Bangladesh · 2026-11-29 08:00:00

এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে

এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে
অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর তাই ব্যবহারকারীদের নিরাপত্তায় নিজেদের মেসেজিং অ্যাপ ও ই-মেইল সেবায় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর দাবি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা বা তথ্য পাঠালে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ তা জানতে পারেন না। ফলে তথ্য নিরাপদ থাকে। কিন্তু এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তি অকার্যকর হয়ে গেছে বলে গুঞ্জন রটেছে। সম্প্রতি বেশ কয়েকজন কম্পিউটারবিজ্ঞানী ও এআই–বিশেষজ্ঞ এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
শীর্ষস্থানীয় কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন এক ব্লগ বার্তায় লিখেছেন, ‘আমি কার্যত নিশ্চিত। এআই প্রতিষ্ঠান এমন বিস্ফোরক তথ্য লুকিয়ে রাখছে, যা বর্তমানে প্রচলিত ক্রিপ্টোসিস্টেম ভেঙে দেবে। এই উদ্বেগ এতটাই ব্যাপক ও জোরালো হয়ে উঠেছে যে বিশ্বের অনেক ক্ষমতাধর ব্যক্তিকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে।’
কম্পিউটারবিজ্ঞানী ও এআই–বিশেষজ্ঞদের ধারণা, ‘ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো এমন শক্তিশালী কিছু আবিষ্কার করে থাকতে পারে, যা এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তাকে দুর্বল করে দিতে পারে। এনক্রিপশন প্রযুক্তি অকার্যকর হয়ে গেলে কেবল আমাদের ব্যক্তিগত কথোপকথনই হুমকির মুখে পড়বে না, অনলাইনে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত তথ্যও চরম ঝুঁকিতে পড়বে।’
নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, ‘এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তা ভেঙে ফেলা সম্ভব হলে তাত্ত্বিকভাবে তথ্য আদান-প্রদানের সময় আমাদের সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। ফলে আধুনিক এনক্রিপশনের ওপর আসা যেকোনো হুমকি পুরো ইন্টারনেট পরিচালনার পদ্ধতির জন্যই এক বড় বিপদ।’
বিপদের গুঞ্জন মূলত আরএসএ নামের একটি প্রযুক্তিকে কেন্দ্র করে ছড়াচ্ছে। এনক্রিপশন প্রক্রিয়ায় এই টুল ব্যবহৃত হয়। এটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার ব্যবহার করে বার্তাগুলোকে এমনভাবে এলোমেলো বা সাংকেতিক করে তোলে, যা অনুমান করা কার্যত অসম্ভব। তবে কারও কাছে ওই মৌলিক সংখ্যাগুলো থাকলে তা সমাধান করা অত্যন্ত সহজ হয়ে যাবে।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

Source - www.prothomalo.com ↗