Bangladesh · 2026-11-29 12:03:13

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি
পেশি গঠন, কোষের বৃদ্ধি ও ক্ষয়পূরণ থেকে শুরু করে রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখা, শরীরের নানা কাজে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খাওয়া প্রয়োজন। কিন্তু প্রতি বেলায় কি প্রোটিন খেতেই হবে?
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘ভেরিওয়েল হেলথ’–এর এক প্রতিবেদনে মার্কিন পুষ্টিবিদ ও একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকসের জাতীয় মুখপাত্র গ্রেস এ ডেরোচা জানিয়েছেন, শরীরের প্রয়োজনীয় প্রোটিন একবারে বেশি পরিমাণে খাওয়ার চেয়ে সারা দিনে ভাগ করে খাওয়া ভালো। এতে পেশি গঠন ও ক্ষয়পূরণে শরীর প্রোটিন আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারে। তবে প্রতি বেলায় নির্দিষ্ট পরিমাণ প্রোটিন খেতেই হবে, এমন কোনো নিয়ম নেই।
দিনে কতটুকু প্রোটিন প্রয়োজন
প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, তা নির্ভর করে বয়স, ওজন, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যের ওপর। সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি কেজি ওজনের বিপরীতে দৈনিক অন্তত শূন্য দশমিক ৮ গ্রাম প্রোটিন প্রয়োজন। সে হিসাবে ৬০ কেজি ওজনের একজন মানুষের দৈনিক প্রোটিনের চাহিদা অন্তত ৪৮ গ্রাম।
তবে যাঁরা শারীরিকভাবে বেশি সক্রিয় কিংবা পেশি গঠন ও ধরে রাখতে চান, তাঁদের প্রোটিনের চাহিদা আরও বেশি হতে পারে। সে ক্ষেত্রে প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন প্রয়োজন হতে পারে। অর্থাৎ ৬০ কেজি ওজনের একজন মানুষের দৈনিক ৭২ থেকে ৯৬ গ্রাম প্রোটিনের প্রয়োজন হতে পারে।
কোন কোন খাবারে প্রোটিন আছে
মাংস প্রোটিনের চাহিদা মেটায়প্রোটিনের চাহিদা মেটাতে শুধু মাংসের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। মাছ, মুরগির মাংস, ডিম, দুধ ও দই প্রোটিনের ভালো উৎস। এ ছাড়া ডাল, ছোলা, মটরশুঁটি, বাদাম ও বিভিন্ন ধরনের বীজ থেকেও প্রোটিন পাওয়া যায়। দিনের বিভিন্ন বেলায় এসব খাবার ঘুরিয়ে–ফিরিয়ে খেতে পারেন।
প্রতিদিন কি দুটি ডিম খাওয়া যায়
ডিম উচ্চমানের প্রোটিনের ভালো উৎস। এতে ভিটামিন বি১২, ভিটামিন ডি, কোলিনসহ শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান আছে। অনেক সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রতিদিন দুটি ডিমও খেতে পারেন। তবে কতটি ডিম খাওয়া উচিত, তা নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য ও সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে কিংবা হৃদ্‌রোগ, ডায়াবেটিস বা কিডনির জটিলতা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো। আর ডিমে অ্যালার্জি থাকলে তা এড়িয়ে চলতে হবে।
হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরিপ্রোটিন খেতে গিয়ে অন্য পুষ্টি উপাদান ভুলে গেলে চলবে না
খাবারে প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি, ফল ও পূর্ণশস্য রাখতে হবে। এসব খাবার থেকে পাওয়া যায় আঁশসহ প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান। অতিপ্রক্রিয়াজাত খাবার, বাড়তি চিনি ও লবণ খাওয়ার পরিমাণও কমাতে হবে। মাখন, চর্বিযুক্ত মাংস, নারকেল তেল ও ক্রিমের মতো স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাবারও পরিমিত খাওয়া উচিত।
প্রতি বেলায় প্রোটিনসমৃদ্ধ কোনো না কোনো খাবার রাখার চেষ্টা করা ভালো অভ্যাস। তবে কোনো এক বেলায় প্রোটিন কম খাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সারা দিনে শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
সূত্র: ভেরি ওয়েল হেলথ
প্রোটিন শেক কি প্রাকৃতিক প্রোটিনের বিকল্প, কাদের বাড়তি প্রোটিন দরকার

Source - www.prothomalo.com ↗