Bangladesh · 2026-11-29 12:43:33

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল

তরবারি দিয়ে বইয়ের পাতা উল্টে দিলেন ধূর্জটি মঙ্গল
খাপ থেকে তরবারি বের করলেন অভিনেতা। তবে প্রতিপক্ষকে আঘাত করতে নয়, প্রম্পটারের সামনে রাখা বইয়ের পাতা ওল্টাতে। এমন নাটকীয় ভঙ্গিতে কাজটি করলেন, যেন সেটিও যাত্রাপালারই দৃশ্য। দর্শকদের মধ্যে হাসির রোল উঠল।
সময় কমাতে একটি দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী গ্রাম্য বধূ আব্বাসীর বদলে মঞ্চে ঢুকে পড়েছেন মুর্শিদকুলি খাঁর সহকারী সিপাহসালার সুজাউদ্দিন। তাঁকে দেখে প্রম্পটার হতবাক। ভেতরে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বইয়ের পাতা ওল্টানো হয়নি তাঁর। আগের দৃশ্যের সংলাপেই আটকে আছেন। পরিস্থিতি বুঝে উপস্থিত বুদ্ধি খাটালেন ধূর্জটি মঙ্গল চরিত্রের অভিনেতা। তরবারির ডগায় পাতা উল্টে এগিয়ে দিলেন পালা।
বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে ‘দেবী সুলতানা’ যাত্রাপালায় দেখা গেল এমন দৃশ্য। সমকাল নাট্যচক্র আয়োজিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসবে পালাটি পরিবেশন করে বাগমারার ‘জননী জন্মভূমি অপেরা’। পশ্চিমবঙ্গের নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা এই পালায় হাসির পাশাপাশি ছিল দর্শকের চোখ ভেজানো মুহূর্তও।
‘সুদূরররর বাগমারা থেকে…’
সন্ধ্যা সাতটায় পালা শুরুর কথা ছিল। কিন্তু তখনো মিলনায়তনে পর্যাপ্ত দর্শক আসেননি। বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে চলছিল আরেকটি অনুষ্ঠান। দর্শকের অপেক্ষায় শুরুর সময় কিছুটা পিছিয়ে দিচ্ছিলেন আয়োজকেরা।
এই ফাঁকে শোনা যাচ্ছিল যাত্রার সেই চিরচেনা ঢঙের ঘোষণা, ‘আর কিছুক্ষণের মধ্যেই আলোকোজ্জ্বল ঝলমলে যাত্রারঙ্গ মঞ্চে দেখতে পাবেন, সুদূরররর বাগমারা থেকে আগত জননী জন্মভূমি অপেরার পরিবেশনায়…ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা।’
খানিক পরপর ফিরে আসছিল ঘোষণা। ‘সুদূর’ শব্দটিতে দীর্ঘ টান, নাটকীয় উচ্চারণ আর পালার নাম ঘোষণার ভঙ্গি মিলনায়তনে এনে দিচ্ছিল যাত্রার আসরের আবহ।
অবশেষে রাত ৮টা ৩২ মিনিটে মঞ্চে কর্নেট বেজে উঠল। বিপুল করতালিতে শিল্পীদের স্বাগত জানালেন দর্শকেরা। যাত্রা পরিবেশনের ঐতিহ্য মেনে দলীয় দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো ‘দেবী সুলতানা’র প্রথম পর্ব।
পশ্চিমবঙ্গের নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা এই পালায় হাসির পাশাপাশি ছিল দর্শকের চোখ ভেজানো মুহূর্তওপ্রাসাদ বাঁচিয়েও ঠাঁই হলো না দেবীর
পালার কাহিনির পটভূমি নবাব মুর্শিদকুলি খাঁ ও দিনাজপুরের রাজা উদয়নারায়ণের যুদ্ধ। পরাজিত হন উদয়নারায়ণ। বাবার প্রাসাদ রক্ষার আরজি নিয়ে রাজকন্যা দেবী নিজেই চলে যান নবাবের দরবারে। তাঁর কথায় মুগ্ধ হয়ে প্রস্তাব মেনে নেন মুর্শিদকুলি খাঁ। রক্ষা পায় প্রাসাদ।
কিন্তু যে প্রাসাদ বাঁচাতে দেবীর এত চেষ্টা, সেখানে ফিরেই তাঁকে শুনতে হয় সমাজচ্যুতির ঘোষণা। ব্রাহ্মণ ঠাকুরের বিধান—মুসলমান নবাবের দরবারে গিয়ে দেবী কলুষিত হয়েছেন। তাঁকে আর সমাজে গ্রহণ করা যাবে না, বের করে দিতে হবে প্রাসাদ থেকে।
