Bangladesh · 2026-11-29 14:02:41

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন বিষয়ের বই পরিমার্জন করা হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। তবে এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য। ২০২৭ সালে বইগুলো আবার পরিবর্তন হবে। কারণ, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। বদলে যাবে পাঠ্যবইও।
এ জন্য কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির আগে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও চাহিদা নিরূপণ করা হচ্ছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে শিক্ষাক্রমের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিটিবি। এ বিষয়ে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে।
তবে নতুন শিক্ষাক্রম একসঙ্গে সব শ্রেণিতে চালু হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে, এটি নিশ্চিত। তবে বিদ্যমান শিক্ষাক্রম পুরোপুরি বাদ না দিয়ে প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় যুক্ত করে তা পরিমার্জনের চিন্তা রয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়, তৃতীয় ভাষা শেখানোসহ কয়েকটি বিষয় এতে গুরুত্ব পাবে। কোন শ্রেণি থেকে কারিগরি শিক্ষা যুক্ত হবে, তা-ও নির্ধারণ করা হবে।
এ কে এম শওকত আলী, অধ্যাপক ও এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম)শিগগিরই শিক্ষাক্রমের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারা যাবে।

শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, এ বিষয়ে ইতিমধ্যে দুটি বৈঠক হয়েছে। সেখানে সরকারের কাছ থেকে দুটি বিষয়ে স্পষ্ট নির্দেশনা চাওয়ার কথা বলা হয়েছে। প্রথমত, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো বিভাগ বিভাজন নবম শ্রেণি থেকে হবে, নাকি একাদশ শ্রেণি থেকে—এ বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন। দ্বিতীয়ত, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় কীভাবে করা হবে, তা জানতে চাওয়া হয়েছে।
এই দুটি বিষয়ে সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর শিক্ষাক্রম প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে। কারণ, শিক্ষাক্রম তৈরির ক্ষেত্রে সরকারের লক্ষ্য ও পরিকল্পনা জানা জরুরি বলেও সূত্রটি জানিয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির ৯৯টি এবং প্রাথমিক স্তরের ৩৬টি বই পরিমার্জন করা হয়েছে। ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে।একটি শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা কী শিখবে, কেন শিখবে এবং কীভাবে শিখবে, তার সামগ্রিক দিকনির্দেশনা হলো শিক্ষাক্রম। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কীভাবে মূল্যায়ন করা হবে, সেটিও এর অংশ। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই শিক্ষাক্রম তৈরি ও পরিমার্জন করা হয়। এ কারণে শিক্ষাক্রমকে বলা হয় ‘শিক্ষার সংবিধান’।
বিভাগ বিভাজন ও মূল্যায়ন নিয়ে প্রশ্ন
২০২২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছিল। সেই শিক্ষাক্রমে ২০২৪ সালে নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়। সিদ্ধান্ত ছিল, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই শিক্ষাক্রমে পড়বে। একাদশ শ্রেণিতে গিয়ে তারা বিভাগ বেছে নেবে।
তারিক মনজুর, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এক বিষয় নয়। কিন্তু প্রায়ই এ দুটিকে এক করে দেখা হয়। শিক্ষক-অভিভাবকদের পাশাপাশি বিশেষজ্ঞদের একাংশও এ পার্থক্য বিবেচনায় নেন না। ফলে পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠলেও অনেক সময় এর দায় শিক্ষাক্রমের ওপর চাপানো হয়। সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই সময়ের প্রয়োজন অনুযায়ী যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে।

কিন্তু ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ওই শিক্ষাক্রম থেকে সরে আসে। ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে নবম শ্রেণি থেকেই আবার বিভাগ বিভাজন চালু করা হয়। এখনো মাধ্যমিক স্তরে নবম শ্রেণিতে শিক্ষার্থীদের বিভাগ বেছে নিতে হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত উন্নয়নের জন্য একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে গঠিত ওই কমিটি দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন শিক্ষাক্রম চালুর সুপারিশ করে। তাদের প্রস্তাব ছিল, একাদশ শ্রেণি থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো বিভাগ বেছে নেবে।
