্বীকৃতির কথা জানানো হয়েছে।

সামিরা খান: আমার জন্য এটা বিশেষ পাওয়া। ‘বেস্ট ইন সুইমস্যুট’ ও ‘বেস্ট ইন ইভিনিং গাউন’ বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছি বলে তারা জানিয়েছে। ‘বেস্ট ইন ন্যাশনাল কস্টিউম’ বিভাগে প্রথম রানারআপ হওয়ার খবরটাও ভালো লেগেছে।
পুরো আয়োজনেই বাংলাদেশকে তুলে ধরতে চেষ্টা করেছি। ভালো কিছু হবে, এমন আশা ছিল। দেশের মানুষ পুরোটা সময় আমার পাশে ছিলেন, এতটা সমর্থন দিয়েছেন। তাঁদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমিও চেষ্টা করেছি। হয়তো ভালো কিছু হতে পারত। শেষ পর্যন্ত হলো না। সত্যি বলতে, মনটা ভেঙে গিয়েছিল।

এই অভিজ্ঞতার কোন শিক্ষাটা অভিনয়জীবনে কাজে লাগাতে চান?

সামিরা খান: কঠিন পরিস্থিতিতেও কীভাবে নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, সেটা শিখেছি। সব সময় ফল মনের মতো হয় না। সেই অভিজ্ঞতা থেকেও শেখার আছে। সামনে কাজের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এই অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে।

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কেসামিরা খান। ছবি: ফেসবুক থেকেপ্রথম সিনেমার জন্য এতটা সময় নিলেন কেন?

সামিরা খান: চেয়েছিলাম, ভালো একটা গল্প দিয়ে সিনেমায় আমার যাত্রা শুরু হোক। ‘মস্তান’–এর গল্পটা পছন্দ হয়েছে। ভালো সহশিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগও পাচ্ছি। তাঁদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে চাই। দেশে ফিরে এখন সিনেমাতেই মন দেব। প্রায় পাঁচ মাস আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কয়েক দিনের বিরতির সময়েও সিনেমার দল আমাকে নানাভাবে সহযোগিতা করেছে। (পরিচালক গোলাম হায়দার) কিসলু ভাই ও পুরো দলের কাছে আমি কৃতজ্ঞ।

দেশে ফিরছেন কবে?

সামিরা খান: ৪ ডিসেম্বর দেশে ফিরব। ৭ ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। এরপর টানা সিনেমার কাজ। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।

Source - www.prothomalo.com ↗