চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে একটি ভবন নির্মাণে বাধা দিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান চৌধুরী (৭৩) বাদী হয়ে গতকাল শনিবার খুলশী থানায় মামলাটি করেন।
মামলায় বাবলু, মো. আলাউদ্দিন, মো. সাদ্দাম, ফাহিম, শুক্কুর ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকেও আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, শাহজাহানের স্ত্রীর কেনা জমিতে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হলে আসামিরা কাজে বাধা দেন। তাঁরা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সেখানে কাজ করতে দেবেন না বলে জানান।
বাদীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আসামিরা দক্ষিণ খুলশীর ওই জমিতে ঢুকে নিরাপত্তাকর্মী হাজী আহমেদকে (২৯) মারধর করেন। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বাবলু। অন্যরা তাঁকে কিল–ঘুষি ও লাথি মারেন। নির্মাণশ্রমিকদেরও মারধর করে বের করে দেওয়া হয়।
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
চাঁদা না দিলে জমির মালিকসহ সবাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। আহত নিরাপত্তাকর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আসামিদের বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীকে মারধরের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Source - www.prothomalo.com ↗