Bangladesh · 2026-11-29 11:50:49

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান

বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান
চট্টগ্রাম নগরে একটি কনসার্ট শেষে ফেরার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান দিয়েছেন একদল তরুণ। স্লোগান দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কনসার্টটির আয়োজন করেছিলেন স্থানীয় বিএনপির নেতারা। স্লোগান দিয়ে যাওয়ার পথে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা বেশ কয়েকজনকে আটক করেন।
গতকাল শনিবার রাতে নগরের পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। পাহাড়তলীর রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আয়োজন করেছিলেন। এর পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন।
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরালগতকাল বিকেলে ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এরপর কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষ হয় রাত সাড়ে নয়টার দিকে। কনসার্টে দেশের বিভিন্ন ব্যান্ড দল গান পরিবেশন করে।
কনসার্ট শেষে যাওয়ার পথে একদল তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেন। এই স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, কনসার্টে হাজার হাজার মানুষ হয়েছিল। কনসার্ট শেষে যাওয়ার পথে পাহাড়তলীর ওয়ার্কশপ গেট ও আমবাগান এলাকায় কিছু ছেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল। বেশিক্ষণ স্লোগান দেননি। কয়েক সেকেন্ড মাত্র। এ সময় আশপাশে থাকা বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় জনগণ ধাওয়া দিয়ে তাদের আটক করে। অন্তত ২০ জনকে আটক করে খুলশী থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, পাহাড়তলী এলাকায় গতকাল রাতে খুলশী থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে জানানো হবে।

Source - www.prothomalo.com ↗