Bangladesh · 2026-11-29 13:11:59

জীবনানন্দের ‘আজকে রাতে’: সময়, মানুষ ও পৃথিবীর স্মৃতি

জীবনানন্দের ‘আজকে রাতে’: সময়, মানুষ ও পৃথিবীর স্মৃতি
জীবনানন্দ দাশের কবিতা পড়তে গেলে প্রায়ই একটি বিষয় চোখে পড়ে—কবিতার শুরু আর শেষ একই বৃত্তে বন্দী থাকে না। ব্যক্তিগত অনুভূতি, একান্ত কোনো আকাঙ্ক্ষা, সামান্য উপলক্ষ থেকে শুরু হয়ে ক্রমশ তা পৌঁছে যায় মানবসভ্যতার ইতিহাসে, সময়ের বিবর্তনে কিংবা মহাকালের কোনো গভীর উপলব্ধিতে।
‘আজকে রাতে’ কবিতাটির কথাই ধরা যাক। প্রথম দু-একটি লাইন পড়লে মনে হতে পারে, একজন মানুষ হয়তো আরেকজন মানুষের সান্নিধ্য চাইছেন। নির্জন রাত, অনুকূল পরিবেশ, প্রকৃতির নিবিড় উপস্থিতি—সব মিলিয়ে যেন দুজন মানুষের মুখোমুখি বসে কথা বলার একান্ত অবকাশ তৈরি হয়েছে। কিন্তু কবিতার দ্বিতীয় লাইন থেকে সেই ব্যক্তিগত আকাঙ্ক্ষার পরিসর বদলাতে শুরু করে। অন্তরঙ্গ কথোপকথনের সম্ভাবনা ক্রমশ সরে যায় বৃহত্তর এক বৌদ্ধিক ভাবনার দিকে। ব্যক্তিগত মুহূর্তকে অবলম্বন করে জীবনানন্দ তখন মানুষের দীর্ঘ ইতিহাস, সভ্যতার প্রবাহ ও সময়ের গভীরতর কোনো সত্যকে ছুঁয়ে যান।
‘আজকে রাতে তোমায় আমার কাছে পেলে কথা বলা যেত; চারিদিকে হিজল শিরীষ নক্ষত্র ঘাস হাওয়ার প্রান্তর।’
মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫শুরুতেই জীবনানন্দের চেনা প্রকৃতি চোখে পড়ে। হিজল, শিরীষ, নক্ষত্র, ঘাস, হাওয়া—সব মিলিয়ে তৈরি হয় প্রকৃতির এক নিবিড় আবহ। সেখানে হয়তো দুজন মানুষের কথোপকথন হতে পারত। ‘বলা যেত’ কথাটির মধ্যে একটা অসম্পূর্ণতা আছে। কথা বলা হচ্ছে না, অথচ বলার সম্ভাবনাটি প্রবল। এই সম্ভাবনাই কবিতার আবেগের প্রথম ভিত্তি। তবে জীবনানন্দ সেই আবেগের পথ ধরে বেশি দূর এগোন না। ‘কিন্তু’ শব্দটি দিয়ে তিনি কবিতার গতিপথ বদলে দেন, পাঠককে নিয়ে যান সম্পূর্ণ অন্য এক চিন্তার জগতে।
‘কিন্তু যেই নিট নিয়মে ভাবনা আবেগ ভাব বিশুদ্ধ হয় বিষয় ও তার যুক্তির ভেতর;’
এখানে কবিতার ভাষা হঠাৎ দার্শনিক হয়ে ওঠে। ভাবনা, আবেগ ও ভাব—এই তিন শব্দকে জীবনানন্দ বিষয় ও যুক্তির সঙ্গে জুড়ে দেন। ব্যক্তিগত অনুভূতি তাঁর কাছে স্বতন্ত্র অবস্থানে সম্পূর্ণ নয়। এসব বুঝতে হলে বিষয়ের ভেতরে যেতে হয়। যুক্তি ও নিয়মের মুখোমুখি হতে হয়। কবিতার ভাষা ইচ্ছাকৃতভাবেই কিছুটা বিমূর্ত হয়ে ওঠে। জীবনানন্দ এখানে আবেগ প্রকাশের চেয়ে আবেগকে চিন্তার ভেতর দিয়ে দেখার চেষ্টা করছেন। প্রেমের সম্ভাবনা থেকে কবিতা সরে আসছে জ্ঞান ও উপলব্ধির প্রশ্নে।
