Bangladesh · 2026-11-29 14:25:42

ভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭

ভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্র উপকূলে একটি নৌযান থেকে ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগরপথে তাঁদের মালয়েশিয়া নেওয়ার চেষ্টা চলছিল। অভিযানে সাত ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তিরা মানব পাচারের সঙ্গে যুক্ত বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

আজ রোববার ভোরে টেকনাফ মেরিন ড্রাইভের পশ্চিমে সাগরে এই অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশের নাগরিক। অন্যরা কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড। সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে গতকাল শনিবার রাতে তাঁদের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন ঘাট দিয়ে ট্রলারে তোলা হয়।

আজ সকাল ১০টায় ট্রলারসহ ৩১৭ জনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কোস্টগার্ড ও স্থানীয় লোকজন জানান, উদ্ধার হওয়া ৩১৭ জনকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে। পুরুষদের মালয়েশিয়ায় ভালো চাকরি এবং মেয়েদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁদের প্রথমে টেকনাফে আনা হয়। এরপর তাঁদের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পাহাড়ের বিভিন্ন আস্তানায় কয়েক দিন আটকে রাখেন মানব পাচারকারী দলের সদস্যরা। গতকাল রাতে তাঁদের ছোট ছোট দলে ভাগ করে মেরিন ড্রাইভসংলগ্ন সৈকত ও ঘাট দিয়ে নৌকায় তোলা হয়। পরে মাঝসাগরে অপেক্ষমাণ একটি বড় নৌযানে তুলে দেওয়া হয় তাঁদের। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে ওই নৌযানসহ ৩১৭ জনকে উদ্ধার করে টেকনাফে নিয়ে আসে। একই সঙ্গে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।

The post ভালো চাকরি আর বিয়ের আশ্বাসে সাগরপথে নেওয়া হচ্ছিল মালয়েশিয়া, ৩১৭ জন উদ্ধার, আটক ৭ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