Bangladesh · 2026-11-29 08:00:00

আপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশি

আপনি কি পরিবারের বড় সন্তান? জেনে নিন প্রথম সন্তান হিসেবে আপনার কোন কোন রোগের ঝুঁকি বেশি
পরিবারের বড় সন্তান হিসেবে বেড়ে ওঠার অভিজ্ঞতা অনেকের কাছেই আলাদা। ছোট ভাইবোনের দায়িত্ব নেওয়া, মা-বাবার বাড়তি প্রত্যাশা, সব মিলিয়ে ছোটদের তুলনায় বড় সন্তানের জীবন কিছুটা ভিন্ন হতে পারে। তবে জন্মক্রমের সঙ্গে কি স্বাস্থ্যেরও কোনো সম্পর্ক আছে? সাম্প্রতিক এক গবেষণা বলছে, পরিবারের প্রথম সন্তানদের কিছু নির্দিষ্ট স্বাস্থ্যসমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি।
২০২৬ সালে ‘নেচার হেলথ’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমার তথ্য ব্যবহার করে পাঁচ শতাধিক রোগ ও স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে জন্মক্রমের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এ জন্য লাখ লাখ পরিবারের ভাইবোনদের স্বাস্থ্যতথ্য তুলনা করেছেন গবেষকেরা।
বড় সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি বেশি
গবেষণায় দেখা গেছে, পরে জন্ম নেওয়া ভাইবোনদের তুলনায় প্রথম সন্তানদের মধ্যে নিচের চারটি স্বাস্থ্যগত অবস্থার ঝুঁকি বেশি।
অটিজম: ২৬ শতাংশ বেশি

খাদ্যজনিত অ্যালার্জি: ২০ শতাংশ বেশি

অ্যালার্জিজনিত নাকের প্রদাহ বা হে ফিভার: ৯ শতাংশ বেশি

মনোযোগের ঘাটতি ও অতিচঞ্চলতাজনিত সমস্যা (এডিএইচডি): ৭ শতাংশ বেশি

অন্যদিকে ছোট সন্তানদের মধ্যে মাদক বা অন্যান্য নেশাজাতীয় পদার্থ ব্যবহারের সমস্যার ঝুঁকি ১৯ শতাংশ এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার ঝুঁকি ১৪ শতাংশ বেশি দেখা গেছে।
জন্মক্রমের সঙ্গে স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক কেন
যেসব ভাইবোনের বয়সের ব্যবধান কম, তাদের মধ্যে অ্যালার্জি ও হাঁপানির মতো কিছু স্বাস্থ্যসমস্যার ঝুঁকি তুলনামূলক কমজন্মক্রমের সঙ্গে এসব স্বাস্থ্যসমস্যার সম্পর্ক কেন তৈরি হয়, সে বিষয়ে গবেষকেরা এখনো নিশ্চিত নন। তবে ভাইবোনদের বয়সের ব্যবধান, সন্তান জন্মের সময় মা-বাবার বয়স এবং পারিবারিক পরিবেশ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
গবেষণায় আরও দেখা গেছে, যেসব ভাইবোনের বয়সের ব্যবধান কম, তাদের মধ্যে অ্যালার্জি ও হাঁপানির মতো কিছু স্বাস্থ্যসমস্যার ঝুঁকি তুলনামূলক কম।
উদ্বিগ্ন হওয়ার কি কারণ আছে
পরিবারের বড় সন্তান হলেই এসব স্বাস্থ্যসমস্যা দেখা দেবে, এমন নয়। গবেষণায় উল্লেখ করা শতাংশগুলো তুলনামূলক ঝুঁকির পার্থক্য। যেমন অটিজমের ঝুঁকি ২৬ শতাংশ বেশি হওয়ার অর্থ এই নয় যে প্রতি ১০০ জন প্রথম সন্তানের মধ্যে ২৬ জনের অটিজম থাকবে।
গবেষণায় জন্মক্রমের সঙ্গে বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার সম্পর্ক পাওয়া গেছে। তবে জন্মক্রমই এসবের কারণ, এমন প্রমাণ পাওয়া যায়নি। তা ছাড়া গবেষণাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমার তথ্যনির্ভর। ফলে অন্য দেশের জনগোষ্ঠীর ক্ষেত্রেও একই ফল পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।
তাই সন্তানের জন্মক্রম নিয়ে উদ্বিগ্ন না হয়ে তার স্বাস্থ্য ও বিকাশের দিকে নজর দেওয়াই জরুরি।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড
আপনি কি পরিবারের মেজ সন্তান? অভিনন্দন!

Source - www.prothomalo.com ↗