এই বাঁকটির সঙ্গে ইংরেজি আধুনিক কবিতার একটি পরিচিত প্রবণতার মিল খুঁজে পাওয়া যায়। টি এস এলিয়টের (১৮৮৮-১৯৬৫) কবিতায় ব্যক্তিমানুষের অনুভূতি প্রায়ই সাংস্কৃতিক স্মৃতি ও ইতিহাসের সঙ্গে মিশে যায়। ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ কবিতায় আমরা দেখি ব্যক্তিমানুষের বিচ্ছিন্নতা, নগরসভ্যতার ক্লান্তি ও ইউরোপীয় সংস্কৃতির ভাঙাচোরা স্মৃতি। ব্যক্তিগত অভিজ্ঞতা সেখানে ধীরে ধীরে গোটা সভ্যতার সংকটে রূপ নেয়।
মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৪আবার ‘ফোর কোয়ার্টেটস’ কবিতায় এলিয়ট অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে বিচ্ছিন্ন সময় হিসেবে না দেখে, ত্রিকালের উপস্থিতি একসঙ্গে অনুভব করেন।
জীবনানন্দের কবিতাও ব্যক্তিগত মুহূর্ত থেকে ইতিহাসের দিকে এগোতে থাকে। তবে যাত্রাপথ আলাদা। এলিয়টের কাছে ইতিহাস অনেক সময় ধর্মীয় ও সাংস্কৃতিক স্মৃতির ভর বয়ে বেড়ায়। জীবনানন্দের কাছে প্রকৃতি, ভূগোল, আর প্রাণের বিবর্তন মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে। জীবনানন্দ বলেন-
‘আমিও সেই ফলাফলের ভিতরে থেকে গিয়ে/ দেখেছি ভারত লন্ডন রোম নিউইয়র্ক চীন/ আজকে রাতের ইতিহাসও মৃত ম্যামথ সব/ নিবিড় নিয়মাধীন।’
‘আজকে রাতে’ কবিতার এই বিস্ময়কর ব্যাপ্তি পাঠককে মুগ্ধ করে। ভারত, লন্ডন, রোম, নিউইয়র্ক, চীন—পৃথিবীর বিচিত্র সভ্যতা ও ভূগোলের পাশাপাশি হঠাৎ এসে পড়ে ‘মৃত ম্যামথ’। সভ্যতার ইতিহাস আর প্রাগৈতিহাসিক জীবনের ইতিহাস একই লাইনে জায়গা করে নেয়। একটা রাতের মধ্যে যেন পৃথিবীর দীর্ঘ সময় এসে পড়ে। আধুনিক শহর, প্রাচীন সভ্যতা, বিলুপ্ত প্রাণী সব একই অস্তিত্বের ধারাবাহিক অংশ হয়ে যায়।
ম্যামথ আধুনিক মানুষের আবির্ভাবের অন্তত ৪৭ লাখ বছর আগে পৃথিবীতে এসেছিল। মানব সভ্যতার ইতিহাস কয়েক হাজার বছরের হলেও পৃথিবীর ইতিহাস অনেক পুরোনো। জীবনানন্দ দুই সময়কে পাশাপাশি রেখে মানুষের আত্মকেন্দ্রিক ইতিহাসবোধকে একটু সরিয়ে দেন। ভারত, রোম কিংবা নিউইয়র্কের ব্যস্ত শহরের পাশে একটি বিলুপ্ত প্রাণীর নাম বসিয়ে মনে করিয়ে দেন, পৃথিবীর অস্তিত্ব মানুষের ইতিহাস দিয়ে শুরু হয়নি, মানুষের ইতিহাসে শেষও হবে না।
এখানেও ‘ফোর কোয়ার্টেটস’ কবিতার তুলনাটি আবার ফিরে আসে। তাঁর চারটি দীর্ঘ কবিতার সংকলন ‘ফোর কোয়ার্টেটস’-এর প্রথম কবিতা ‘বার্ন্ট নর্টন’। এই কবিতার শুরুতেই এলিয়ট লিখেছেন,
‘Time present and time past/
Are both perhaps present in time future/ And time future contained in time past.’
