নীলফামারী গাছবাড়ি বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

পুলিশ জানায়, স্থানীয়রা আইজুল ইসলামের পুকুরপাড়ে লাল স্কচটেপে মোড়ানো চারটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।

ওসি জিল্লুর রহমান জানান, ককটেল সদৃশ বস্তুগুলো বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।