একদিকে তীব্র অপুষ্টি ও অণুপুষ্টিকণার ঘাটতি, অন্যদিকে বাড়তে থাকা স্থূলতা—সব মিলিয়ে ত্রিমুখী পুষ্টিসংকটের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। খসড়া জাতীয় পুষ্টিনীতি ২০২৬-এ যে পরিসংখ্যান উঠে এসেছে, তা জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতার জন্য বড় সতর্কবার্তা। ২০১৫ সালের সর্বশেষ পুষ্টিনীতির পর নতুন নীতির খসড়া তৈরির উদ্যোগ ইতিবাচক হলেও কাগজে-কলমে কৌশল নির্ধারণের পাশাপাশি তা মাঠে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে কৃশকায় শিশুর হার ২০২১-২২ সালের ১১ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১৩ শতাংশে পৌঁছেছে, যা শিশুর জীবনহানির ঝুঁকি বাড়ায়। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ২৫ শতাংশ ক্ষীণকায় ও ৩০ শতাংশ খর্বকায়। গর্ভধারণ করা নারীদের ৫৪ শতাংশ এবং মায়েদের ৩৭ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছেন, যার সরাসরি প্রভাব পড়ে গর্ভস্থ শিশু, নবজাতকের বৃদ্ধি এবং শিশুমৃত্যুর হারে। অন্যদিকে ৭১ দশমিক ৫ শতাংশ মানুষের শরীরে ভিটামিন ডি এবং ২৬ দশমিক ৩ শতাংশ মানুষের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এর পাশাপাশি বাড়ছে স্থূলতা: দেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশ স্থূলকায় হলেও প্রজননক্ষম নারীদের মধ্যে এই হার ৫৫ দশমিক ৫ শতাংশ এবং শহরাঞ্চলের ক্ষেত্রে তা ৬৩ দশমিক ৭ শতাংশ। একই জনগোষ্ঠীর মধ্যে পুষ্টির অভাব ও অতিরিক্ত ওজনের এ সহাবস্থান আমাদের খাদ্যাভ্যাস, নগরায়ণ ও অর্থনৈতিক বাস্তবতার জটিল সংকটকেই তুলে ধরে।
নীতি ও বাস্তবায়নের মেলবন্ধন জরুরি

এই সংকটের শিকড় লুকিয়ে আছে দারিদ্র্য, খাদ্য মূল্যস্ফীতি, খাদ্যে বৈচিত্র্যের অভাব, অনিরাপদ খাদ্য এবং বাল্যবিবাহের মতো কাঠামোগত সমস্যার ভেতরে। ৬ থেকে ২৩ মাস বয়সী ৬৫ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যের শিকার এবং ৫৪ শতাংশ অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে। মানুষের গড় ক্যালরি গ্রহণ বাড়লেও খাদ্যতালিকার বড় অংশ এখনো শস্যনির্ভর—খাদ্যভিত্তিক শক্তির ৭০ শতাংশ আসে শস্য থেকে, আর মাছ-মাংস, ফলমূল ও শাকসবজির অংশ মাত্র ৬ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য কমেছে। উপরন্তু ভেজাল ও দূষিত খাদ্য, সামাজিক সুরক্ষায় শিশুদের অংশগ্রহণ কমে যাওয়া এবং কিশোরী মাতৃত্বের প্রবণতা অপুষ্টির চক্রকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যাচ্ছে।
খসড়া পুষ্টিনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষ—এই দুই ধরনের কৌশলের কথা বলা হয়েছে, যা তাত্ত্বিকভাবে সামগ্রিক ও বাস্তবসম্মত। মা ও শিশুর পুষ্টির পাশাপাশি কৈশোর, প্রবীণ, প্রতিবন্ধী ও দুর্যোগকালীন পুষ্টি এবং কৃষি, নিরাপদ খাদ্য, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও নিরাপদ পানির মতো বিষয়গুলোকে যুক্ত করা সঠিক পদক্ষেপ। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক জানিয়েছেন, অনুমোদনের পর ২২টি মন্ত্রণালয়কে নিয়ে এটি বাস্তবায়নের কাজ শুরু হবে।
তবে অতীতের অভিজ্ঞতা বলে, আন্তমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি ও মাঠপর্যায়ে তদারকির দুর্বলতায় অনেক ভালো নীতিও পূর্ণ সুফল দিতে ব্যর্থ হয়। ২২টি মন্ত্রণালয়ের কাজে গতি আনতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা, জবাবদিহি ও পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নিরাপদ ও বৈচিত্র্যময় খাবার সহজলভ্য করা, বাল্যবিবাহ রোধ এবং সামাজিক সুরক্ষায় শিশুদের অগ্রাধিকার দেওয়ার কাজগুলো এখনই জোরদার করতে হবে। নীতি যেন কেবল দলিলে সীমাবদ্ধ না থেকে প্রতিটি শিশুর খাদ্যনিরাপত্তা ও সুস্বাস্থ্যের বাস্তব ভিত্তি হয়ে ওঠে—এখন সেই সমন্বিত উদ্যোগই সবচেয়ে বেশি জরুরি।
অপুষ্টি ও স্থূলতার এই ত্রিমুখী সংকট মোকাবিলা করা না গেলে একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনের স্বপ্ন বাধাগ্রস্ত হবে। তাই নতুন জাতীয় পুষ্টিনীতি যেন কেবল আরেকটি আনুষ্ঠানিক দলিলে পরিণত না হয়, বরং প্রতিটি ঘর ও প্রতিটি শিশুর খাদ্যনিরাপত্তা ও সুস্বাস্থ্যের বাস্তব ভিত্তি হয়ে ওঠে—এখন সেই সমন্বিত উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে বেশি জরুরি।

Source - www.prothomalo.com ↗