এই পঙক্তিগুলোর বাংলা ভাবার্থ দাঁড়ায়-
বর্তমান সময় ও অতীত সময়
হয়তো দুটিই ভবিষ্যৎ সময়ের মধ্যে বর্তমান
আর ভবিষ্যৎ সময়ও অতীত সময়ের মধ্যে নিহিত।
সময়ের বিভিন্ন স্তর এখানে পরস্পরের ভেতরে প্রবেশ করে। জীবনানন্দও বর্তমান রাতের ভেতর দিয়ে অতীতের বিস্তৃত সময়কে অনুভব করছেন। তবে জীবনানন্দের কাব্যিক উপাদান আরও বেশি জৈবিক, আরও বেশি ভূতাত্ত্বিক। ইতিহাসের সঙ্গে বিলুপ্ত প্রাণী, নদী, নক্ষত্র ও প্রতিদিনের প্রকৃতি একাকার হয়ে যায়। সময় এখানে মানুষের স্মৃতির বিষয় নয়, পৃথিবীর সমস্ত অস্তিত্বের অভিজ্ঞতা।
এরপর জীবনানন্দ আবার ফিরে আসেন সেই অনুপস্থিত মানুষটির কাছে।
‘কোথায় তুমি রয়েছ কোন পাশার দান হাতে:/ কী কাজ খুঁজে; সকল অনুশীলন ভালো নয়;’
এই প্রত্যাবর্তনটি লক্ষ্য করার মতো। এতক্ষণ পৃথিবীর ইতিহাস ও মহাকালের কথা বলার পরেও তিনি ব্যক্তিগত প্রশ্নটি হারিয়ে ফেলেননি। তবে প্রশ্নটি এখন আরও জটিল। অন্য মানুষটি কোথায়, কী নিয়ে ব্যস্ত, জীবনের কোন অনিশ্চিত খেলায় তার অবস্থান—জীবনানন্দ তা জানেন না। পাশার দান আকস্মিকতা ও অনিশ্চয়তার অন্য নাম। কখনো কখনো মানবজীবন নিজের পরিকল্পনার চেয়ে অজানা নিয়তির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে।
‘সকল অনুশীলন ভালো নয়’ লাইনটি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা। অনুশীলন বলতে এখানে শুধু বিদ্যা বা শিল্পচর্চা বোঝানো হয়নি। মানুষের অভ্যাস, অর্জিত জ্ঞান, চিন্তার পদ্ধতি, জীবনযাপনের রীতিও এর মধ্যে পড়ে। সব চর্চা সত্য নয়। কিছু চর্চা মানুষকে অভ্যস্ত করে তোলে, মুক্ত করে না। এই সংশয় জীবনানন্দের আধুনিক মননের পরিচয় দেয়। তিনি জ্ঞান ও যুক্তির প্রতি আস্থাশীল ছিলেন। তবে সেগুলোকে প্রশ্নের ঊর্ধ্বে মনে করতেন না।
এমন সংশয়ের একটা দূরবর্তী তুলনা আমরা পাই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের (১৭৭০-১৮৫০) ‘টিনটার্ন অ্যাবে’ কবিতায়। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কাছে ফিরে এসে নিজের পুরোনো অনুভূতি, স্মৃতি ও মানসিক উৎকর্ষ নুতন করে বোঝার চেষ্টা করেন। প্রকৃতি তাঁর কাছে শুধু শান্তির দৃশ্য নয়, চৈতন্যের যাত্রা। জীবনানন্দের কবিতায়ও প্রকৃতি দৃশ্যের সীমা ছাড়িয়ে সময় ও অভিজ্ঞতার ধারক হয়ে ওঠে। ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতিতে যদিও নৈতিক ও আত্মিক আশ্রয় মেলে, তবে জীবনানন্দের প্রকৃতি অনেক বেশি রহস্যময়, ইতিহাসের ভারে সমৃদ্ধ, মানুষের অস্তিত্বের প্রতি নির্লিপ্ত। তাঁর নদী ও নক্ষত্র মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য অপেক্ষা করে না, নিজেদের দীর্ঘ অস্তিত্বের মধ্যে মানুষের জীবনকেও ধরে রাখে।
কবিতার শেষ দুটি লাইন তাই আগের সমস্ত ভাবনাকে নতুন অর্থ দেয়।
‘গভীরভাবে জেনেছি যেসব সকাল বিকাল নদী নক্ষত্রকে/ তারই ভেতর প্রবীণ গল্প নিহিত হয়ে রয়।’
আলোচনার এ পর্যায়ে জেরার্ড ম্যানলি হপকিন্সের (১৮৪৪-১৮৮৯) প্রকৃতিবোধের কথা না বললেই নয়। হপকিন্সের কবিতায় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপের মধ্যে এক গভীর অন্তর্নিহিত সত্তা কাজ করে। জীবনানন্দের ‘প্রবীণ গল্প’ ধারণাটি আরও বিস্তৃত। তাঁর কাছে প্রকৃতি শুধু সৌন্দর্যের লীলাভূমি নয়। প্রকৃতিতে সময়ের স্তর জমা হয়। প্রাণের জন্ম ও বিলুপ্তির ইতিহাস থেকে যায়। দৃশ্যমান পৃথিবীর কোনো কিছুই একেবারে নতুন বা ইতিহাস বিচ্ছিন্ন নয়। একটা নদীর বর্তমান প্রবাহের ভেতরে আছে তার দীর্ঘ অতীত। আজকের রাতটিও শুধু সময়ের পুনরাবৃত্তি নয়, পুরোনো পৃথিবীর অবিরাম উত্তরাধিকার।
*অমৃতা ইশরাত: লেখক ও ব্যাংকার

Source - nagorik.prothomalo.com ↗