Bangladesh · 2026-11-29 16:39:43

ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে বিস্ফোরণ অফিস পাড়ায় আতঙ্ক

ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে বিস্ফোরণ অফিস পাড়ায় আতঙ্ক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অফিস পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এ সাধারণ ডায়রিটি করেছেন।

সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অফিস ছুটির পর সমবায় অফিসের অফিস সহায়ক নাজমুল হক কচি কলাপসিবল গেইট বন্ধ করে অফিস ত্যাগ করেন।

২৭ ও ২৮ নভেম্বর ছিল সাপ্তাহিক ছুটির দিন। অফিস ছিল ফাঁকা। ২৯ নভেম্বর সকাল ৮টা ৫৫মিনিটে যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার সাজেদুল করিম গেইট খুলে প্রবেশ করে দেখতে পান যুব উন্নয়ন ও সমবায় অফিসের মাঝামাঝি স্থানে কাঁচের বোতলের ভাঙ্গা টুকরো এবং দেয়ালের কিছু অংশ পুড়ে কালো দাগ লেগে আছে। এসময় নির্বাহী অফিসের নাইটগার্ড মতিউর রহমানও ঘটনাস্থলে এসে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করলে ওসি সাজ্জাদ রোমন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং আলামত জব্দ করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জানান, গত শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করে বিস্ফোরণকারীদের কোন তথ্য পাওয়া যায়নি। উপজেলা পরিষদ চত্বরে গ্রামপুলিশ এবং আমার অফিসের নৈশ প্রহরী প্রহরারত ছিল। কিন্তু তারা কিছুই টের পায়নি। বিষয়টি কিছুই বুঝতে পারছিনা। রাতে বেশ কয়েকবার বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। ধারণা করা যায় এসময় ঘটনাটি ঘটতে পারে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে ভিডিও ফুটেজেও কোন তথ্য পাওয়া যায়নি।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Source - www.bd24live.com ↗