কমিটির মতে, নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে ভাগ করা সুবিবেচিত সিদ্ধান্ত নয়। দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন শিক্ষাক্রম চালু রাখা উচিত।
মাধ্যমিক পর্যায়ে মূল্যায়নব্যবস্থা নিয়েও সুপারিশ করেছিল কমিটি। তাদের প্রস্তাব ছিল, সব বিষয়ে পাবলিক পরীক্ষা না নিয়ে মূল দক্ষতাসংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়া। এ ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সমাজপাঠ ও বিজ্ঞান বিষয়ে পাবলিক পরীক্ষা সীমিত রাখার প্রস্তাব করা হয়।
শিক্ষায় ঘন ঘন পরিবর্তনের প্রভাব দেখা দরকার
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির ৯৯টি এবং প্রাথমিক স্তরের ৩৬টি বই পরিমার্জন করা হয়েছে। ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বই যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
চতুর্থ শ্রেণির নতুন বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।
ইতিহাসের বইয়ে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করা হচ্ছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি নিবন্ধও পাঠ্যবইয়ে রাখা হচ্ছে। নবম-দশম শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হচ্ছে তাঁর লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ নিবন্ধ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা-সম্পর্কিত বর্ণনাতেও পরিবর্তন আনা হচ্ছে।
এর আগে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৫ ও ২০২৬ সালের পাঠ্যবইয়েও এ আন্দোলনের বিষয়বস্তু যুক্ত করা হয়েছিল। ইতিহাসের অন্যান্য বিষয়েও পরিবর্তন আনা হয়।
এবার আবার ২০২৮ সাল থেকে পুরো শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা কী শিখবে, কীভাবে শিখবে এবং তাদের শেখার মূল্যায়ন কীভাবে হবে, তা নতুন করে নির্ধারণ করা হবে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক এ কে এম শওকত আলী খান প্রথম আলোকে বলেন, শিগগিরই শিক্ষাক্রমের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারবেন বলে তাঁরা আশা করছেন।
এ কে এম শওকত আলী খান জানান, প্রস্তাবিত শিক্ষাক্রম সামনে রেখে এনসিটিবির উদ্যোগে ২৯ নভেম্বর বিকেলে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক সুধীজন সংলাপের আয়োজন করা হয়েছে।
তবে শিক্ষায় ঘন ঘন পরিবর্তনের প্রভাব শিক্ষার্থীদের ওপর কতটা পড়ছে, তা বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষাসংশ্লিষ্ট অনেক সিদ্ধান্তও বদলে যায়। এমনকি ইতিহাসের বিষয়বস্তুতেও পরিবর্তন আসে। শিক্ষাকে যতটা সম্ভব দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখা গেলে তা শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার জন্য ভালো হবে।
সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল। এতে পাঠদানের পদ্ধতি, শিখন কার্যক্রম ও মূল্যায়নব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়। ওই শিক্ষাক্রম অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে পাঠদান শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল, ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা চালু হবে। এর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণি নতুন শিক্ষাক্রমের আওতায় আসার কথা ছিল।
কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যায়। প্রাথমিক স্তরে অবশ্য ২০২১ সালে প্রণীত শিক্ষাক্রমের ধারাবাহিকতা এখনো রয়েছে। যদিও পাঠ্যবইয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার বিস্তৃত আলোচনা ও পরামর্শ ছাড়াই এক যুগ আগের পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে তখন পক্ষে-বিপক্ষে নানা মত তৈরি হয়। কেউ কেউ একে তৎকালীন পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ হিসেবে দেখেছিলেন। তবে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার পর ভবিষ্যতে শিক্ষাক্রম কীভাবে পরিবর্তন করা হবে, সে বিষয়ে দৃশ্যমান অগ্রগতি ছিল না।
গত বছরের জুনে তৎকালীন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছিলেন, ২০২৭ সাল থেকে পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে। প্রথমে ষষ্ঠ শ্রেণিতে তা চালুর পরিকল্পনা ছিল। পরে ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করার কথা ছিল। কিন্তু এরপর শিক্ষাক্রম প্রণয়নের কমিটি গঠন বা রূপরেখা তৈরির কাজ আর এগোয়নি।
