চীন ও তুরস্কের সহায়তায় পাকিস্তানের সামরিক ও মহাকাশ সক্ষমতা বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি। তাঁর মতে, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অবস্থান নির্ণয় ও নেভিগেশন প্রযুক্তিতে প্রবেশাধিকার পেতে পারে পাকিস্তান। এতে দেশটির সামরিক সক্ষমতা আরও বাড়তে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) নয়াদিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা উন্নত হচ্ছে। একই সঙ্গে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব সক্ষমতা বাড়ানোর কাজ করছে। এ ক্ষেত্রে তুরস্কের সহায়তাও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক সম্পর্কে নিরাপত্তাঝুঁকিতে ভারত

তিনি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, অবস্থান নির্ণয় ও নেভিগেশনের ক্ষেত্রে চীনের যেসব সক্ষমতা রয়েছে, সেগুলো পাকিস্তানও কাজে লাগাতে পারে। ভারতের সামরিক পরিকল্পনায় বিষয়টি বিবেচনায় নিতে হবে। এতে পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়তে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় ভারতের নিজস্ব মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য ভারতের ‘স্পেস বেসড সার্ভিল্যান্স’ বা মহাকাশভিত্তিক নজরদারি কর্মসূচির তৃতীয় পর্যায়কে (এসবিএস-৩) গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এই কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ভারতের। ২০২৪ সালের অক্টোবরে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। এতে ব্যয় ধরা হয়েছে ২৬ হাজার ৯৬৮ কোটি রুপি। পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের দায়িত্ব পাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
চীনের মহাকাশ সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। তাঁর বক্তব্য অনুযায়ী, চীন এমন কিছু উন্নত প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত বা সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব। এ অবস্থায় মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে ভারতের প্রস্তুতি জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি ও ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।
Source - www.bd24live.com ↗