আগুন নিয়ন্ত্রণে আসার পর স্বস্তি ফিরেছিল উখিয়ার ছোট ইনানীতে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। গ্যাসের আগুন নেভানোর দুই দিন পর সেখানে আবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের সাত সদস্য দগ্ধ হয়েছেন। রোববার দুপুরে ঘটনাস্থলে সার্ভে কার্যক্রম চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভানোর পর ঘটনাস্থলে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে বাপেক্সের সাত সদস্য আহত হন।
দগ্ধদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
আগুন নেভানোর দুই দিন পর ইনানীতে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ সদস্য দগ্ধ

এর আগে টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন শুক্রবার (২৭ নভেম্বর) বাপেক্সের অভিযানে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর গ্যাসের উৎস ও পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে সার্ভে কার্যক্রম শুরু করে সংস্থাটি। সেই কার্যক্রম চলাকালেই রোববার নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী ব্রিজসংলগ্ন এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। টানা এক মাস আগুন জ্বলার পর তা নিয়ন্ত্রণে আনে বাপেক্স। আগুন নিয়ন্ত্রণের পর নতুন করে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলের নিরাপত্তা ও গ্যাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
Source - www.bd24live.com ↗