‘দেবী সুলতানা’ যাত্রাপালার একটি দৃশ্যব্রাহ্মণের সেই বিধানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না রাজা। বাবার কাছে আশ্রয় হারিয়ে দেবী এগিয়ে যান প্রেমিক, প্রধান সেনাপতি ধূর্জটি মঙ্গলের দিকে। দেবীকে আশ্রয় দিতে তিনিও এগিয়ে আসেন। কিন্তু ব্রাহ্মণ ঠাকুরের হুঁশিয়ারি শুনে থেমে যান। পিছিয়ে আসেন প্রেমিকার কাছ থেকে।
দেবীর সামনে তখন সব দরজা বন্ধ। বাবার প্রাসাদ রক্ষা করতে গিয়ে তিনি নিজেই আশ্রয়হীন। অপমান আর অভিমানে আত্মহত্যা করতে উদ্যত হন। মঞ্চে তাঁর এই অসহায়ত্ব দেখে চোখ ভিজে ওঠে দর্শকের।
ঠিক সেই মুহূর্তে উপস্থিত হন সুজাউদ্দিন। দেবীকে বোন সম্বোধন করে আত্মহত্যা থেকে নিবৃত্ত করেন। সঙ্গে নিয়ে যান নবাবের কাছে। মুর্শিদকুলি খাঁ তাঁকে ‘বেটি’ বলে আশ্রয় দেন।
‘তোমার মৃত্যু আমি চাইনি’
এরই মধ্যে শক্তি সঞ্চয় করে নবাবের প্রাসাদ আক্রমণ করেন ধূর্জটি মঙ্গল। যুদ্ধের একপর্যায়ে দেবীর অস্ত্রাঘাতেই মৃত্যু হয় তাঁর। যে প্রেমিকের কাছে আশ্রয় চেয়েছিলেন দেবী, নিজের হাতেই তাঁকে হারিয়ে ভেঙে পড়েন।
দেবীর কণ্ঠে শোনা যায়, ‘নাহ, এ আমি চাইনি ধূর্জটি। বিশ্বাস করো, তোমার মৃত্যু আমি চাইনি। চেয়েছিলাম কটু কথা বলে তোমাকে উত্তেজিত করে তোমার হাতেই মরতে।’
সব হারিয়ে শুধু প্রেমিককে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল দেবীর। অথচ শেষ পর্যন্ত তাঁকেও হারাতে হলো। সংলাপ আর অভিনয়ে সেই শোক ছড়িয়ে পড়ে দর্শকের মধ্যেও।
নবাব নিজের মাথার মুকুট খুলে দেবীর মাথায় পরিয়ে দেন। সুজাউদ্দিন তাঁকে বঙ্গেশ্বর ঘোষণা করলে দেবী সংশোধন করে বলেন, ‘আর আমি বঙ্গেশ্বর নই। বঙ্গেশ্বরী—আজ থেকে দেবী সুলতানা।’
‘দেবী সুলতানা’ যাত্রাপালার একটি দৃশ্যএরপর মুর্শিদকুলি খাঁর বিচারের আহ্বান জানান সুজাউদ্দিন। ‘নিশ্চয় বিচার করব’ বলে তরবারি তুলে নেন দেবী। কিন্তু অন্য কাউকে আঘাত না করে নিজের বুকেই বিদ্ধ করেন।
‘বেটি’ বলে আর্তনাদ করে ওঠেন নবাব। দেবী ও ধূর্জটির মিলন ঘটিয়ে নিজের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন তিনি। সেই আশা আর পূরণ হলো না। সুজাউদ্দিনকে নিজের কবরের কথা বলেন মুর্শিদকুলি খাঁ। তাঁর মৃত্যুর পর কবরের গায়ে আগামী দিনের মানুষের উদ্দেশে ক্ষমার আবেদন লিখে দিতে বলেন।
পালা শেষে মুর্শিদকুলি খাঁ চরিত্রের অভিনেতার কাছে এগিয়ে গেলেন রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেনপালা শেষে এক আলিঙ্গন
শেষ দৃশ্য পর্যন্ত মিলনায়তনভর্তি দর্শক ছিলেন না। তবে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। শুরুতে তরবারি দিয়ে বইয়ের পাতা ওল্টানোর ঘটনায় যে আসরে হাসির রোল উঠেছিল, শেষ দৃশ্যে সেখানেই দর্শকের চোখে জল।
পালা শেষে মুর্শিদকুলি খাঁ চরিত্রের অভিনেতার কাছে এগিয়ে গেলেন রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন। অভিনয়ে মুগ্ধ হয়ে জড়িয়ে ধরলেন তাঁকে।

Source - www.prothomalo.com ↗