Bangladesh · 2026-11-29 16:03:30

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তেজনা। কখনো সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ আছে দুই দেশের সমর্থকদেরও। এবার এক পাকিস্তানি সমর্থক সরাসরি ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে অনুরোধ করলেন, তরুণ ভারতীয় ক্রিকেটারদের যেন মাঠে ঝগড়াঝাঁটি না করতে বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে দেখা হয়েছে হরভজনের। দুই দেশের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুই দেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে বাগ্‌বিতণ্ডার প্রসঙ্গ তোলেন ওই সমর্থক। তাঁর অনুরোধ, ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু অসম্মান যেন কোনোভাবেই সীমা ছাড়িয়ে না যায়।
হরভজনকে ওই সমর্থক বলেন, ‘কেমন আছেন? দয়া করে তরুণ ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে। এটা ক্রিকেট। আমার শুধু এই অনুরোধটুকুই।’
কথার একপর্যায়ে ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দ্যের প্রসঙ্গও টানেন তিনি। হরভজনের খেলার সময় দুই দেশের ক্রিকেটারদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটি মনে করিয়ে দিয়ে ওই সমর্থক বলেন, নতুন প্রজন্মের ক্রিকেটারদের এমন আচরণ ভালো দৃষ্টান্ত তৈরি করছে না। তাঁর কথায়, ‘আপনারা যখন পাকিস্তানে আসেন, আমরা কি আপনাদের ভালোবাসা দিয়ে বরণ করি না? আমরা সারা বিশ্বে ঘুরে বেড়াই, একসঙ্গে থাকি, ভালোবাসা ভাগাভাগি করি। আমাদের বয়োজ্যেষ্ঠদের মধ্যে একে অপরের প্রতি এত ভালোবাসা। অথচ তরুণেরা একে অপরের সঙ্গে ঝগড়া করছে। দয়া করে তাদের বলবেন, যেন এমনটা না করে।’
Chacha T20 and Harbhajan Singh request Pakistan and India players to be in the limits and do not fight on the field.

VC: Chacha T20

#Cricket | #Pakistan | #HarbhajanSingh | #ILT20 | #India https://t.co/0XKQf2P5jz
— Khel Shel (@khelshel) November 28, 2026
জবাবে বেশ পরিণত আচরণই করেছেন হরভজন। তরুণ ক্রিকেটারদের তিনি সব সময়ই সীমা না ছাড়ানোর পরামর্শ দেন বলে জানান ভারতের সাবেক এই স্পিনার। তাঁর উত্তর, ‘আমরাও তাদের বিনয়ী ও মাটির কাছাকাছি থাকতে বলেছি।’
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটের দ্বৈরথে উত্তেজনার পারদ বেশ চড়েছে। গত সপ্তাহে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা বারবার ঝামেলায় জড়ান, হাতাহাতিরও উপক্রম হয় একাধিকবার। এ ছাড়া গত বছরের এশিয়া কাপ থেকে শুরু দুই দেশের জাতীয় দল, ‘এ’ দল ও বয়সভিত্তিক অধিনায়ক ও খেলোয়াড়দের মধ্যে ‘হ্যান্ডশেক’ও বন্ধ আছে।
টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড

Source - www.prothomalo.com ↗