Bangladesh · 2026-11-29 12:21:46

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াস

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায়, কত ডিগ্রি সেলসিয়াস
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কুয়াশার দাপট কমে যাওয়ায় দিনের বেলা ঝলমলে রোদের দেখা মিললেও রাতভর অনুভূত হচ্ছে ঠান্ডা। আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি সারা দেশের মধ্যেও সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অগ্রহায়ণ মাসের শুরুর দিন থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ আর কুয়াশার সঙ্গে উত্তরের ঝিরিঝিরি বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছিল। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। রাতে ঘুমাতে হচ্ছে কাঁথা-কম্বল গায়ে জড়িয়ে। তবে এক সপ্তাহ ধরে আকাশে মেঘ আর কুয়াশার পরিমাণ কমেছে। এতে বাড়তে থাকে উত্তরের হিমেল বাতাসের দাপট।
আজ সকালে এই তাপমাত্রা নেমে আসে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আকাশ পরিষ্কার থাকায় সকালে সূর্য উঠে রোদের তীব্রতা ছড়ানো শুরু করলে স্বস্তি ফেরে জনমনে। এদিকে উত্তরের আকাশ মেঘমুক্ত হওয়ায় আজ আবারও পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।
সকালে পঞ্চগড় পৌরসভার তুলার ডাঙ্গা এলাকায় জমিতে গরু দিয়ে হালচাষ করছিলেন মো. শাহাজউদ্দিন। তিনি বলেন, ‘রাতিত খুপে ঠান্ডা কইচ্ছে। সকালে উঠে দেখেচু চকচকা রোদ। কিন্তু উত্তর দিক তকা একখান ঠান্ডা বাতাস আসেচে, এইতানে একটু ঠান্ডা ঠান্ডা লাগেছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকালে তেঁতুলিয়ায় এই মৌসুমের এবং সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকাল সকাল ঝলমলে রোদ ওঠায় মানুষের মধ্যে স্বস্তি এসেছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Source - www.prothomalo.com ↗