এখন ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন অধ্যাপকের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রথমে নতুন শিক্ষাক্রম তৈরির কথা বলা হলেও এখন বিদ্যমান শিক্ষাক্রমের সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন ও নতুন বিষয় যুক্ত করে বিস্তৃত পরিমার্জনের সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১ শতাংশের বেশিপ্রাথমিক ও মাধ্যমিকের সমন্বয় জরুরি
শিক্ষাক্রম পরিবর্তনের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় একটি বড় বিষয়। বর্তমানে এ দুই স্তরের শিক্ষাক্রমের কাঠামো এক নয়। মাধ্যমিকে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে গেলেও প্রাথমিক স্তরে ২০২১ সালে প্রণীত শিক্ষাক্রমের ধারাবাহিকতা রয়েছে। ফলে এক স্তর থেকে পরের স্তরে যাওয়ার সময় শিক্ষার্থীদের পাঠ্যবিষয় ও পড়ার চাপের মধ্যে সামঞ্জস্য থাকছে কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন।
এনসিটিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় জরুরি। শিক্ষাক্রম অনুযায়ী শ্রেণিভিত্তিক বইয়ের সংখ্যা ও বিষয়বস্তু নিয়েও নতুন করে ভাবতে হবে।
ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে একজন শিক্ষার্থী ছয়টি বই পড়ে। কিন্তু এক বছরের ব্যবধানে ষষ্ঠ শ্রেণিতে গিয়ে তার হাতে ১৩টি বই তুলে দেওয়া হয়। এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত, তা বিবেচনায় নেওয়া দরকার।
শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের বয়স, শেখার সক্ষমতা ও শ্রেণিভিত্তিক শিখনফল বিবেচনা করেই বইয়ের সংখ্যা ও বিষয়বস্তু নির্ধারণ করা উচিত। প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা যে দক্ষতা অর্জন করে, তার ভিত্তিতেই মাধ্যমিকের পাঠ পরিকল্পনা করতে হবে। তা না হলে এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
২০২৮ সালে নতুন শিক্ষাক্রম বা বড় ধরনের পরিমার্জনের পরিকল্পনার কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সম্প্রতি প্রথম আলোকে বলেন, শিক্ষাক্রম পরিবর্তনের মূল লক্ষ্য হবে শিক্ষার মান বাড়ানো এবং শিক্ষাকে সময়োপযোগী করা। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা ও দক্ষতা বাড়ানো এবং প্রাথমিকের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষাক্রমের সমন্বয় নিশ্চিত করা হবে।
যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন দরকার
শিক্ষাবিদদের মতে, শিক্ষাক্রম পরিবর্তনের সময় শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু বদলালেই হবে না। শিক্ষার্থীরা কী শিখবে, কী ধরনের দক্ষতা অর্জন করবে এবং সেই শিক্ষা বাস্তব জীবনে কতটা কাজে লাগবে, সেদিকে গুরুত্ব দিতে হবে। এ জন্য দক্ষতাভিত্তিক শিক্ষা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক, প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ ও মূল্যায়নব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, বর্তমানে দেশে ২০১২ সালের শিক্ষাক্রম চালু রয়েছে। এটি অনেকটা ২০০২ সালের শিক্ষাক্রমের মতো। অথচ বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাক্রমে পরিবর্তন এনে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের রূপান্তর ঘটিয়েছে।
তারিক মনজুরের মতে, ২০২২ সালে চালু হওয়া শিক্ষাক্রমটি পদ্ধতিগতভাবে ভালো ছিল। তবে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মিলিয়ে এতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন ছিল।
প্রাথমিক ও মাধ্যমিকে খেলাধুলা, সংস্কৃতিসহ চার বই যুক্ত হচ্ছে, কী শেখানো হবেতারিক মনজুর বলেন, যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের একাংশও বাধা হয়ে দাঁড়ান। তাঁরা প্রচলিত পদ্ধতিতে অভ্যস্ত। তাই নতুন পরিবর্তন সহজে গ্রহণ করতে চান না।
তারিক মনজুর আরও বলেন, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এক বিষয় নয়। কিন্তু প্রায়ই এ দুটিকে এক করে দেখা হয়। শিক্ষক-অভিভাবকদের পাশাপাশি বিশেষজ্ঞদের একাংশও এ পার্থক্য বিবেচনায় নেন না। ফলে পাঠ্যবইয়ের কোনো বিষয়বস্তু নিয়ে আপত্তি উঠলেও অনেক সময় এর দায় শিক্ষাক্রমের ওপর চাপানো হয়।
এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই সময়ের প্রয়োজন অনুযায়ী যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে বলে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।
পাঠ্যবইয়ে বড় পরিবর্তন আসছে, নব্বইয়ের গণ-অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকাসহ নতুন কী কী যুক্ত হচ্ছে

Source - www.prothomalo.com ↗